চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের উৎপাদন ও মেয়াদসংক্রান্ত তথ্য পরিবর্তন করে পুনরায় বাজারজাতের চেষ্টার অভিযোগে চিটাগাং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে সিলগালা করা হয়েছে।
অভিযানে ধরা পড়ল নানা অনিয়ম
রোববার ৩০ আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে। অভিযানে ‘ডোনা ইন্সট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ নামের পণ্যটির ক্ষেত্রে একাধিক গুরুতর অনিয়ম পাওয়া যায়।
:max_bytes(150000):strip_icc()/GettyImages-157439404-8dd3bc1e91af44c38e1051d652d30b1a.jpg)
কর্তৃপক্ষ জানায়, অনুমোদন না থাকা সত্ত্বেও পণ্যটির মোড়কে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের প্রতীক ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে গুঁড়ো দুধ মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়।
সবচেয়ে গুরুতর অভিযোগ ছিল মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে মেয়াদ বাড়ানোর চেষ্টা। এসব পণ্য পুনরায় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণও করা হচ্ছিল। এ ছাড়া নির্ধারিত প্রস্তুতপ্রণালি অনুসরণ না করেও পণ্যটিকে ফুল ক্রিম গুঁড়ো দুধ হিসেবে বিক্রির অভিযোগ পাওয়া যায়।
এসব অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
আরও দুই প্রতিষ্ঠানে জরিমানা
একই অভিযানে মা ও শিশু হাসপাতালের পাশে জনতা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বার্গার বাইট নামের একটি খাবারের দোকানে অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, ওষুধ ও শিশু খাদ্যের মেয়াদের তারিখ পরিবর্তন করা অত্যন্ত গুরুতর অপরাধ। মেয়াদোত্তীর্ণ খাদ্য গ্রহণের ফলে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সারাক্ষণ রিপোর্ট 



















