আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার অপরিশোধিত তেলের দাম বিশ্ববাজারে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। চীন ও ভারতের বাড়তি চাহিদা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি পরিবহনের ব্যয় বৃদ্ধির কারণে রুশ তেল এখন আন্তর্জাতিক বাজারের প্রধান মানদণ্ড ব্রেন্টের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। রাশিয়ার বিভিন্ন ধরনের অপরিশোধিত তেলের ক্ষেত্রে ব্রেন্টের তুলনায় দামের ব্যবধানও নতুন রেকর্ড গড়েছে।
এশিয়ার বাজারে রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ রাশিয়ার ইস্ট সাইবেরিয়া-প্যাসিফিক ওশান (ইএসপিও) অপরিশোধিত তেলের দাম গত ৩০ অক্টোবর ব্যারেলপ্রতি ১৪১ ডলার ছাড়িয়ে যায়। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের ২০০৯ সাল থেকে সংরক্ষিত তথ্য অনুযায়ী, এটি এ তেলের সর্বোচ্চ দাম। ওই সময় আন্তর্জাতিক বাজারের ব্রেন্টের তুলনায় ইএসপিও তেলের দাম ২৩ ডলার বেশি ছিল। ৪ নভেম্বর এ ব্যবধান বেড়ে দাঁড়ায় রেকর্ড ৩১ ডলারে।
রাশিয়ার প্রধান রপ্তানি তেল উরালসের দামও বেড়েছে। ইউরোপের বাজারে বিক্রির জন্য পরিচিত এই তেলের দাম অক্টোবরে ব্যারেলপ্রতি প্রায় ১১৯ ডলারে পৌঁছায়। ২০১২ সালের এপ্রিলের পর এটিই সর্বোচ্চ। ব্রেন্টের তুলনায় উরালসের দামও ১৯ ডলার বেশি হয়েছে, যা নতুন রেকর্ড।
চীনের পাইপলাইনে তেল আমদানি বাড়ানোর সম্ভাবনা
রুশ তেলের দাম বৃদ্ধির পেছনে চীনের চাহিদাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। জাপানের মারুবেনি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াসুহিরো এনোমোতো মনে করেন, চীন পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে তেল কেনা বাড়িয়ে থাকতে পারে।
তাঁর মতে, পাইপলাইনে তেল পরিবহনের ক্ষেত্রে জাহাজভাড়া ও বিমা ব্যয় বৃদ্ধির প্রভাব তুলনামূলক কম। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও আমদানির মোট ব্যয়ের হিসাবে রুশ তেল চীনের জন্য প্রতিযোগিতামূলক থাকতে পারে।
অক্টোবরের শেষ দিকে প্রকাশিত এক প্রতিবেদনে জেপি মরগানের গবেষকেরাও তেলের দাম ও পরিবহন ব্যয়ের এই পার্থক্য তুলে ধরেছেন। তাঁদের হিসাব অনুযায়ী, এশিয়ার জন্য নির্ধারিত অপরিশোধিত তেলের গড় জাহাজে তোলার সময়কার দাম এপ্রিলে ব্যারেলপ্রতি ১০৬ ডলার থেকে অক্টোবরে কমে ৯৩ ডলারে নেমেছিল। কিন্তু পরিবহন ব্যয়সহ গন্তব্যে পৌঁছানোর মোট দাম একই সময়ে ১১৬ ডলার থেকে বেড়ে ১৩১ ডলারে দাঁড়ায়।
মধ্যপ্রাচ্যের সংকটে ভারতের রুশমুখী ঝোঁক
ভারতের ক্ষেত্রেও রুশ তেলের চাহিদা বৃদ্ধির পেছনে মধ্যপ্রাচ্যের অস্থিরতা কাজ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জাপান অর্গানাইজেশন ফর মেটালস অ্যান্ড এনার্জি সিকিউরিটির দাইসুকে হারাদা বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে গিয়ে ভারতের কিছু ক্রেতা বেশি দামেও রাশিয়ার তেল কিনে থাকতে পারেন।
হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর ভারত দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার মতো অঞ্চল থেকে তেল আমদানি বাড়িয়েছে। এতে দেশটির অপরিশোধিত তেলের চাহিদার শক্তিশালী অবস্থান স্পষ্ট হয়েছে।
মারুবেনি ইনস্টিটিউটের এনোমোটোর মতে, ভারতের রুশ তেল কেনার পেছনে কৌশলগত ও রাজনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টিও থাকতে পারে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ায় রাশিয়ার সুদূর পূর্বাঞ্চল থেকে সরবরাহ করা তেল এশিয়ার দেশগুলোর কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, এসব তেলের উৎস এশিয়ার কাছাকাছি এবং সরবরাহ বাড়ানোর সক্ষমতাও রয়েছে।
ইউক্রেন যুদ্ধের পর বদলে যায় রুশ তেলের বাজার
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপান রুশ তেল আমদানিতে বিধিনিষেধ আরোপ করে এবং তেলের দামের ওপর সীমা নির্ধারণ করে। নিষেধাজ্ঞায় অংশ না নেওয়া চীন ও ভারত তখন রাশিয়ার প্রধান ক্রেতায় পরিণত হয়।
ইউরোপের অনেক ক্রেতা হারানোর পর উরালস তেল একসময় ব্রেন্টের তুলনায় ব্যারেলপ্রতি ১০ থেকে ২০ ডলার কম দামে বিক্রি হতো। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমে যায়। এতে রুশ তেলের চাহিদা বাড়ে এবং আন্তর্জাতিক বাজারে ব্রেন্টের তুলনায় বেশি দামে বিক্রি হওয়ার পরিস্থিতি তৈরি হয়।
জাহাজভাড়া বৃদ্ধিতে রুশ তেলের বাড়তি সুবিধা
রুশ তেলের আকর্ষণ বাড়ার আরেকটি কারণ জ্বালানি পরিবহনের ব্যয়। সেপ্টেম্বর থেকে তেলবাহী ট্যাংকারের ভাড়া ঐতিহাসিকভাবে উচ্চ পর্যায়ে রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ ব্যাহত হওয়ায় এশিয়ার ক্রেতাদের দূরবর্তী অঞ্চল থেকে তেল আনতে হচ্ছে। এতে পরিবহন ব্যয় আরও বেড়েছে।
অন্যদিকে, রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের বন্দরগুলো চীনের কাছাকাছি হওয়ায় সমুদ্রপথে তেল পরিবহনের খরচ তুলনামূলক কম। ফলে মধ্যপ্রাচ্যের বিকল্প উৎস হিসেবে রুশ তেল এশিয়ার বাজারে বাড়তি গুরুত্ব পাচ্ছে।
সব মিলিয়ে নিষেধাজ্ঞার কারণে একসময় ছাড়ে বিক্রি হওয়া রুশ তেল এখন চীন ও ভারতের চাহিদা এবং মধ্যপ্রাচ্যের সরবরাহ সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে প্রিমিয়াম দামে বিক্রি হচ্ছে।












