দাসপ্রথার উত্তরাধিকার
(প্রথম পর্ব)
আমার পিঠের ব্যাগের ভেতরে রাখা প্লাস্টিকের প্যাকেটটি থেকে তরল পদার্থ চুইয়ে পড়ছিল। হলুদাভ, আয়োডিনের গন্ধযুক্ত সেই তরল আমার স্যাটেলাইট ফোন ও জিপিএস ট্র্যাকার নষ্ট করে দিতে পারে। কাজের প্রয়োজনে ফ্রান্সের সংবাদমাধ্যম লা মঁদের প্রযুক্তি বিভাগ আমাকে এসব সরঞ্জাম দিয়েছিল।
কেনিয়ার নাইরোবি বিমানবন্দরে যাত্রাবিরতির সময় প্যাকেটটি ব্যাগ থেকে বের করে একটি আসনের ওপর রাখলাম। অপেক্ষার সময় সেটি ভালো করে দেখছিলাম। বেশ ভারী এবং ঘন ছিল প্যাকেটের ভেতরের বস্তুটি। নিরাপত্তা তল্লাশির এক্স-রে যন্ত্রে বড় বাদামি রঙের বস্তুটি ধরা পড়লে কী হবে, তা নিয়ে আগে থেকেই দুশ্চিন্তা ছিল। শুল্ক কর্মকর্তারাও হয়তো বিষয়টি বুঝতে সমস্যায় পড়বেন। যদিও প্যাকেটটির সঙ্গে মোজাম্বিকের রাজধানী মাপুতোতে অবস্থিত এদুয়ার্দো মন্ডলানে বিশ্ববিদ্যালয়ের সরকারি প্যাডে লেখা একটি প্রত্যয়নপত্র ছিল। তাতে বস্তুটিকে প্রত্নতাত্ত্বিক নমুনা হিসেবে উল্লেখ করে বলা হয়েছিল, এটি সুনির্দিষ্টভাবে শনাক্ত করার জন্য ফ্রান্সের একটি পরীক্ষাগারে পাঠানো হচ্ছে।
মোটা সাদা টেপ দিয়ে মোড়ানো প্যাকেটটির গায়ে কালো মার্কার দিয়ে কয়েকটি পরিচিতি লেখা ছিল। ‘আইডিএম-১৩ ল’অরোর’। এখানে ‘আইডিএম’ বলতে বোঝানো হয়েছে মোজাম্বিক দ্বীপকে। ‘১৩’ লেখা হয়েছিল এ কারণে যে, সাবেক পর্তুগিজ বাণিজ্যকেন্দ্রটির জলসীমায় এটি ছিল শনাক্ত হওয়া ১৩তম জাহাজডুবির ঘটনা। আর ‘ল’অরোর’ নামটি লেখা হয়েছিল, কারণ ধারণা করা হচ্ছিল, প্যাকেটের ভেতরের বস্তুটি ওই নামের একটি ফরাসি জাহাজের কাঠামো থেকে সংগ্রহ করা হয়েছে। ১৭৯০ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বীপটির ধারালো প্রবালপ্রাচীরে ধাক্কা খেয়ে জাহাজটি বিধ্বস্ত হয়েছিল।
প্যাকেটের গায়ে ইংরেজিতে আরও লেখা ছিল, ‘কাঠের নমুনা, ৭ আগস্ট’। এর নিচে ছিল ফরাসি অনুবাদ।
প্যাকেটটির দিকে তাকিয়ে আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছিল। ২৩৬ বছর আগে আমার চার প্রজন্ম আগের পূর্বপুরুষ রবার্ট সুরকুফ এই ‘অরোর’ জাহাজে প্রথম দীর্ঘ সমুদ্রযাত্রায় অংশ নিয়েছিলেন। তখন তিনি বিখ্যাত প্রাইভেটিয়ার নাবিক ছিলেন না; ছিলেন মাত্র ১৬ বছরের শিক্ষানবিশ নাবিক। জাহাজডুবির ঘটনায় তিনি বেঁচে ফিরেছিলেন।
দুই শতাব্দীরও বেশি সময় পর তাঁর দূরবর্তী বংশধর হিসেবে আমি ফ্রান্সে ফিরছিলাম একটি বিরল আবিষ্কারের গল্প তুলে ধরার দায়িত্ব নিয়ে। এটি ছিল ফরাসি দাসবাহী জাহাজের খুব কমসংখ্যক শনাক্ত হওয়া ধ্বংসাবশেষের একটি। জাহাজটির নাবিকরা ৩০০-এর বেশি বন্দিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন।
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের অন্যতম বৃহৎ গবেষণা প্রতিষ্ঠান স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের জাতীয় আফ্রিকান আমেরিকান ইতিহাস ও সংস্কৃতি জাদুঘরের সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিকদের একটি দল স্লেভ রেকস প্রকল্পের আওতায় এই মানবতাবিরোধী অপরাধের ইতিহাস সামনে এনেছে।
দাসপ্রথার ক্ষত কখনো মুছে যায় না
কয়েক ঘণ্টা আগে মোজাম্বিক দ্বীপের একটি সরাইখানার সবুজ ঘাসে দাঁড়িয়ে ব্রাজিলের সামুদ্রিক প্রত্নতত্ত্বের শিক্ষার্থী এমারসন মেক আমাকে আবেগঘন বিদায় জানিয়েছিলেন।
মোজাম্বিক দ্বীপ একসময় ইউরোপীয় মানব পাচারকারীদের বাণিজ্যকেন্দ্র ছিল। এখানকার মানুষসহ আশপাশের অঞ্চল থেকে ধরে আনা ব্যক্তিদের ইউরোপীয় দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হতো।
এমারসন বলেছিলেন, ‘এখানে এসেছেন সুরকুফের একজন বংশধর। তিনি অবশ্য সুরকুফ নন। কিন্তু আমাদের সঙ্গে এসেছেন সংগ্রাম ও প্রতিরোধের এই ইতিহাসের তথ্য সংগ্রহ করতে। সেগুলো নিজের দেশে নিয়ে গিয়ে দেখাতে চান, যাঁকে মহান বীর হিসেবে বিবেচনা করা হয়, তিনিও কীভাবে চাবুকের আঘাতে জর্জরিত, নির্যাতিত ও অপহৃত আফ্রিকান মানুষদের এই পরিণতির সঙ্গে যুক্ত ছিলেন।’
এমারসন নিজেও ব্রাজিলের কুইলোম্বো সম্প্রদায়ের বংশধর। দাসত্ব থেকে পালিয়ে ব্রাজিলের দুর্গম এলাকায় আশ্রয় নেওয়া মানুষদের নিয়ে গড়ে উঠেছিল এসব সম্প্রদায়।
বিদায়ের সময় তিনি আমাকে একটি সবুজ রঙের মালা উপহার দিয়েছিলেন। এটি ছিল আরোগ্যের প্রতীক।
আমার গলায় মালাটি পরিয়ে দিয়ে তিনি বলেছিলেন, ‘কিন্তু আরোগ্যের পরও দাগ থেকে যায়। দাসপ্রথার ক্ষত কখনো মুছে যাবে না। এটি সব সময় থেকে যাবে।’
চরম প্রতিকূলতার মধ্যে দাস পরিবহন
ফ্রান্সে ফিরে প্যাকেটটি সরাসরি ফ্রিজে রেখেছিলাম। আমার কিশোরী মেয়ে ও তার বন্ধুরা বিষয়টি দেখে বেশ মজা পেয়েছিল। তারা বলছিল, ‘তোমার মা ফ্রিজের মধ্যে নৌকার একটা টুকরা রেখেছে কেন?’
