ইতালির এক মধ্যবিত্ত পরিবারের লাজুক তরুণী থেকে ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের কেন্দ্রীয় চরিত্র—সোনিয়া গান্ধীর জীবন যেন আধুনিক ভারতের রাজনৈতিক ইতিহাসেরই এক ব্যক্তিগত দলিল। প্রেম, সংসার, ক্ষমতার দ্বন্দ্ব, একের পর এক স্বজন হারানোর বেদনা এবং শেষ পর্যন্ত নিজেই রাজনীতির নেতৃত্বে আসা—সব মিলিয়ে তাঁর জীবনের গল্প উঠে এসেছে সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ।
ভারতের নেহরু-গান্ধী পরিবারের পুত্রবধূ হিসেবে দীর্ঘদিন জনজীবনের আলোচনায় থাকলেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই কথা বলেছেন সোনিয়া। প্রায় ৩০ বছরের রাজনৈতিক জীবনে সাক্ষাৎকারও দিয়েছেন হাতে গোনা কয়েকটি। এবার ৭৯ বছর বয়সে প্রকাশিত স্মৃতিকথা এবং সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন পরিবারের ভেতরের সম্পর্ক, রাজনৈতিক উত্থান-পতন এবং ব্যক্তিগত শোকের অভিজ্ঞতা।
প্রেম থেকে নেহরু-গান্ধী পরিবারে
১৯৬৫ সালের জানুয়ারিতে যুক্তরাজ্যের কেমব্রিজে রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা হয় সোনিয়ার। তখন রাজীবের বয়স ২০, তিনি ট্রিনিটি কলেজে প্রকৌশল বিষয়ে পড়ছিলেন। ১৯ বছর বয়সী সোনিয়া কাছের একটি ভাষাশিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি শিখছিলেন। একটি গ্রিক রেস্তোরাঁয় তাঁদের পরিচয়। রাজীবকে প্রথম দেখেই ভালো লেগেছিল সোনিয়ার।

ছয় মাসের মধ্যে রাজীব তাঁকে নিজের মা ইন্দিরা গান্ধীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান। প্রথম সাক্ষাতে ভবিষ্যৎ শাশুড়ির সামনে এতটাই নার্ভাস হয়ে পড়েছিলেন সোনিয়া যে কেঁদে ফেলেন। ১৯৬৮ সালে তাঁদের বিয়ে হয়। এরপর দিল্লির রাজনৈতিকভাবে ব্যস্ত গান্ধী পরিবারের বাড়িতে শুরু হয় তাঁর নতুন জীবন। হিন্দি ভাষা, ভারতীয় খাবার ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছিল তাঁর।
একের পর এক হত্যাকাণ্ডে বদলে যায় জীবন
১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী রাজনৈতিক সংকটের মধ্যে জরুরি অবস্থা জারি করেন। বিরোধীদের গ্রেপ্তার, সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ এবং নাগরিক অধিকার স্থগিত করার ওই সিদ্ধান্তকে সোনিয়া নিজেও ভুল বলে উল্লেখ করেছেন।
১৯৮০ সালে ছোট ছেলে সঞ্জয় গান্ধীর বিমান দুর্ঘটনায় মৃত্যুর পর ইন্দিরা বড় ছেলে রাজীবকে রাজনীতিতে নিয়ে আসেন। সোনিয়া দীর্ঘদিন স্বামীকে রাজনীতিতে না আসার অনুরোধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রাজীব নির্বাচনে অংশ নেন এবং ১৯৮১ সালে সংসদ সদস্য হন।
১৯৮৪ সালের জুনে অমৃতসরের স্বর্ণমন্দিরে শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সেনা অভিযান চালানোর পর রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে। ওই বছরের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধী তাঁর দুই শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হন। হাসপাতালে নেওয়ার সময় সোনিয়া শাশুড়ির পাশে ছিলেন। এরপর রাজীব প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
কিন্তু ১৯৯১ সালে তামিল টাইগার্সের এক আত্মঘাতী হামলায় রাজীব গান্ধীও নিহত হন। স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন জনজীবন থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন সোনিয়া। স্মৃতিকথায় তিনি সেই সময়ের মানসিক বিপর্যয়ের কথাও তুলে ধরেছেন।

রাজনীতিতে অনিচ্ছুক প্রবেশ, প্রধানমন্ত্রিত্ব প্রত্যাখ্যান
স্বামীর মৃত্যুর সাড়ে ছয় বছর পর ১৯৯৭ সালে কংগ্রেসে যোগ দেন সোনিয়া। পরের বছর দলটির সভাপতি হন। তাঁর নেতৃত্বে নির্বাচনী প্রচারে দেশজুড়ে ব্যাপক জনসমাগম ঘটে। পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার রক্ষার দায়িত্ববোধ থেকেই রাজনীতিতে এসেছিলেন বলে জানিয়েছেন তিনি।
২০০৪ সালের জাতীয় নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট জয়ী হলে প্রধানমন্ত্রী হওয়ার জন্য দলের জ্যেষ্ঠ নেতারা তাঁকে অনুরোধ করেন। প্রথমে সম্মতি দিলেও সন্তান রাহুল ও প্রিয়াঙ্কার উদ্বেগের কথা বিবেচনা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলান। তাঁর পরিবর্তে অর্থনীতিবিদ মনমোহন সিংকে প্রধানমন্ত্রী মনোনীত করেন।
বর্তমান রাজনীতি ও স্মৃতিকথার বিতর্ক
স্মৃতিকথায় ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেছেন সোনিয়া। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি ভারতের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে। বিজেপির নেতারা বইটিকে রাজনৈতিক প্রচারণা বলে আখ্যা দিয়েছেন এবং সোনিয়ার বিদেশি পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন।
বইটি প্রকাশে প্রায় ১২ বছর সময় লেগেছে। প্রথমে পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া এটি প্রকাশের উদ্যোগ নিলেও পরে চুক্তি এগোয়নি। শেষ পর্যন্ত ভারতে ও যুক্তরাজ্যে হার্পারকলিন্স এবং যুক্তরাষ্ট্রে নফ প্রকাশ করেছে বইটি।
সোনিয়ার ছেলে রাহুল গান্ধী এখন ভারতের প্রধান বিরোধী দলের নেতা। সাম্প্রতিক তরুণদের বিক্ষোভে তাঁর অংশগ্রহণ নিয়ে উদ্বিগ্ন সোনিয়া। তবে নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিয়ে অনুশোচনা আছে কি না, এমন প্রশ্নে তাঁর উত্তর ছিল দ্বিধাহীন—রাজীবের সঙ্গে জীবন শুরু করার সিদ্ধান্ত তিনি আবারও নিতেন।












