দুই শতাব্দীরও বেশি সময় ধরে ভূমধ্যসাগরে ব্রিটেনের ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক প্রভাব দেশটির বিশ্বশক্তি হয়ে ওঠার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। বাণিজ্যিক স্বার্থ রক্ষা, ইউরোপে শক্তির ভারসাম্য বজায় রাখা এবং ভারত পর্যন্ত সামুদ্রিক পথের নিয়ন্ত্রণ—সব মিলিয়ে ভূমধ্যসাগর ব্রিটিশ সাম্রাজ্যবাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছিল।
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার যুদ্ধ শুরু হওয়ার পর ভূমধ্যসাগরে ব্রিটেনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। লেবানন থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করা একটি ড্রোন সাইপ্রাসে ব্রিটেনের আকরোতিরি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। অথচ দ্বীপটির নিরাপত্তায় নিয়োজিত ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন নির্ধারিত অবস্থানে পৌঁছাতে দীর্ঘ সময় নেয়। ঘটনাটি ব্রিটেনের জন্য বড় ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। অনেকের কাছে এটি দেশটির সামরিক শক্তি ও আন্তর্জাতিক প্রভাব কমে যাওয়ার প্রতীক হয়ে ওঠে।
তবে ভূমধ্যসাগরে ব্রিটেনের ব্যর্থতার ইতিহাস নতুন নয়। ১৯৫৬ সালে মিসরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের কাছ থেকে সুয়েজ খালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের লক্ষ্যে ব্রিটেন ও ফ্রান্স সামরিক অভিযান চালিয়েছিল। সেই অভিযান শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এরও দুই শতাব্দী আগে, ১৭৫৬ সালে ভূমধ্যসাগরের পশ্চিমাঞ্চলে ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন মেনোর্কা দ্বীপকে ফরাসিদের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হয় রয়্যাল নেভি। এর জেরে ব্রিটিশ নৌবাহিনীর অ্যাডমিরাল জন বাইংকে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করে গুলি করে হত্যা করা হয়।
বাণিজ্য রক্ষার মধ্য দিয়ে ভূমধ্যসাগরে ব্রিটেনের প্রবেশ
ব্রিটিশ রাষ্ট্র গঠনেরও আগে ভূমধ্যসাগরে ইংল্যান্ডের আগ্রহ তৈরি হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল লেভান্ত অঞ্চলের সঙ্গে লাভজনক বাণিজ্য রক্ষা করা। উত্তর আফ্রিকার বারবারি জলদস্যুরা ইংরেজ বাণিজ্যিক জাহাজে হামলা চালাত। এই হুমকি মোকাবিলায় ১৬২০-২১ সালে রাজা প্রথম জেমস স্যার রবার্ট ম্যানসেলের নেতৃত্বে একটি নৌবহর পাঠান। কিন্তু স্থানীয় ঘাঁটি ও সহযোগিতার অভাবে অভিযানটি তেমন সফল হয়নি।
১৬৫৪ সালে অলিভার ক্রমওয়েল ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের লর্ড প্রটেক্টর থাকাকালে ভূমধ্যসাগরে ইংল্যান্ডের অবস্থান শক্তিশালী করতে নৌকমান্ডার রবার্ট ব্লেককে পাঠান। তাঁর দায়িত্ব ছিল ফ্রান্সকে স্পেনের নেপলস অঞ্চল আক্রমণ থেকে বিরত রাখা।
ব্লেক জিব্রাল্টার প্রণালিতে অবস্থান নিয়ে ফ্রান্সের আটলান্টিক উপকূলের ব্রেস্ট এবং ভূমধ্যসাগরীয় তুলোঁ বন্দরের দুটি নৌবহরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। পরে তিউনিসে বারবারি জলদস্যুদের বিরুদ্ধে বড় সাফল্য অর্জন করেন। এর ফলে আলজেরিয়ার জলদস্যুরাও ইংল্যান্ডের সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য হয়।
তবে স্থায়ী নৌঘাঁটি না থাকায় ইংল্যান্ডের সামরিক কার্যক্রম সীমিত ছিল। দ্বিতীয় চার্লসের সঙ্গে পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিন অব ব্রাগানজার বিয়ের যৌতুক হিসেবে ১৬৬১ সালে ট্যাঞ্জিয়ার লাভের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। ভূমধ্যসাগরের প্রবেশমুখে একটি বন্দর পাওয়ায় ব্রিটিশ নৌবাহিনীর অভিযান পরিচালনা সহজ হয়। কিন্তু মরক্কোর ধারাবাহিক আক্রমণ ও রক্ষণাবেক্ষণের ব্যয় বেড়ে যাওয়ায় ১৬৮৪ সালে ট্যাঞ্জিয়ার ছেড়ে দেয় ইংল্যান্ড।