এদিকে আমি ‘অরোর’-এর ইতিহাস নিয়ে বিস্তারিত অনুসন্ধান শুরু করি।
আমার অনুসন্ধানের শুরু হয় ১৮ শতকের শেষভাগের বিভিন্ন নথি ঘেঁটে। আদালতের কর্মকর্তাদের অলংকৃত হাতের লেখায় লেখা সেসব নথির পাতাগুলোর রং ছিল হলদে-খয়েরি।
ব্রিটানির সাঁ-মালো বন্দরের জাহাজটির প্রাচীনতম হাতে লেখা নথি পাওয়া যায় পার্শ্ববর্তী ইল-এ-ভিলেন বিভাগের আর্কাইভে। জাহাজের মাস্টার ও ক্যাপ্টেনদের নিবন্ধনে অভিযানের পর ফিরে আসা জাহাজের অধিনায়কদের জবানবন্দি সংরক্ষিত ছিল।
সেখান থেকেই জানতে পারি, ‘অরোর’ নাম পাওয়ার আগে জাহাজটির নাম ছিল ‘ত্রোয়া-কুজাঁ’। সুরকুফের বর্ধিত পরিবারের তিন সদস্য জাহাজটি তৈরি ও অভিযানের জন্য প্রস্তুত করেছিলেন। তাঁদের সম্মানেই প্রথম নামটি রাখা হয়েছিল।
জাহাজটির ওজন ছিল ৫২২ টন। এতে বিভিন্ন বয়স ও লিঙ্গের ৮৮৮ জন বন্দিকে পরিবহনের সক্ষমতা ছিল। বর্তমান অ্যাঙ্গোলার কাবিন্দা প্রদেশের মালেম্বো অঞ্চলের তৎকালীন মালিম্বে থেকে এসব মানুষকে জাহাজে তোলা হয়েছিল। অঞ্চলটি একসময় পর্তুগিজ বাণিজ্যকেন্দ্র ছিল। বর্তমানে এটি দুই কঙ্গোর মাঝখানে অবস্থিত অ্যাঙ্গোলার একটি বিচ্ছিন্ন ভূখণ্ড।
প্রায় দুই মাসের সমুদ্রযাত্রায় ৮৮৮ জন মানুষকে অমানবিক পরিস্থিতিতে গাদাগাদি করে রাখা হয়েছিল। অন্ধকার, শরীরের বর্জ্য, ক্ষুধা, তৃষ্ণা, নির্যাতন ও রোগব্যাধির মধ্যে তাঁদের দিন কাটত।
তাঁদের গন্তব্য ছিল ফরাসি ক্যারিবীয় উপনিবেশ সাঁ-দোম্যাঁর রাজধানী ক্যাপ-ফ্রঁসে। বর্তমানে শহরটির নাম ক্যাপ-হাইতিয়েন। এটি ছিল দাস কেনাবেচার অন্যতম প্রধান বাজার। সেখানে আখের বাগানের মালিকদের কাছে বন্দিদের বিক্রি করা হতো।
১৭৮৫ সালের ১ নভেম্বর জাহাজটি গন্তব্যে পৌঁছায়। নথিতে উল্লেখ করা হয়েছিল, তখন জাহাজে মাত্র ৭০০ জন বন্দি জীবিত ছিলেন। তাঁদের একজন শিকল ভেঙে পালিয়ে গিয়েছিলেন। বাকিরা সমুদ্রযাত্রার সময় রোগে মারা গিয়েছিলেন।
নথিতে আরও বলা হয়েছিল, জীবিতদের তীরে নামিয়ে বিক্রি করা হয়। এরপর একই স্থান থেকে চিনি, কফি ও অন্যান্য পণ্য নিয়ে জাহাজটি যাত্রা করে।
দাসপ্রথা বিষয়ে বিশেষজ্ঞ ইতিহাসবিদ ফ্রেদেরিক রেজঁর হিসাব অনুযায়ী, একজন অপহৃত মানুষকে গড়ে ১ হাজার ২০০ ঔপনিবেশিক লিভরে কিনে ১ হাজার ৮০০ লিভরে বিক্রি করা যেত।
তিনি ব্যাখ্যা করেছেন, ‘এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা। একটি সমুদ্রযাত্রায় বিনিয়োগ দ্বিগুণ হয়ে যেতে পারত, আবার সবকিছু হারানোর আশঙ্কাও ছিল। গড় মুনাফার হার ছিল ৭ শতাংশ, আর গড় লোকসানের হার ১২ শতাংশ।’
অন্য ইতিহাসবিদদের হিসাব অনুযায়ী, ‘ত্রোয়া-কুজাঁ’ জাহাজে পরিবহন করা শত শত নারী-পুরুষকে বিক্রি করে বর্তমান সময়ের হিসাবে কয়েক মিলিয়ন ইউরোর সমপরিমাণ অর্থ আয় হয়েছিল।
১৭৮৬ সালে উত্তর ব্রিটানির নিজ বন্দরে ফিরে আসার পর জাহাজটির মালিকানা ও নাম পরিবর্তন করা হয়। নতুন নাম হয় ‘অরোর’। ব্রেস্টের সামরিক আর্কাইভে সংরক্ষিত সাঁ-মালোর জাহাজ নিবন্ধনেও নতুন নামটি যুক্ত হয়।
১৭৮৯ সালে জাহাজটির গন্তব্য নির্ধারণ করা হয় ‘ইল দ্য ফ্রঁস’ এবং ‘মোজাম্বিক’। ফরাসি ঔপনিবেশিক শাসনামলে মরিশাসকে ইল দ্য ফ্রঁস বলা হতো।
প্রশ্ন উঠতে পারে, আরও দীর্ঘ ও বিপজ্জনক পথ বেছে নেওয়ার কারণ কী ছিল? কারণ, ওই অঞ্চলে দাস কেনার দাম কম ছিল এবং সেখান থেকে বেশি মুনাফা অর্জনের সুযোগ ছিল।
জাহাজের নাবিকদের তালিকাও ছিল বিস্তারিত। সবার ওপরে ছিলেন অধিনায়ক পিয়েরে তারদিভে। তাঁর বয়স ছিল ৪০ বছর। তিনি সাঁ-মালোর বাসিন্দা ছিলেন।
