ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি ই-মেইল পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে পাঠানো ওই ই-মেইলে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের সংশ্লিষ্ট একটি সূত্র। ই-মেইল পাওয়ার পর বিষয়টি পরবর্তী করণীয় নির্ধারণের জন্য ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়েও পৌঁছেছে আবেদন
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রও নিশ্চিত করেছে, দিল্লি হাইকমিশন এ ধরনের একটি ই-মেইল পেয়েছে এবং তা দ্রুত মন্ত্রণালয়কে অবহিত করেছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে পারেন বলে জানা গেছে।
তবে ই-মেইলটি শেখ হাসিনার সরাসরি অনুমোদিত আবেদন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্রের দাবি, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো বার্তার সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা তাঁর হয়ে আবেদন করার ক্ষমতাপত্রের কোনো প্রমাণ সংযুক্ত ছিল না।
সাধারণত কোনো আইনজীবী বা প্রতিষ্ঠান অন্য কারও পক্ষে আনুষ্ঠানিক আবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমোদনপত্র বা প্রতিনিধিত্বের প্রমাণ থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে এমন কোনো নথি পাওয়া যায়নি বলে জানিয়েছে সূত্রগুলো।
আইনজীবী প্রতিষ্ঠানের বক্তব্যে যা রয়েছে
ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলের শুরুতে সংশ্লিষ্ট আইনজীবী নিজেকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে তাঁর পক্ষে যোগাযোগ করার কথা উল্লেখ করেছেন।
বার্তায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তাঁর জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে বাংলাদেশ হাইকমিশনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
তবে ই-মেইলে অনুরোধ জানানো হলেও আবেদনটির সঙ্গে শেখ হাসিনার অনুমোদনের প্রমাণ না থাকায় এর আনুষ্ঠানিক অবস্থান নিয়ে কূটনৈতিক মহলে প্রশ্ন তৈরি হয়েছে।
২০২৪ সালের পর প্রথম আবেদন
এর আগে বার্তা সংস্থা রয়টার্স তাদের হাতে আসা একটি চিঠির বরাত দিয়ে জানিয়েছিল, শেখ হাসিনা দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন। এ জন্য তিনি নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পর নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য এটিই তাঁর প্রথম এ ধরনের আবেদন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছিল।
দিল্লি হাইকমিশনে পাঠানো ই-মেইলটি এখন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে। এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।












