যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আগামী সপ্তাহে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে অ্যান্ডি বার্নহামের। এরই মধ্যে তার সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে অর্থমন্ত্রী পদে কে আসছেন, তা নিয়ে চলছে নানা জল্পনা। সর্বশেষ রাজনৈতিক আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে এই পদের সবচেয়ে সম্ভাবনাময় মুখ হিসেবে দেখা হচ্ছে।
অর্থমন্ত্রী পদে শাবানা মাহমুদ এগিয়ে
দলীয় পর্যায়ের আলোচনার সঙ্গে পরিচিত একাধিক জ্যেষ্ঠ নেতার ধারণা, শাবানা মাহমুদকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। যদিও অ্যান্ডি বার্নহামের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পরই নতুন মন্ত্রিসভার ঘোষণা আসতে পারে।
এড মিলিব্যান্ডকে ঘিরে মতভেদ
অর্থমন্ত্রী হিসেবে এড মিলিব্যান্ডের নামও আলোচনায় ছিল। তার সমর্থকদের দাবি, অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনার সক্ষমতা রয়েছে তার। তবে দলের একটি অংশের আশঙ্কা, তাকে এই দায়িত্ব দিলে সরকার অপ্রয়োজনীয় সমালোচনার মুখে পড়তে পারে এবং বাজারেও নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি থাকবে।
দলীয় অনেকের মতে, ২০১৫ সালের নির্বাচনে লেবার পার্টির পরাজয়ের নেতৃত্ব দেওয়া একজন নেতাকে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদে বসানো রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে পারেন মিলিব্যান্ড
রাজনৈতিক আলোচনায় আরও ইঙ্গিত মিলেছে, এড মিলিব্যান্ডকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। একই সঙ্গে তাকে সরকারের জ্যেষ্ঠ সমন্বয়মূলক একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে আলোচনা চলছে।
অন্যদিকে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আনার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। অপরাধ দমনে কঠোর অবস্থানের জন্য পরিচিত হলেও অভিবাসন ইস্যুতে তাকে তুলনামূলক নমনীয় হিসেবে দেখা হয়।
বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া
শাবানা মাহমুদ অর্থমন্ত্রী হওয়ার সম্ভাবনার খবর সামনে আসার পর আর্থিক বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সরকারি ঋণের ব্যয় কিছুটা কমেছে এবং বিনিয়োগকারীদের মধ্যেও স্বস্তির ইঙ্গিত মিলেছে।
অর্থনৈতিক নীতিতে শাবানা মাহমুদকে তুলনামূলক ভারসাম্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে কঠিন প্রশাসনিক দায়িত্ব সামলানোর অভিজ্ঞতার কারণে তার প্রতি আস্থা বাড়ছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
সামনে বড় চ্যালেঞ্জ
শাবানা মাহমুদ অর্থমন্ত্রীর দায়িত্ব পেলে তার প্রথম বড় কাজ হবে জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় জরুরি পরিকল্পনা তৈরি করা। সম্ভাব্য উদ্যোগের মধ্যে জ্বালানি বিলের লক্ষ্যভিত্তিক সহায়তা, ভাড়া স্থিতিশীল রাখার উদ্যোগ এবং বাসভাড়ার সর্বোচ্চ সীমা নির্ধারণের মতো বিষয় থাকতে পারে। এরপর তিনি শরৎকালীন বাজেট প্রস্তুতের কাজ শুরু করবেন।
একই সময়ে নতুন মন্ত্রিসভায় অ্যাঞ্জেলা রেইনার, লুসি পাওয়েল এবং জোনাথন রেনল্ডসের মতো নেতাদেরও গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে।
শাবানা মাহমুদকে ঘিরে জল্পনা বাড়লেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন দৃষ্টি আগামী সপ্তাহে অ্যান্ডি বার্নহামের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের দিকে।
সারাক্ষণ রিপোর্ট 



