এরপর চারজন লেফটেন্যান্টের নাম ছিল। তাঁদের পরেই ছিল ১৫ বছর বয়সী এক কিশোরের নাম। শহরের সামুদ্রিক বাণিজ্য ও নৌপরিবহন মহলে তার পরিবারের যথেষ্ট পরিচিতি থাকায় অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও জাহাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের তালিকায় তার নাম পঞ্চম স্থানে রাখা হয়েছিল। এমনকি জাহাজের চিকিৎসকের নামও ছিল তার পরে।
এই কিশোর ছিলেন রবার্ট সুরকুফ দ্য বোয়াগ্রি। প্রভাবশালী পরিবারের সন্তান হিসেবে জীবনের প্রথম সমুদ্রযাত্রায় বেরিয়েছিলেন তিনি। তাঁর পদবি ছিল ‘শিক্ষানবিশ নাবিক’।
জাহাজে আরও ছিলেন ১০ জন কর্মকর্তা, ৩০ জনের বেশি নিম্নপদস্থ কর্মকর্তা ও নাবিক, প্রায় ১৫ জন শিক্ষানবিশ এবং পাঁচজন কিশোর সহকারী। সুরকুফকে বাদ দিয়েই এই সংখ্যা। সব মিলিয়ে ক্যাপ্টেন তারদিভে ৬৫ জন নাবিকের কথা উল্লেখ করেছিলেন। তাঁদের অর্ধেকেরও কম শেষ পর্যন্ত সাঁ-মালোতে ফিরে আসতে পেরেছিলেন।
নাবিকদের তালিকার পরিবর্তনসংক্রান্ত কলামে ছোট ছোট করে লেখা ছিল—‘পালিয়ে গেছে’, ‘জাহাজ থেকে নেমেছে’ কিংবা ‘মৃত’। ইল দ্য ফ্রঁস, সমুদ্র অথবা মোজাম্বিকের হাসপাতালে এসব ঘটনা ঘটেছিল।

এই ছোট ছোট নোট থেকে জাহাজটির অনিয়মিত ও বিপর্যস্ত যাত্রার পাশাপাশি বন্দিদের কয়েক মাস ধরে চলা দুর্ভোগের চিত্রও পাওয়া যায়।
আশ্চর্যের বিষয়, বন্দিদের কাছাকাছি অবস্থিত ইল দ্য ফ্রঁস কিংবা ইল বোরবোঁর বাগানে পাঠানো হয়নি। ইল বোরবোঁ বর্তমানে ফরাসি অধীনস্থ দ্বীপ লা রিইউনিয়ন। বরং তাঁদের পাঠানো হয়েছিল ক্যারিবীয় অঞ্চলের আখের বাগানে। কারণ, দাস পরিবহনের পথ নির্ধারিত হতো বাণিজ্যিক সম্পর্কের ভিত্তিতে, সমুদ্রপথের দূরত্ব বা যাত্রার দিনের হিসাব অনুযায়ী নয়।
গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের মৌসুম
১৭৮৯ সালের বসন্তে সাঁ-মালোর দুর্গপ্রাচীরঘেরা বন্দর ছেড়ে দাস ব্যবসার উদ্দেশ্যে যাত্রা করে ‘অরোর’। তখন ফ্রান্সজুড়ে বিপ্লবের উত্তাপ ছড়িয়ে পড়ছিল। চিনি উৎপাদনের দ্বীপগুলোতে মানুষকে ধরে নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করার বিরুদ্ধে প্রবল প্রতিবাদও তৈরি হচ্ছিল।
এর এক বছর আগে অলিম্প দ্য গুজ ‘রেফ্লেক্সিয়ঁ স্যুর লে জোম নোয়ার’ নামে একটি লেখা প্রকাশ করেছিলেন। ইংরেজিতে যার অর্থ ‘কৃষ্ণাঙ্গদের বিষয়ে ভাবনা’। সেখানে তিনি বর্ণগত শ্রেণিবিন্যাসের ওপর প্রতিষ্ঠিত দাস ব্যবসার নিন্দা করেছিলেন।
তিনি প্রশ্ন তুলেছিলেন, ‘মানুষের কেনাবেচা! হে ঈশ্বর! আর প্রকৃতি কি এতে কেঁপে ওঠে না? তারা যদি পশু হয়, তাহলে আমরাও কি তাদের মতো নই? শ্বেতাঙ্গদের সঙ্গে এই জনগোষ্ঠীর পার্থক্য কোথায়? শুধু গায়ের রঙে।’
এই চিন্তাবিদ ১৭৮৮ সালে জাক-পিয়েরে ব্রিসোর প্রতিষ্ঠিত ‘সোসাইটি অব দ্য ফ্রেন্ডস অব দ্য ব্ল্যাকস’-এর সঙ্গে ঘনিষ্ঠ হন। ব্রিসো দাস ব্যবসা বিলুপ্তির পক্ষে ছিলেন।
জাতীয় পরিষদে দেওয়া তাঁর ‘দাস ব্যবসা বিলুপ্তির পক্ষে জাতীয় পরিষদের উদ্দেশে আবেদন’ শীর্ষক বক্তব্যে তিনি বলেছিলেন, ‘আমরা শুধু চাই, প্রতি বছর শত শত বন্দি সংগ্রহ করার জন্য হাজার হাজার কৃষ্ণাঙ্গ মানুষকে নিয়মিত হত্যা করা বন্ধ হোক।’
১৭৯০ সালে ‘অরোর’ জাহাজে শত শত মানুষের মৃত্যুর পর ফরাসি রাজনীতিক মিরাবো সাংবিধানিক পরিষদে এ নিয়ে বক্তব্য দিতে চেয়েছিলেন। কিন্তু ঔপনিবেশিক স্বার্থের পক্ষের গোষ্ঠী তাঁকে বাধা দেয়। তাঁর বক্তব্যে এসব জাহাজকে ‘ভাসমান কফিন’ হিসেবে উল্লেখ করার কথা ছিল।

