যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনস্টার প্যালেসে নতুন করে বিপজ্জনক অ্যাসবেস্টস শনাক্ত হয়েছে। ভবনটির সংস্কারকাজ নিয়ে দীর্ঘদিনের সিদ্ধান্তহীনতার মধ্যে নতুন এই তথ্য সামনে এসেছে। এদিকে পার্লামেন্ট সংস্কারে আরও দেরি হলে প্রতি বছর করদাতাদের অতিরিক্ত ৪২০ মিলিয়ন পাউন্ড ব্যয় হবে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সদস্যরা।
বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে, ওয়েস্টমিনস্টার প্যালেস এবং এর আশপাশের সংসদীয় ভবনগুলোতে অ্যাসবেস্টসযুক্ত উপকরণের সংখ্যা বেড়ে ১ হাজার ৬৫০টির বেশি হয়েছে। ২০২১ সালের তুলনায় এই সংখ্যা প্রায় ৫০০ বেশি।
ভবনগুলোর বিভিন্ন অংশে তাপ নিরোধক উপকরণ, ছাদ, মেঝের টাইলস এবং দড়িসহ নানা সামগ্রীতে অ্যাসবেস্টস পাওয়া গেছে। দীর্ঘ প্রতীক্ষিত সংস্কার প্রকল্পের প্রস্তুতি হিসেবে পরিচালিত জরিপে নতুন উপকরণগুলো শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংসদীয় কর্তৃপক্ষ।
সংস্কারে ব্যয় হতে পারে ৪০ বিলিয়ন পাউন্ড
ব্রিটিশ পার্লামেন্ট ভবনের ব্যাপক সংস্কারে ব্যয় হতে পারে সর্বোচ্চ ৪০ বিলিয়ন পাউন্ড। পুরো কাজ শেষ করতে সময় লাগতে পারে ৬১ বছর। দীর্ঘদিন ধরে সংস্কার নিয়ে সিদ্ধান্তহীনতা ও বিলম্বের কারণে প্রকল্পটি এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।
সংস্কারকাজ অনুমোদনের জন্য সরকার পার্লামেন্টে ভোট আয়োজনের বিষয়টি বিবেচনা করছে।
এ সপ্তাহে হাউস অব কমন্সের পাবলিক অ্যাকাউন্টস কমিটি সতর্ক করে বলেছে, পার্লামেন্ট ভবন পুনরুদ্ধারের ক্ষেত্রে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। প্রতিটি অতিরিক্ত বছর বিলম্বের কারণে করদাতাদের ৪২০ মিলিয়ন পাউন্ড করে বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে।
স্বাস্থ্যঝুঁকির বড় কারণ অ্যাসবেস্টস
সংস্কার প্রকল্পের অন্যতম প্রধান কারণ এই অ্যাসবেস্টস। এটি একসময় ভবন নির্মাণে ব্যাপকভাবে ব্যবহার করা হতো। আগুন প্রতিরোধের ক্ষমতা থাকায় তাপ নিরোধকসহ বিভিন্ন কাজে এর ব্যবহার ছিল উল্লেখযোগ্য।
কিন্তু অ্যাসবেস্টসের ক্ষুদ্র তন্তু বাতাসে ছড়িয়ে পড়লে তা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। আগুন বা অতিরিক্ত তাপের সংস্পর্শে আশপাশের উপকরণ থেকে এসব তন্তু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
গত পাঁচ বছরে পার্লামেন্ট ভবন থেকে অ্যাসবেস্টসযুক্ত ৭০০টি উপকরণ সরানো হয়েছে। তারপরও নতুন করে শনাক্ত হওয়া উপকরণের কারণে মোট সংখ্যা বেড়েছে।
তথ্য অধিকার আইনের আওতায় বিবিসির করা এক আবেদনের জবাবে এসব তথ্য পাওয়া গেছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য ও নিরাপত্তা নির্বাহী সংস্থার নির্দেশনা অনুযায়ী, শনাক্ত হওয়া অ্যাসবেস্টসের অধিকাংশই ভবনের আড়ালে থাকা স্থানে রয়েছে এবং কম ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণিবদ্ধ। এসব উপকরণ সহজে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তুলনামূলক কম।
তবে প্রায় ২০০টি উপকরণ মাঝারি ঝুঁকির তালিকায় রয়েছে। এগুলোর ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী মেরামত বা ঝুঁকি কমানোর বিশেষ ব্যবস্থা নিতে হতে পারে।
ব্রিটিশ গণতন্ত্রের ঐতিহাসিক কেন্দ্র ওয়েস্টমিনস্টার প্যালেসের জরাজীর্ণ অবস্থা এবং নতুন করে অ্যাসবেস্টস শনাক্ত হওয়ার ঘটনা ভবনটির নিরাপত্তা ও সংস্কারের প্রয়োজনীয়তাকে আবারও সামনে নিয়ে এসেছে।