জিব্রাল্টার ও মেনোর্কা: সাম্রাজ্য বিস্তারের ভিত্তি
ফ্রান্সের বিরুদ্ধে নয় বছরব্যাপী যুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী ভূমধ্যসাগরে শীতকালেও অবস্থান করার সক্ষমতা অর্জন করে। স্পেনের উত্তরাধিকার যুদ্ধের সময় ১৭০৪ সালে ব্রিটেন ও নেদারল্যান্ডসের যৌথ বাহিনী জিব্রাল্টার দখল করে। পরে মেনোর্কাও তাদের নিয়ন্ত্রণে আসে।
১৭১৩ সালের উট্রেখট চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান হলে ব্রিটেন জিব্রাল্টার ও মেনোর্কার নিয়ন্ত্রণ ধরে রাখে। এর মধ্য দিয়ে দেশটি ভূমধ্যসাগরে স্থায়ী সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করে।
ব্রিটিশরা এসব ঘাঁটিতে দুর্গ, সেনানিবাস, গির্জা, নৌবন্দর ও হাসপাতাল গড়ে তোলে। স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমঝোতার নীতিও গ্রহণ করে। কারণ, ওই অঞ্চলের অধিকাংশ মানুষ ছিল রোমান ক্যাথলিক। পরবর্তী সময়ে গ্রিক অর্থোডক্স ও মুসলিম জনগোষ্ঠীও সেখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
ব্রিটেনের কাছে এই দ্বীপ ও বন্দরগুলোর গুরুত্ব শুধু বাণিজ্যিক ছিল না। ইউরোপে শক্তির ভারসাম্য বজায় রাখাও ছিল বড় উদ্দেশ্য। অষ্টাদশ শতকে বিশেষ করে ফ্রান্সের প্রভাব সীমিত রাখা এবং স্পেন ও অস্ট্রিয়ার সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা ব্রিটিশ কৌশলের অংশ ছিল।
নেপোলিয়নের উত্থানে কৌশল বদলে যায়
১৭৯০-এর দশকে ফরাসি বিপ্লবের পর ভূমধ্যসাগরে ব্রিটেনের অবস্থান নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে। নেপোলিয়ন বোনাপার্ট ইতালিতে ফরাসি বাহিনীর নেতৃত্ব গ্রহণ করে ব্রিটেনের মিত্র অস্ট্রিয়াকে পরাজিত করেন। ফরাসি বাহিনী মাল্টা দখল করে মিসরে অভিযান চালায় এবং পরে নেপলসের দিকে অগ্রসর হয়।
নেপোলিয়নের লক্ষ্য ছিল উসমানীয় সাম্রাজ্যকে পরাজিত বা নিয়ন্ত্রণে আনা। এর মধ্য দিয়ে ভারতের দিকে ব্রিটেনের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথও হুমকির মুখে পড়তে পারত।
এই পরিস্থিতিতে ভূমধ্যসাগর ব্রিটিশ কৌশলে নতুন দুটি গুরুত্ব পায়—উসমানীয় সাম্রাজ্যকে টিকিয়ে রাখা এবং ভারতগামী সামুদ্রিক পথ নিরাপদ রাখা।
১৭৯৮ সালে অ্যাডমিরাল হোরেশিও নেলসন আবুকির উপসাগরে ফরাসি নৌবহর ধ্বংস করেন। এতে নেপোলিয়নের সেনাবাহিনী ফ্রান্স থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। একই সময়ে মাল্টা ব্রিটিশ বাহিনীর নিয়ন্ত্রণে আসে। ভূমধ্যসাগরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় দ্বীপটি ব্রিটিশ সামরিক কৌশলের অন্যতম প্রধান ঘাঁটিতে পরিণত হয়।
নেপোলিয়নের পরও ব্রিটিশ আধিপত্য
নেপোলিয়নিক যুদ্ধের সময় ব্রিটেন অ্যাড্রিয়াটিক ও আয়োনীয় দ্বীপপুঞ্জেও নিজেদের প্রভাব বিস্তার করে। অস্ট্রিয়ার সঙ্গে যোগাযোগ বজায় রাখা, রাশিয়ার কার্যক্রম পর্যবেক্ষণ এবং ফ্রান্সকে নিয়ন্ত্রণে রাখাই ছিল এর উদ্দেশ্য।
১৮১৫ সালে যুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটেন সিসিলি ও নেপলস ছেড়ে দেয়। ডালমাটীয় দ্বীপগুলো অস্ট্রিয়ার হাতে যায়। তবে জিব্রাল্টার ও মাল্টায় ব্রিটিশ নিয়ন্ত্রণ বজায় থাকে। আয়োনীয় দ্বীপপুঞ্জের প্রশাসনিক দায়িত্বও ব্রিটেন গ্রহণ করে।
১৮১৫ সালে ভিয়েনা কংগ্রেসের পর ইউরোপের রাজনৈতিক মানচিত্র নতুনভাবে সাজানো হলেও ভূমধ্যসাগরে ব্রিটেনের অবস্থান ছিল শক্তিশালী। পশ্চিমে জিব্রাল্টার, কেন্দ্রে মাল্টা এবং অ্যাড্রিয়াটিক সাগরের প্রবেশমুখে আয়োনীয় দ্বীপপুঞ্জ—সব মিলিয়ে ব্রিটিশ নৌবাহিনীর প্রভাব এমন পর্যায়ে পৌঁছায় যে ভূমধ্যসাগরকে কার্যত ‘ব্রিটিশ হ্রদ’ হিসেবে বিবেচনা করা শুরু হয়।