রাজনৈতিক অস্থিরতা থেকে অনেক দূরে ‘অরোর’ জাহাজটি উত্তমাশা অন্তরীপ ঘুরে ১৭৮৯ সালের ২৪ জুন ইল দ্য ফ্রঁসের ফিরোজা রঙের উপকূল দেখতে পায়।
ভারত মহাসাগরে ব্যস্ত সেই যাত্রাবিরতিতে কয়েকজন যাত্রী জাহাজ থেকে নেমে যান। কয়েকজন নাবিকও নিখোঁজ হন। জাহাজের ভারসাম্য ঠিক রাখতে খাদ্যসামগ্রী ও ভারী বস্তু নিচের কক্ষে তোলা হয়।
গ্রীষ্মকালে ভারতের ফরাসি উপনিবেশ পন্ডিচেরিতে যাওয়া-আসার পর ১৫ নভেম্বর নাবিকরা আবার পশ্চিম দিকে যাত্রা শুরু করেন।
নভেম্বরের শেষ দিকে সুরকুফ ও তাঁর সঙ্গীদের সামনে দৃশ্যমান হয় সেন্ট সেবাস্তিয়ান দুর্গের ধূসর পাথরের প্রাচীর। মোজাম্বিক দ্বীপের প্রবেশপথে দাঁড়িয়ে থাকা বিশাল সামরিক স্থাপনাটি দূর থেকেই চোখে পড়ছিল।
১৪৯৮ সালে ভাস্কো দা গামা দ্বীপটি ‘আবিষ্কার’ করেছিলেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে। যদিও তাঁর আগমনের অনেক আগে থেকেই সেখানে মানুষের বসবাস ছিল।
পর্তুগিজরা পরে অঞ্চলটি দখল করে নেয়। ঔপনিবেশিক আমলে মোজাম্বিককে তারা ‘পূর্ব আফ্রিকা’ নামে অভিহিত করত।
ক্যাপ্টেন তারদিভে, সুরকুফ ও তাঁদের সঙ্গীরা দ্বীপে নেমে আশপাশের বিভিন্ন জনগোষ্ঠী থেকে ধরে আনা মানুষদের বিনিময়ে পর্তুগিজ দালালদের কাছে ছোটখাটো বাণিজ্যপণ্য দিতে শুরু করেন।
আড়াই মাসের মধ্যে ব্রিটানির নাবিকরা প্রায় ৬০০ মানুষকে কিনে ‘অরোর’-এর নিচের কক্ষে বন্দি করেন।
কয়েক ডজন নাবিকের নিয়ন্ত্রণে ৬০০ নারী, পুরুষ ও শিশু। দাস ব্যবসার জাহাজটি যেন হয়ে উঠেছিল ভাসমান এক সর্বগ্রাসী বন্দিশালা। সেখানে ক্ষমতার এমন ভারসাম্য তৈরি হয়েছিল, যা নিয়ন্ত্রণে রাখা প্রায় অসম্ভব ছিল।
১৭৯০ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি জাহাজটি যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। তখন সুরকুফের বয়স ১৬ বছর। কিন্তু সেটি ছিল গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের মৌসুম।
প্রচণ্ড বাতাস, মুষলধারে বৃষ্টি ও উত্তাল সমুদ্র জাহাজগুলোকে মুহূর্তেই বিপর্যস্ত করে দিতে পারত। মোজাম্বিক দ্বীপের অন্ধকার ও ধারালো প্রবালপ্রাচীর নিয়েও নাবিকদের ভয় ছিল।
১৭৯০ সালের গ্রীষ্মের আগেই ‘অরোর’-এর ক্যারিবীয় জলসীমায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু কয়েক মাস ধরে সাঁ-মালোর জাহাজমালিকেরা জাহাজটির কোনো খবর পাচ্ছিলেন না।
সেপ্টেম্বরে ইল দ্য ফ্রঁস থেকে প্রথম চিঠি আসে। আফ্রিকার উপকূল থেকে আসা ‘শাস্যর’ নামের একটি জাহাজের মাধ্যমে পাওয়া খবরের ভিত্তিতে এক ফরাসি ব্যবসায়ী তাঁর ব্রিটানির পরিচিতদের লিখেছিলেন:
‘আমরা জানতে পেরেছি, মোজাম্বিক বন্দরে ঝড়ের কারণে অরোর জাহাজটি দুর্ভাগ্যজনকভাবে হারিয়ে গেছে। ক্যাপ্টেন তারদিভের সঙ্গে জাহাজের নিচের কক্ষে ৩৫০ জন কৃষ্ণাঙ্গ মানুষ ছিলেন, যাঁরা ডুবে মারা গেছেন। ক্যাপ্টেন ও নাবিকরা বেঁচে গেছেন। তাঁরা একটি ছোট জাহাজে উঠে এখানে আসার চেষ্টা করেছেন। সেটি পাঁচ মাস আগে মোজাম্বিক ছেড়েছিল। এরপর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি।’
কয়েক মাস পর, ১৭৯০ সালের ১০ ডিসেম্বর, তারদিভে, সুরকুফ এবং জাহাজের অল্প কয়েকজন নাবিক ইল দ্য ফ্রঁসে ফিরে আসেন। তাঁদের সংখ্যা ছিল প্রায় ৩০ জন। তাঁরা এসেছিলেন একটি ছোট নৌযানে।
অনুতপ্ত ক্যাপ্টেনের জবানবন্দি
‘অরোর’-এর কী হয়েছিল? জাহাজের নাবিকদের একটি অংশ এবং বিশেষ করে অপহৃত ৬০০ মানুষের পরিণতি কী হয়েছিল?
