রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার বৈধ চলাচল, চালকদের লাইসেন্স এবং পুলিশি হয়রানি বন্ধসহ ১২ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকরা। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই কর্মসূচি শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে অটোরিকশাচালকরা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। কর্মসূচির অংশ হিসেবে তারা রাজধানীতে অটোরিকশা চালানো বন্ধ রাখেন।
অটোরিকশাচালকদের এই আন্দোলনকে কেন্দ্র করে প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশার বৈধতা, চলাচলের সুযোগ এবং চালকদের অধিকার নিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। এসব সমস্যা সমাধানে ১২ দফা দাবি নিয়ে রাজপথে নেমেছেন।
১২ দফা দাবিতে যা রয়েছে
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ব্যাটারিচালিত অটোরিকশার আধুনিকায়ন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা। দেশের সড়কের উপযোগী নকশায় এসব যানবাহন তৈরি ও চলাচলের জন্য সুনির্দিষ্ট রুট পারমিট দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে আনুষ্ঠানিক ড্রাইভিং লাইসেন্স দেওয়ার দাবি রয়েছে তাদের তালিকায়। পাশাপাশি অটোরিকশা চার্জ দেওয়ার বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং এ নিয়ে চালকদের হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন তারা।
আন্দোলনকারীরা বলছেন, লাইসেন্স দেওয়ার আগপর্যন্ত অযথা অটোরিকশা আটক, ডাম্পিংয়ে পাঠানো এবং জরিমানা আদায় বন্ধ রাখতে হবে। চালকদের ওপর পুলিশি নির্যাতন ও হয়রানিও বন্ধ করতে হবে।
শহরের সড়কে চলাচলের সুযোগ ও শ্রমিক অধিকার
শহরের ছোট-বড় সব উপযোগী সড়কে বাধাহীনভাবে অটোরিকশা চালানোর সুযোগ চান চালকরা। একই সঙ্গে শ্রমিকদের ন্যূনতম মজুরি, কাজের নির্দিষ্ট সময় এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
নিরাপদ ও বৈধভাবে অটোরিকশা চার্জ দেওয়ার জন্য গ্যারেজ ও চার্জিং পয়েন্ট পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং সহজে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থাও চান আন্দোলনকারীরা।
তাদের অন্য দাবির মধ্যে রয়েছে আটক শ্রমিকদের নিঃশর্ত মুক্তি, মামলা দিয়ে হয়রানি বন্ধ এবং অটোরিকশা শ্রমিকদের জন্য আলাদা কল্যাণ ট্রাস্ট গঠন। এই ট্রাস্টের মাধ্যমে শ্রমিকদের চিকিৎসা ও আর্থিক সহায়তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
এ ছাড়া সম্প্রতি জারি করা বা প্রস্তাবিত বিধিনিষেধের যেসব ধারা শ্রমিকদের জীবিকার জন্য ক্ষতিকর, সেগুলো সংশোধন করে শ্রমিকবান্ধব নীতিমালা তৈরির দাবি জানিয়েছেন তারা।
পুলিশের সতর্ক অবস্থান
কর্মসূচিতে অংশ নেওয়া অটোরিকশাচালক মাহবুব বলেন, ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যেই তারা এই কর্মসূচি পালন করছেন।
রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, বিশৃঙ্খলা এড়াতে প্রেস ক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের কর্মকাণ্ডের ওপর আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক নজর রাখছে।
কর্মসূচি চলাকালে রাজধানীতে অটোরিকশা চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছেন চালকরা।
ব্যাটারিচালিত অটোরিকশার বৈধ চলাচল, চালকদের লাইসেন্স ও শ্রমিক অধিকারসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন রাজধানীর অটোরিকশাচালকরা।












