বুলগেরিয়ার রাজধানী সোফিয়াকে পেছনে ফেলে আগামী বছরের ইউরোপের সবচেয়ে বড় সংগীত আয়োজন ইউরোভিশন প্রতিযোগিতার আয়োজক শহর হিসেবে নির্বাচিত হয়েছে কৃষ্ণসাগরের তীরের বন্দরনগরী বুর্গাস। ২০২৭ সালের এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ১৫ মে। এর আগে ১১ ও ১৩ মে হবে দুটি সেমিফাইনাল।
জয়ী শহর বুর্গাস
চলতি বছরের মে মাসে ভিয়েনায় বুলগেরিয়ার শিল্পী দারা ইউরোভিশনে জয় পাওয়ার পর প্রথমবারের মতো এই প্রতিযোগিতা আয়োজনের সুযোগ পায় দেশটি। আয়োজনের জন্য সোফিয়া, প্লভদিভ, ভার্না ও বুর্গাস—বুলগেরিয়ার চারটি বড় শহর আবেদন করেছিল।
দেশটির রাজধানী ও আন্তর্জাতিক যোগাযোগের প্রধান কেন্দ্র হওয়ায় সোফিয়াকেই বেশির ভাগ মানুষ সম্ভাব্য আয়োজক হিসেবে ধরে নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছে প্রায় ২ লাখ ১০ হাজার মানুষের শহর বুর্গাসকে।
এ সিদ্ধান্তে বিজয়ী শিল্পী দারাও বিস্মিত হয়েছেন। তবে তিনি আয়োজকদের সিদ্ধান্তের প্রতি আস্থা প্রকাশ করে বলেছেন, যদি বুর্গাসকে বেছে নেওয়া হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই শহরটিই এর জন্য বেশি উপযুক্ত।
সোফিয়ার বদলে কেন বুর্গাস
সোফিয়ার বাসিন্দাদের কেউ কেউ এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। তাদের মতে, রাজধানীতে বড় আকারের অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও বৃহৎ মঞ্চ রয়েছে। অন্যদিকে বুর্গাস এত অল্প সময়ে ইউরোভিশনের মতো বিশাল আয়োজন সামলাতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
তবে বুর্গাসের রয়েছে পর্যটননির্ভর অর্থনীতি এবং আন্তর্জাতিক পর্যটকদের কাছে পরিচিত একটি সমুদ্রসৈকত। শহরটি তিনটি হ্রদ ও কৃষ্ণসাগরের মাঝামাঝি এলাকায় অবস্থিত। সোফিয়া থেকে প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে অবস্থিত বুর্গাস তুরস্কের ইস্তাম্বুলের তুলনায়ও কাছাকাছি।
শহরটিতে রয়েছে বুলগেরিয়ার দ্বিতীয় বৃহত্তম বন্দর এবং দক্ষিণ ইউরোপের সবচেয়ে বড় তেল শোধনাগার। চলতি বছর ইতালির বিখ্যাত সাইকেল প্রতিযোগিতার একটি পর্যায়ের সমাপ্তিও এখানে অনুষ্ঠিত হয়েছে।
১৫ হাজার দর্শকের মঞ্চ প্রস্তুত
ইউরোভিশন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। বুর্গাসের মূল ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে ২০২৩ সালে সম্পন্ন হওয়া ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার অ্যারেনা বুর্গাস।
বাড়তি যাত্রী সামলানোর জন্য শহরের বিমানবন্দরও প্রস্তুত হচ্ছে। প্রতিযোগিতাকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান হবে শহরের কেন্দ্র এবং কৃষ্ণসাগরের দিকে মুখ করা বিশাল সি গার্ডেন পার্কে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে জায়গাটি এমনিতেই জনপ্রিয়।
কানাডার প্রথম অংশগ্রহণ
২০২৭ সালের ইউরোভিশনে কানাডা প্রথমবারের মতো অংশ নেবে। একই সঙ্গে প্রতিযোগিতার নিয়মেও কিছু পরিবর্তন আসছে। অংশগ্রহণের ন্যূনতম বয়স ১৬ থেকে বাড়িয়ে ১৮ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে সশস্ত্র সংঘাতে জড়িত দেশগুলোর আয়োজক হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনাও রয়েছে। ফলে বুর্গাসে অনুষ্ঠিতব্য ইউরোভিশন ২০২৭ শুধু নতুন একটি আয়োজক শহরের অভিষেক নয়, প্রতিযোগিতাটির নিয়ম ও ভবিষ্যৎ কাঠামোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে।
ইউরোভিশনের আয়োজক হিসেবে রাজধানীকে সরিয়ে বুর্গাসকে বেছে নেওয়ার সিদ্ধান্ত তাই বুলগেরিয়ার জন্য যেমন চমক, তেমনি কৃষ্ণসাগরের এই পর্যটননগরীর জন্য আন্তর্জাতিক পরিচিতি আরও বাড়ানোর বড় সুযোগ।
সারাক্ষণ রিপোর্ট 


