উত্তর খুঁজতে আমি মরিশাসের রাজধানী পোর্ট লুইসে যাই। শহরের একটি শিল্পাঞ্চলের মাঝখানে জাতীয় আর্কাইভ অবস্থিত।
আর্কাইভের পার্কিং এলাকায় কয়েকটি পথকুকুর ঘোরাফেরা করছিল। বন্দরের শ্রমিকেরা ট্রাক থেকে মালামাল নামাচ্ছিলেন। ভবনের ভেতরে ঢুকে দেখি, দেয়ালজুড়ে ছোট ছোট বাক্স। সেগুলোর গায়ে ফরাসি, ইংরেজি ও ভারতীয় নাম লেখা। প্রতিটি বাক্স যেন দ্বীপটির ইতিহাসের একটি অধ্যায়।
আমি এসেছিলাম একটি নির্দিষ্ট নথির সন্ধানে। আগে থেকেই সতর্ক করা হয়েছিল, নথিটি পাওয়া কঠিন হতে পারে। কারণ, মরিশাসে দাসপ্রথার ক্ষত এখনো গভীর। এর আগে আমি কয়েক ডজন ই-মেইল পাঠিয়েছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি।
অভ্যর্থনাকেন্দ্রে গিয়ে শুধু নথির নম্বরটি বললাম—‘ওবি ২৮’।
একজন কর্মী অন্য কক্ষে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি ধুলোমাখা একটি বিশাল খাতা নিয়ে ফিরে এলেন। পালকের ঝাড়ন দিয়ে ধুলো পরিষ্কার করে খাতাটি আমার হাতে দিলেন।
খাতাটির নাম ছিল, ‘আগমনসংক্রান্ত ঘোষণা ও অন্যান্য নথির নিবন্ধন। অ্যাডমিরালটি, রাজকীয় বিচারিক কর্তৃপক্ষ, ৪ জুন ১৭৮৮ থেকে ১৭ জানুয়ারি ১৭৯১।’
আবারও আনুষ্ঠানিক ও আইনি ভাষায় লেখা একটি নথি। মোটা পাতাগুলো উল্টাতে লাগলাম। পাতায় কালি ও পানির দাগ। একের পর এক বছর পেরিয়ে যাচ্ছিল, আর সামনে আসছিল দাস পরিবহনের বিভিন্ন যাত্রার বিবরণ।
কোনো কোনো যাত্রায় বিদ্রোহ ও হত্যাকাণ্ডের উল্লেখ ছিল। আবার কোনো কোনো যাত্রা তুলনামূলকভাবে নির্বিঘ্নে শেষ হয়েছিল।
একটি পাতার কোণে অস্পষ্ট হাতের লেখার ভিড়ে অবশেষে চোখে পড়ল ‘অরোর’ নামটি।
শিরোনামে লেখা ছিল, ‘জাহাজের ক্যাপ্টেন মঁসিয়ে পিয়েরে তারদিভের পক্ষ থেকে অরোর জাহাজডুবির ঘোষণা।’
এরপর অলংকৃত বড় অক্ষরে শুরু হয়েছিল জবানবন্দি:
‘আজ ১৭৯০ সালের ১১ ডিসেম্বর, বিকেলে, ইল দ্য ফ্রঁসের রাজকীয় বিচারিক কর্তৃপক্ষ ও অ্যাডমিরালটির সামনে জাহাজডুবির শিকার জাহাজটির অধিনায়ক মঁসিয়ে পিয়েরে তারদিভে উপস্থিত হয়েছেন। সত্য বলার শপথ নেওয়ার পর তিনি আমাদের জানিয়েছেন, গত ১৫ নভেম্বর [১৭৮৯] তিনি মোজাম্বিকের উদ্দেশে বন্দর ত্যাগ করেছিলেন।’

নথির প্রতিটি লাইন পড়তে পড়তে আমার চোখের সামনে ভেসে উঠছিল একজন অনুতপ্ত ক্যাপ্টেনের ছবি। নিজের জাহাজ ও অভিযান হারিয়ে তিনি রাজকীয় কৌঁসুলির সামনে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছেন।
তিনি বিপুল অর্থ হারিয়েছিলেন। তবে সবচেয়ে বেশি চেষ্টা করছিলেন নিজের দায় এড়াতে।
এই জবানবন্দিই ছিল জাহাজটির বিষয়ে পাওয়া একমাত্র লিখিত বিবরণ।
এটি থেকে একটি গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য জানতে পারি।
১৭৯০ সালের জানুয়ারির মাঝামাঝি, জাহাজটি দ্বীপ ছাড়ার প্রায় এক মাস আগে থেকেই ৩৫০ জন মানুষকে বন্দি করে রাখা হয়েছিল। ধাপে ধাপে বিভিন্ন দল থেকে মানুষ কিনে তাঁদের জাহাজের নিচের কক্ষে আটকে রাখা হয়েছিল।
নিয়মিতভাবে নাবিকদের বন্দিদের ওপরের ডেকে নিয়ে আসতে হতো এবং খাবার দিতে হতো। তবে তাঁদের এতটুকুই খাবার দেওয়া হতো, যাতে তাঁরা মারা না যান; প্রতিবাদ করার মতো শক্তিও যেন না পান।
বন্দিদের হাত-পা প্রসারিত করার সুযোগও দেওয়া হতো। এর উদ্দেশ্য ছিল, আখের বাগানে কাজ করার জন্য তাঁদের শারীরিক সক্ষমতা বজায় রাখা, কিন্তু এতটা শক্তিশালী হতে না দেওয়া, যাতে তাঁরা নিজেদের রক্ষা করতে পারেন।
প্রতিবার বন্দিদের ডেকে আনার সময় বিদ্রোহের আশঙ্কা তৈরি হতো।
নথিতে উল্লেখ করা হয়েছিল:
‘১৭৯০ সালের ১৯ জানুয়ারি, মঙ্গলবার, বিকেল প্রায় পাঁচটার সময় অরোর জাহাজে ৩৫১ জন দাস ছিল। তাঁদের মধ্যে পুরুষ, নারী, কিশোর ও কিশোরী সবাই ছিলেন। সেদিন পর্যন্ত তাঁরা বেশ শান্ত ছিলেন। কিন্তু তাঁদের আবার জাহাজের নিচের কক্ষে পাঠানোর সময় তাঁরা বিদ্রোহ করেন।’
