চীনের বাজারে বিক্রি কমে যাওয়া এবং তীব্র প্রতিযোগিতার চাপে ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনছে জাপানের গাড়ি নির্মাতা টয়োটা। এর অংশ হিসেবে ২০২৮ সাল থেকে চীনে করোলা গাড়ির পরবর্তী প্রজন্মের উৎপাদন শুরু করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। নতুন করোলায় এমন একটি গাড়ির কাঠামো ব্যবহার করা হবে, যাতে বৈদ্যুতিক, হাইব্রিড ও পেট্রলচালিতসহ বিভিন্ন ধরনের প্রযুক্তির ইঞ্জিন বসানো যাবে।
টয়োটার এই উদ্যোগের লক্ষ্য হলো বাজারের চাহিদা অনুযায়ী দ্রুত গাড়ি তৈরি করা, উন্নয়ন ব্যয় কমানো এবং ক্রেতাদের পছন্দে পরিবর্তন এলে উৎপাদনব্যবস্থাকে সহজে মানিয়ে নেওয়া। চীনে টয়োটার যৌথ উদ্যোগ এফএডব্লিউ টয়োটা মোটর নতুন মডেলটি তৈরি করবে। প্রতিষ্ঠানটি জাপানের টয়োটা মোটর ও চীনের এফএডব্লিউ গ্রুপের যৌথ মালিকানাধীন।
এক প্ল্যাটফর্মে একাধিক ধরনের গাড়ি
নতুন প্রজন্মের করোলা হবে টয়োটার ‘মাল্টিপাথওয়ে’ গাড়ির কাঠামো ব্যবহার করা প্রথম করোলা মডেল। এই প্রযুক্তিতে একই মূল কাঠামোর ওপর ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি, হাইব্রিড এবং পেট্রলচালিত গাড়ি তৈরি করা সম্ভব। ভবিষ্যতে বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের গাড়ি উৎপাদনের সুযোগ তৈরি হবে।
টয়োটা এরই মধ্যে লেক্সাস ব্র্যান্ডের কয়েকটি মডেলসহ অন্য কিছু গাড়িতে এই কাঠামো ব্যবহার করছে। করোলায় এর প্রয়োগ উন্নয়নের সময় ও খরচ কমাতে সহায়তা করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
গত বছরের শরতে জাপান মোবিলিটি শোতে পরবর্তী প্রজন্মের করোলার ধারণাভিত্তিক গাড়ি প্রথমবারের মতো প্রদর্শন করা হয়। সে সময় টয়োটার তৎকালীন প্রেসিডেন্ট কোজি সাতো বলেছিলেন, পৃথিবী বিস্তৃত এবং বিভিন্ন অঞ্চলের বাস্তবতা আলাদা। সড়কব্যবস্থা ও জ্বালানির প্রাপ্যতাও একেক জায়গায় একেক রকম।
বর্তমানে টয়োটার ভাইস চেয়ারম্যান সাতো তখন ইঙ্গিত দিয়েছিলেন, নতুন করোলায় শুধু ব্যাটারিচালিত বৈদ্যুতিক সংস্করণ নয়, হাইব্রিড ও পেট্রলচালিত সংস্করণও রাখার পরিকল্পনা রয়েছে।
চীনে বিক্রি কমছে টয়োটার
চীনের গাড়ির বাজারে টয়োটার অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত আগস্টে লেক্সাসসহ প্রতিষ্ঠানটি মোট ১ লাখ ১৮ হাজার ৪৪৯টি গাড়ি বিক্রি করে। আগের বছরের একই মাসের তুলনায় এই বিক্রি ২৩ শতাংশ কম।
একসময় বৈদ্যুতিক গাড়ি ও নতুন জ্বালানিনির্ভর যানবাহন চীনের গাড়ির বাজারের প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছিল। কিন্তু এখন দেশটির নতুন গাড়ির সামগ্রিক বিক্রির গতি কমছে। একই সঙ্গে নির্মাতাদের মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে গাড়ির দাম কমছে, যা কোম্পানিগুলোর মুনাফায় চাপ তৈরি করছে।
এই পরিস্থিতিতে চীনের বাজারে ক্রেতাদের চাহিদার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছে টয়োটা। একই কাঠামো ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তির গাড়ি তৈরির পরিকল্পনা সেই কৌশলেরই অংশ।
বৈদ্যুতিক গাড়ি উৎপাদনেও নতুন পরিকল্পনা
চীনে লেক্সাস ব্র্যান্ডের পরবর্তী প্রজন্মের দীর্ঘপাল্লার বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের কাজও এগিয়ে নিচ্ছে টয়োটা। আগামী বছর থেকে এসব গাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এমন বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করবে প্রতিষ্ঠানটি, যেগুলোতে বিদ্যুৎ উৎপাদনের জন্য আলাদা দহন ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিন সরাসরি চাকা চালানোর বদলে গাড়ির ব্যাটারির জন্য বিদ্যুৎ তৈরি করবে।
গাড়ির বিদ্যুতায়ন ও বুদ্ধিমান প্রযুক্তির উন্নয়নেও জোর দিচ্ছে টয়োটা। এ লক্ষ্যে চীনে তাদের দুটি স্থানীয় যৌথ উদ্যোগের কাঠামো পুনর্গঠনের কাজ চলছে।
চীনে নতুন করোলার উৎপাদন শুরু হলে একই মডেলের বিভিন্ন প্রযুক্তিনির্ভর সংস্করণ তৈরির সুযোগ বাড়বে। বাজারের চাহিদা, উৎপাদন ব্যয় এবং প্রতিযোগিতার চাপের মধ্যে টয়োটার নতুন কৌশল কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে ক্রেতাদের পছন্দের সঙ্গে প্রতিষ্ঠানটি কত দ্রুত তাল মেলাতে পারে তার ওপর।












