পোশাকশ্রমিকদের অসন্তোষ ও সংঘর্ষের ঘটনার পরও রাজধানীর আশপাশের শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক পরিস্থিতি পুরোপুরি ফেরেনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালেও বিভিন্ন শিল্পাঞ্চলে থমথমে পরিবেশ বিরাজ করছে। সম্ভাব্য নাশকতা ও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত দিনের সংঘর্ষের পর কর্মস্থলে যোগ দেওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছিল। তবে জীবিকার তাগিদে ভোর থেকেই বিভিন্ন পোশাক কারখানার দিকে যেতে শুরু করেন শ্রমিকরা। শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কে সকাল থেকেই তাদের চলাচল দেখা গেছে।
কিছু কারখানায় ইতোমধ্যে উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে। তবে পরিস্থিতি নিয়ে শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা কাটেনি।
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। কারখানার আশপাশেও বাড়ানো হয়েছে নজরদারি। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।