বন্দিরা জাহাজের পাহারাদারদের ওপর আক্রমণ করেন। জবানবন্দির বিবরণ কিছুটা এলোমেলো হয়ে গেছে। তবে আমি বুঝতে পারি, একজন নাবিককে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। কয়েকজন বন্দিও পায়ে শিকল বাঁধা অবস্থায় পানিতে ঝাঁপ দিয়েছিলেন।
অস্ত্রধারী ব্রিটানির নাবিকরা দ্রুত আফ্রিকান বন্দিদের ওপর নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেন।
একজন কর্মকর্তা হিসাব করে জানান, ‘চারজন কৃষ্ণাঙ্গ নিখোঁজ।’
এরপর দাস ব্যবসা আবার চলতে থাকে।
ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাহাজের নিচের কক্ষে আরও ২৫৩ জনকে বন্দি করা হয়।
গণহত্যার ভয়াবহ বিবরণ
১৭ ফেব্রুয়ারি ভোরে ‘অরোর’ জাহাজে অবশিষ্ট নাবিক ও ৬০০ বন্দি নিয়ে মোজাম্বিক দ্বীপের বন্দরের প্রবেশমুখে নোঙর করা ছিল। পর্তুগিজ বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে যাত্রার অনুমতির সংকেতের অপেক্ষায় ছিলেন নাবিকরা।
কিন্তু অনুমতি পাওয়ার আগেই ঘূর্ণিঝড় আঘাত হানে।
ক্যাপ্টেন তারদিভের জবানবন্দিতে বারবার এসেছে—‘বাতাস এত প্রবল হয়ে উঠেছিল’, ‘সমুদ্র এত উত্তাল ছিল’, ‘ঢেউয়ের আঘাত এত ভয়াবহ ছিল’, ‘প্রবালপ্রাচীরে ধাক্কা এড়ানোর জন্য’।
তাঁর ব্যাখ্যার প্রতিটি শব্দের মধ্যে আমি অনুভব করতে পারছিলাম নোঙরের দড়ি ধরে রাখার সংগ্রাম, প্রবালপ্রাচীরের ভয় এবং ঘণ্টার পর ঘণ্টা চলা ঝড়ের তাণ্ডব।
রাত নামার সঙ্গে সঙ্গে আতঙ্ক বাড়তে থাকে।
সন্ধ্যা সাতটার দিকে জাহাজের একটি নোঙরের সঙ্গে যুক্ত প্রথম দড়িটি ছিঁড়ে যায়। জাহাজটি স্রোতের টানে অগভীর পানির দিকে ভেসে যেতে শুরু করে।
জাহাজের মূল কাঠামো প্রচণ্ডভাবে কাঁপছিল। সেটিকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তারদিভে দুটি মাস্তুল কেটে ফেলার নির্দেশ দেন।
মরিশাসের জাতীয় আর্কাইভের ঘরটিতে দক্ষিণ গোলার্ধের শীতকালীন সূর্যের আলো খুব সামান্যই প্রবেশ করছিল। তারদিভের জবানবন্দির অদ্ভুত হাতের লেখা, নাকি নথির ভয়াবহ বিষয়বস্তু—কোনটি আমার চোখকে বেশি ক্লান্ত করছিল, বুঝতে পারছিলাম না।
একসময় পৌঁছে গেলাম নথির সবচেয়ে অপরাধপ্রমাণকারী অংশে।
মানুষকে ধরে আনা, জোরপূর্বক নির্বাসন এবং নির্যাতনের মাধ্যমে দাস ব্যবসা নিজেই ছিল মানবতাবিরোধী অপরাধ। কিন্তু এই নথির কয়েকটি লাইন আরও ভয়াবহ একটি অপরাধের ইঙ্গিত দিচ্ছিল—ইচ্ছাকৃতভাবে গণহত্যার সিদ্ধান্ত।
জাহাজের কাঠের তৈরি বন্দিশালায় ৬০০ মানুষকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। ঝড়ের প্রতিটি প্রচণ্ড ধাক্কায় তাঁরা একে অপরের ওপর আছড়ে পড়ছিলেন। তাঁদের আতঙ্ক ও অসহায়তার কথা কল্পনা করছিলাম।
ক্যাপ্টেনের জবানবন্দিতে লেখা ছিল, ‘কৃষ্ণাঙ্গরা উচ্চস্বরে চিৎকার করছিল।’
অ্যাডমিরালটির সামনে দেওয়া বক্তব্যে তারদিভে জানিয়েছিলেন, ‘অরোর’ জাহাজটি বাঁচানোর চেষ্টা চলার সময় নাবিকদের মধ্যে বন্দিদের মুক্ত করা নিয়ে আলোচনা হয়েছিল।
ইতিহাসবিদদের বর্ণনায় তারদিভে ছিলেন একজন ফ্রিম্যাসন এবং আলোকায়ন যুগের চিন্তাধারার অনুসারী। তিনি দাবি করেছিলেন, বন্দিদের তাৎক্ষণিক মৃত্যু থেকে বাঁচাতে তাঁদের মুক্ত করে দেওয়ার কথা ভেবেছিলেন।
কিন্তু তাঁর প্রস্তাবে পুরো নাবিকদল আপত্তি জানায়।
জবানবন্দিতে তারদিভে লিখেছিলেন:
‘কৃষ্ণাঙ্গদের ওপরে নিয়ে আসার জন্য জাহাজের নিচের কক্ষের দরজা খোলার প্রস্তাব দেওয়া হলে পুরো নাবিকদল সাধারণভাবে এর বিরোধিতা করে। তাদের যুক্তি ছিল, বন্দিরা তখন অবশিষ্ট দুটি উদ্ধারকারী নৌকা দখল করে নিতে পারে। তৃতীয় নৌকাটি এরই মধ্যে জাহাজের পাশে ডুবে গিয়েছিল। বন্দিরা হয়তো নাবিকদের হত্যা করারও চেষ্টা করতে পারে। তাই তাদের নিচেই রাখা উচিত এবং দরজার কাছে পাহারা দেওয়া উচিত। পানি হাঁটু পর্যন্ত না ওঠা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পরে যখন দেখা গেল, পানি দ্রুত বাড়ছে, তখন দরজাগুলো খোলা হয় এবং তাঁদের বাঁচানোর চেষ্টা করা হয়। তবে মাত্র কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। কারণ, জাহাজের নিচের কক্ষটি হঠাৎ পানিতে পূর্ণ হয়ে যায় এবং পানি ওপরের চলাচলের পথেরও ওপরে উঠে যায়।’
