যুক্তরাষ্ট্রের খ্রিস্টান ধাঁচের মেটাল ব্যান্ড ডেমন হান্টার জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র ‘কেপপ ডেমন হান্টার্স’-এর নাম ব্যবহারের অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা করেছে। ব্যান্ডটির দাবি, চলচ্চিত্রটির নাম, সংগীত, পণ্যসামগ্রী ও পরিকল্পিত বিশ্বব্যাপী কনসার্ট তাদের নিজস্ব কার্যক্রমের সঙ্গে এতটাই মিলে গেছে যে দর্শক-শ্রোতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং এতে তাদের দীর্ঘদিনের ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
ব্যান্ডটির মালিকানাধীন প্রতিষ্ঠান হাইড লেনের মাধ্যমে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আদালতে মামলাটি করা হয়। এতে নেটফ্লিক্স স্টুডিওসের পাশাপাশি সরাসরি অনুষ্ঠান আয়োজক প্রতিষ্ঠান এইজি প্রেজেন্টসকেও আসামি করা হয়েছে।
টিকিট কিনেও তৈরি হয়েছে বিভ্রান্তি
মামলায় ডেমন হান্টার দাবি করেছে, নেটফ্লিক্সের চলচ্চিত্রকে ঘিরে তৈরি বিভ্রান্তির বাস্তব উদাহরণও রয়েছে। অভিযোগে বলা হয়েছে, নিউইয়র্কে ডেমন হান্টারের একটি কনসার্টের টিকিট কিনতে এক ব্যক্তি প্রায় ৫০০ ডলার খরচ করেছিলেন। তিনি নাকি ভেবেছিলেন, এটি শিশুদের উপযোগী কোনো কেপপ অনুষ্ঠান।
এ ছাড়া একজন টেলিভিশন প্রযোজকও ভুল করে ব্যান্ডটির ব্যবস্থাপনার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটফ্লিক্সের চলচ্চিত্র নিয়ে প্রকাশিত বিভিন্ন পোস্টে ভুল করে ডেমন হান্টার ব্যান্ডকে যুক্ত করা হয়েছে।

২৫ বছরের পুরোনো ব্যান্ড
সিয়াটলভিত্তিক পাঁচ সদস্যের ডেমন হান্টার প্রায় ২৫ বছর ধরে সংগীত পরিবেশন ও কনসার্ট করে আসছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে তারা নিজেদের দ্বাদশ অ্যালবাম প্রকাশ করে। সংগীত শোনার অনলাইন প্ল্যাটফর্মে ব্যান্ডটির মাসিক শ্রোতার সংখ্যা প্রায় ৩ লাখ ৫০ হাজার।
অন্যদিকে ‘কেপপ ডেমন হান্টার্স’-এর অভিনয়শিল্পীদের গান ও সংগীত মিলিয়ে মাসিক শ্রোতার সংখ্যা প্রায় ২ কোটি ৭০ লাখ। মামলায় ব্যান্ডটি বলেছে, গত এক শতাব্দীর চার ভাগের এক ভাগ সময় ধরে তারা যে ব্র্যান্ড গড়ে তুলেছে, সেটি এখন অস্তিত্বের সংকটের মুখে পড়েছে।
নেটফ্লিক্সের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা চায় ব্যান্ড
ডেমন হান্টার আদালতের কাছে নেটফ্লিক্সকে ‘কেপপ ডেমন হান্টার্স’ নামটি রেকর্ড করা সংগীত, সরাসরি পরিবেশনা ও পণ্যসামগ্রীর ক্ষেত্রে ব্যবহার থেকে বিরত রাখার আবেদন জানিয়েছে। পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণও দাবি করেছে তারা।
হাইড লেন ২০২২ সালে রেকর্ড করা সংগীত ও পণ্যসামগ্রীর জন্য ‘ডেমন হান্টার’ নামটি বাণিজ্যিকভাবে নিবন্ধন করেছিল। সরাসরি সংগীত পরিবেশনার ক্ষেত্রেও নামটির সুরক্ষার জন্য আবেদন করা হয়েছে।

নেটফ্লিক্সও বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীর জন্য ‘কেপপ ডেমন হান্টার্স’ নামটি নিবন্ধনের উদ্যোগ নিয়েছে। তবে কয়েকটি আবেদন এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বিশ্বজুড়ে জনপ্রিয় নেটফ্লিক্সের চলচ্চিত্র
২০২৫ সালে মুক্তি পাওয়া ‘কেপপ ডেমন হান্টার্স’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে কাল্পনিক কেপপ নারীদল ‘হান্ট্র/এক্স’-কে ঘিরে। মুক্তির পর এটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। চলচ্চিত্রটির গান, পণ্যসামগ্রী এবং সম্ভাব্য বিশ্বভ্রমণ কনসার্ট ঘিরে এর জনপ্রিয়তা আরও বেড়েছে। কনসার্ট আয়োজন ২০২৭ সালে শুরু হওয়ার কথা রয়েছে।
চলচ্চিত্রটি নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা নিজস্ব প্রযোজনার চলচ্চিত্রে পরিণত হয়েছে। ২০২৬ সালের গোল্ডেন গ্লোব ও অস্কারে এটি সেরা অ্যানিমেশন চলচ্চিত্র এবং ‘গোল্ডেন’ গানের জন্য সেরা মৌলিক গানের পুরস্কারও পেয়েছে।
এরই মধ্যে চলচ্চিত্রটির পরবর্তী পর্ব তৈরির কাজ শুরু হয়েছে। একই ধারার টেলিভিশন ধারাবাহিক ও মঞ্চনাট্য তৈরির বিষয়েও নেটফ্লিক্স ভাবছে বলে জানা গেছে।
সারাক্ষণ রিপোর্ট 



















