২০২৭ সালের অমর একুশে বইমেলা আগামী ৭ জানুয়ারি শুরু হবে। মাসব্যাপী এই বইমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ভাষাশহীদদের স্মরণে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে আয়োজিত বইমেলা এবার নির্ধারিত সময়ের আগেই শুরু হচ্ছে।
রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সই করা এক বিজ্ঞপ্তিতে বইমেলার সময়সূচি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে প্রকাশকদের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বইমেলার তারিখ নির্ধারণ করা হয়। সভায় প্রকাশকদের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে এই সময়সূচি চূড়ান্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় সংস্কৃতিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান এবং সচিব ইয়াসমিন বেগম উপস্থিত ছিলেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং বাংলা ভাষা ও সাহিত্যকে তুলে ধরার উদ্দেশ্যে প্রতিবছর অমর একুশে বইমেলার আয়োজন করা হয়। লেখক, প্রকাশক ও পাঠকদের মিলনমেলায় পরিণত হওয়া এই আয়োজন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান।
২০২৭ সালের বইমেলা জানুয়ারিতে শুরু হওয়ায় এবার এর প্রচলিত সময়সূচিতে পরিবর্তন আসছে। তবে মেলা চলবে ফেব্রুয়ারির ৬ তারিখ পর্যন্ত।