‘অরোর’ ডুবে যাওয়ার ঘটনায় সবাই মারা যাননি। এ তথ্য গণহত্যার আশঙ্কাকে আরও জোরালো করে।
তারদিভের জবানবন্দিতে বলা হয়েছিল:
‘বড় কেবিনে থাকা নারী ও শিশুদের ক্যাপ্টেন জাহাজের পেছনের ডেকের বিপরীত পাশে অবস্থিত কাউন্সিল কক্ষে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাঁরা সকাল সাতটা পর্যন্ত সেখানে ছিলেন।’
জাহাজটি প্রায় ২৪ ঘণ্টা ভেসে ছিল। এই সময়ের মধ্যে নাবিক এবং বন্দি নারী-শিশুরা বেঁচে থাকার সুযোগ পান। পরে কাছের উপকূল থেকে তিনটি নৌকা তাঁদের সাহায্যে এগিয়ে আসে।
তারদিভের জবানবন্দির বিবরণ অনুযায়ী, তিনি মোট ২৬৯ জন বন্দিকে উদ্ধারকারী নৌকায় তুলে দিয়েছিলেন। নিজের ও নাবিকদের জন্য ছোট নৌকাটি রেখে দিয়েছিলেন।
এই দৃশ্যগুলোর প্রকৃত সত্য কী?
শিকলে বাঁধা মানুষগুলোর ফুসফুস পানিতে ভরে যাওয়ার আগপর্যন্ত কি তাঁদের চিৎকার শোনা গিয়েছিল? ভারত মহাসাগরের অন্ধকার রাতে তাঁদের ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে কি ‘অরোর’ জাহাজটি নীরব হয়ে গিয়েছিল?
২৩৬ বছর পরও ঐতিহাসিক অনুসন্ধান যেন দাস ব্যবসার সমর্থকদের প্রতিষ্ঠিত রাজনৈতিক ক্ষমতাকাঠামোর মধ্যেই আটকে আছে।
যাঁরা দাস ব্যবসা পরিচালনা করেছিলেন, তাঁদের নাম ও পরিচয় আর্কাইভে সংরক্ষিত রয়েছে। কিন্তু মোজাম্বিকের বন্দি মানুষগুলো ইতিহাসের বিস্মৃতিতে হারিয়ে গেছেন। তাঁদের ব্যক্তিগত পরিচয় শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
২৩৬ বছর পরও ইতিহাসের বিবরণ ঘুরেফিরে ক্যাপ্টেন তারদিভে ও রবার্ট সুরকুফকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। আমাকেও সেই একই নথির ওপর নির্ভর করতে হয়েছে।
তবে এই জবানবন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ইঙ্গিত দেয়, আগের মাসে সংঘটিত বিদ্রোহের ভয়ে নাবিকরা ইচ্ছাকৃতভাবে ৩৩১ জন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন।
১৯ জানুয়ারির বিদ্রোহে একজন পাহারাদার নিহত হওয়ার ঘটনাই তাঁদের মধ্যে ভয় তৈরি করেছিল।
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী ও প্রত্নতত্ত্ববিদ এবং স্লেভ রেকস গবেষণা কর্মসূচির প্রতিষ্ঠাতা স্টিফেন লুবকেম্যান পরে আমাকে বলেছিলেন:
‘এটা পুরোপুরি সঠিক নয় যে জাহাজডুবির কারণে তাঁদের মৃত্যু হয়েছিল। জাহাজ ডুবে যাওয়ার সময় নাবিকরা তাঁদের ডেকের নিচে আটকে রেখেছিল এবং ডুবে মরতে দিয়েছিল বলেই দাস হিসেবে বন্দি মানুষগুলোর মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘আগে বিদ্রোহ করার কারণে নাবিকরা তাঁদের ভয় পেত। সেই ভয় থেকেই তাঁদের হত্যা করা হয়েছিল। কিন্তু কারও মৃত্যুই অনিবার্য ছিল না। মূলত এটি দাস ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধের একটি গল্প। একই সঙ্গে এটি সেই ব্যবস্থার সম্ভাব্য নিষ্ঠুরতারও চিত্র তুলে ধরে।’
এরপর আমি বুঝতে পারি, প্রবল বাতাসের বিরুদ্ধে লড়াই করে উদ্ধারকারী নৌকাগুলো মোজাম্বিক দ্বীপের দিকে পৌঁছানোর চেষ্টা করছিল।
৩৩১ জন মানুষের মৃত্যু এবং তাঁদের ধীরে ধীরে পানিতে ডুবে যাওয়ার যন্ত্রণার বিবরণ ক্যাপ্টেনের জবানবন্দিতে মাত্র চারটি লাইনে সীমাবদ্ধ ছিল। অথচ নিজের জাহাজ ছেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে ক্যাপ্টেন দীর্ঘ বিবরণ দিয়েছিলেন। সমুদ্র আইনে জাহাজ ছেড়ে পালানো ছিল সবচেয়ে গুরুতর অপরাধগুলোর একটি।
তারদিভের বক্তব্য অনুযায়ী, স্থানীয় একজন পাইলট জাহাজে উঠে নাবিকদের বলেছিলেন, এখনই জাহাজ ছেড়ে যেতে হবে। সেখানে থেকে আর কোনো লাভ নেই এবং জাহাজে বেঁচে থাকারও কোনো উপায় নেই।
তারদিভে লিখেছিলেন:
‘অনেক আলোচনার পর পুরো নাবিকদল জাহাজে ওঠে। ক্যাপ্টেন তখনো জাহাজে থেকে গিয়েছিলেন এবং চলে যেতে চাইছিলেন না। শেষ পর্যন্ত নাবিকরা তাঁকে জোর করে নৌকায় তোলেন। পাইলট ও নাবিকরা তাঁকে বোঝান, এখন জাহাজে তাঁর উপস্থিতির কোনো অর্থ নেই। সেখানে খাবার নেই, ফলে বেঁচে থাকাও সম্ভব নয়। আবহাওয়া ও সমুদ্রের অবস্থা আরও খারাপ হচ্ছে। জাহাজটি যেকোনো সময় ভেঙে যেতে পারে এবং সেখানে থাকলে তাঁর মৃত্যু অনিবার্য। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন এবং নৌকায় ওঠেন। স্থলে পৌঁছাতে পেরে সবাই স্বস্তি অনুভব করেন।’
পর্তুগিজ বাণিজ্যকেন্দ্রের কর্তৃপক্ষের কাছে তারদিভে জাহাজডুবি এবং বন্দিদের হারানোর বিষয়টি জানান। এরপর বেঁচে যাওয়া ব্যক্তিদের খাবারের ব্যবস্থা এবং আফ্রিকার দক্ষিণ উপকূল ছেড়ে যাওয়ার জন্য আরেকটি পালতোলা জাহাজ কেনার অতিরিক্ত খরচের কথা উল্লেখ করেন।
ক্যাপ্টেন ও তাঁর নাবিকরা পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় ঘোরার সময় এবং পন্ডিচেরির মতো বন্দরে যাত্রাবিরতি করে বেঁচে যাওয়া বন্দিদের ধীরে ধীরে বিক্রি করেন। সেই অর্থ দিয়ে তাঁরা ইল দ্য ফ্রঁসে ফিরে যাওয়ার খরচ জোগাড় করেন।
এই প্রক্রিয়া চলেছিল ১৭৯০ সালের ডিসেম্বর পর্যন্ত। ওই মাসেই তারদিভে ‘রাজার অ্যাডমিরালটি’র সামনে তাঁর জবানবন্দি দেন।
‘তারা আপনার জাহাজ খুঁজে পেয়েছে’
পোর্ট লুইসের আর্কাইভ থেকে বের হওয়ার পরও তারদিভের জবানবন্দিতে বর্ণিত দৃশ্যগুলো আমাকে তাড়া করে ফিরছিল।
আমার পরিবারের অপরাধবোধের গোলকধাঁধায় যেন একটি ভূতুড়ে জাহাজের মতো ভেসে বেড়াচ্ছিল ‘অরোর’।
মরিশাসের ইতিহাসবিদ বিজয়া তিলকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললাম। তিনি ভারত মহাসাগরের মাসকারেন দ্বীপপুঞ্জ—লা রিইউনিয়ন, মরিশাস ও রদ্রিগেসে দাস ব্যবসা ও দাসপ্রথার ইতিহাস বিষয়ে বিশ্বের অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ।
আমি তাঁকে ‘অরোর’-এর কাহিনি, জাহাজে থাকা আমার পূর্বপুরুষ এবং সংঘটিত হত্যাকাণ্ডের বিবরণ দ্রুত বলে যাচ্ছিলাম। তিনি মনোযোগ দিয়ে আমার কথা শুনলেন।
এরপর মৃদু হেসে বললেন, ‘আপনার গল্পটি আমার পরিচিত মনে হচ্ছে।’
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ‘সত্যি?’
তিনি বললেন, ‘আফ্রিকা মহাদেশের একটি সম্মেলনে কয়েকজন প্রত্নতাত্ত্বিকের সঙ্গে আমার কথা হয়েছিল। তাঁরা একটি জাহাজের বিষয়ে আলোচনা করছিলেন। আমার মনে হয়, সেটি আপনার জাহাজ। তাঁরা আপনার জাহাজটি খুঁজে পেয়েছেন।’
কথাটি শুনে আমার শরীরে যেন বিদ্যুতের ঝলক বয়ে গেল। হৃদস্পন্দন বেড়ে গেল।
আমি একজন অনুসন্ধানী সাংবাদিক। নতুন তথ্য খুঁজে বের করতে ভালোবাসি। এতে মনে হয়, পৃথিবীর সবকিছুর পেছনেই একটি শৃঙ্খলা রয়েছে। কিন্তু এবার অনুভূতিটা ছিল একেবারেই আলাদা।
বাস্তবতার মুখোমুখি হওয়ার ধাক্কা আমাকে স্তব্ধ করে দিয়েছিল।
একদিকে ছিল ইউরোপীয় লুণ্ঠন ও শোষণের বেদিতে বলি হওয়া শত শত মানুষের মৃত্যু। অন্যদিকে ছিল গণহত্যার সেই ভয়াবহ ঘটনার মধ্যে আমার ১৬ বছর বয়সী পূর্বপুরুষের উপস্থিতির কল্পনা।
জাহাজডুবি নিয়ে আমার মনে তৈরি হওয়া অসংখ্য দৃশ্যও তখন সামনে ভেসে উঠছিল।
এরপর হঠাৎ বুঝতে পারলাম, ঘটনাটি আর শুধু আমার কল্পনায় তৈরি কোনো গল্প নয়। এর পেছনে রয়েছে বাস্তব ইতিহাস, যা এখন বৈজ্ঞানিক গবেষণার বিষয় হয়ে উঠেছে।

ফ্রান্সে ফিরে বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান করি। জানতে পারি, আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিকদের একটি দল সত্যিই মোজাম্বিক দ্বীপের উপকূলে একটি জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। সেটি সাঁ-মালো থেকে যাত্রা করা সেই জাহাজের সঙ্গে মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আমি দ্রুত কম্পিউটারের সামনে বসে স্টিফেন লুবকেম্যানকে একটি ই-মেইল পাঠাই।
উত্তেজিতভাবে তাঁকে জানাই, আমি একজন সাংবাদিক। একই সঙ্গে রবার্ট সুরকুফের বংশধর। দাস ব্যবসায় আমার পরিবারের সংশ্লিষ্টতা নিয়ে অনুসন্ধান করছি। আর তাঁদের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের বিষয়টি আমার দীর্ঘদিনের আগ্রহের কেন্দ্র—‘অরোর’ জাহাজ।












