ফ্রান্সের নরম্যান্ডিতে আবিষ্কৃত ১৬ কোটি ৭০ লাখ বছরের পুরোনো এক বিরল ডাইনোসরের জীবাশ্ম শেষ পর্যন্ত ব্যক্তিগত নিলাম থেকে রক্ষা পেয়েছে। বিজ্ঞানীদের উদ্বেগ, গবেষকদের সংগঠিত প্রচেষ্টা এবং সাধারণ মানুষের প্রতিবাদের মুখে জীবাশ্মটি কিনে জাতীয় সংগ্রহশালায় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সরকার। ফলে এখন থেকে এটি সংরক্ষিত থাকবে ফ্রান্সের জাতীয় প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে।
জীবাশ্মটি ‘ডুব্রুইলোসরাস ভ্যালেসডুনেনসিস’ প্রজাতির একমাত্র পরিচিত নমুনা। বৈজ্ঞানিক ভাষায় একে ‘হোলোটাইপ’ বলা হয়—অর্থাৎ যে নির্দিষ্ট নমুনার ভিত্তিতে কোনো নতুন প্রজাতির আনুষ্ঠানিক বৈজ্ঞানিক বর্ণনা দেওয়া হয়। প্রায় পাঁচ মিটার দীর্ঘ এই কিশোর ডাইনোসরের কঙ্কাল নিলামে বিক্রির ঘোষণা দেওয়ার পরই ফ্রান্সের জীবাশ্মবিদদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
প্যারিসের নিলাম প্রতিষ্ঠান মিলন অক্টোবরের মাঝামাঝি জীবাশ্মটির বিক্রির ঘোষণা দেয়। এর সম্ভাব্য মূল্য ধরা হয়েছিল ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ৫০ হাজার ইউরো।
বিজ্ঞানীদের উদ্বেগে শুরু হয় রক্ষার উদ্যোগ
নিলামের খবর প্রকাশের পর ফ্রান্সের জাতীয় প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের জীবাশ্ম সংগ্রহ বিভাগের প্রধান মারি-বিয়াত্রিস ফোরেল সতর্ক করেন, জীবাশ্মটি ব্যক্তিগত মালিকানায় চলে গেলে গবেষকদের নাগালের বাইরে চলে যেতে পারে। একই সঙ্গে সাধারণ মানুষের জন্যও এটি দেখার সুযোগ হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
এরপর ফ্রান্সের জীবাশ্মবিদ, গবেষক ও উৎসাহীরা জীবাশ্মটি রক্ষায় সংগঠিত হন। সংবাদমাধ্যমে মতামত প্রকাশের পাশাপাশি ফরাসি জীবাশ্মবিদ্যা সমিতি অর্থ সংগ্রহের উদ্যোগ নেয়।
পোয়াতিয়ের শহরের শিক্ষার্থী মাতেও গ্যাগনিয়ার ইউটিউব চ্যানেল ‘সিমপ্লেক্স প্যালেও’ থেকে বিষয়টি জানার পর নিলাম বর্জনের আহ্বান জানিয়ে একটি অনলাইন আবেদন শুরু করেন। জীবাশ্মবিদ্যার অনলাইন অনুসারীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়া ওই আবেদনে ৪ হাজার ৫০০-এর বেশি মানুষ স্বাক্ষর করেন এবং প্রায় ৭০ হাজারবার তা দেখা হয়।
১৯৯৪ সালে আবিষ্কার, গবেষণায় নতুন প্রজাতির স্বীকৃতি
নরম্যান্ডির কন্তেভিল এলাকায় ব্যক্তিমালিকানাধীন জমিতে ১৯৯৪ সালে জীবাশ্মটির সন্ধান পান আন্দ্রে ডুব্রুই। প্রথমে পাওয়া গিয়েছিল মাংসাশী ডাইনোসরের কয়েকটি দাঁত। পরে ১৯৯৮ সালে জীবাশ্মবিদ রোনাঁ আলাঁ ও তাঁর সহকর্মীরা সেখানে খননকাজ শুরু করেন।
খননের সময় চুনাপাথরের স্তর সরিয়ে প্রায় সম্পূর্ণ একটি নিচের চোয়ালসহ কঙ্কালের বিভিন্ন অংশ পাওয়া যায়। ফ্রান্সের জাতীয় প্রাকৃতিক ইতিহাস জাদুঘর এবং জাতীয় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের সমন্বয়ে কয়েক দফা খনন পরিচালিত হয়। গবেষণার জন্য জীবাশ্মটি জাদুঘরে রাখা হয়।
রোনাঁ আলাঁ ২০০২ সালে পাওয়া হাড়গুলোকে নতুন প্রজাতি হিসেবে বর্ণনা করেন। পরে ২০০৫ সালে কঙ্কালের অন্যান্য অংশ বিশ্লেষণ করে তিনি নতুন গণ ‘ডুব্রুইলোসরাস’ প্রতিষ্ঠা করেন। আবিষ্কারক আন্দ্রে ডুব্রুইয়ের নাম অনুসারেই এই নামকরণ করা হয়। প্রজাতির পূর্ণ নামের দ্বিতীয় অংশ ‘ভ্যালেসডুনেনসিস’ এসেছে নরম্যান্ডির ভ্যাল-এস-ডুন অঞ্চল থেকে।
ব্যক্তিগত সম্পত্তি হওয়ায় তৈরি হয়েছিল বিক্রির সুযোগ
দীর্ঘদিন জাদুঘরে সংরক্ষিত থাকার পর ২০১৪ সাল থেকে জীবাশ্মটি নরম্যান্ডির ভিলের-সুর-মের এলাকার প্যালিওস্পেস জাদুঘরে প্রদর্শিত হচ্ছিল। কিন্তু আবিষ্কারক ডুব্রুই কখনো আনুষ্ঠানিকভাবে এটি দান করেননি। ফলে জীবাশ্মটির মালিকানা তাঁর কাছেই থেকে যায়।
ফরাসি আইন অনুযায়ী, ব্যক্তিমালিকানাধীন জমিতে পাওয়া জীবাশ্ম ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতো জীবাশ্মের জন্য একই ধরনের ঐতিহ্য সংরক্ষণ আইন প্রযোজ্য নয়। ২০২৪ সালে ডুব্রুইয়ের মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারীরা জীবাশ্মটি বিক্রি বা বিদেশে পাঠানোর সুযোগ পান।
নিলাম পরিচালনার দায়িত্বে থাকা ইসাবেল বুদো দ্য লা মোত জানান, জীবাশ্মটির বিরলতা, সংরক্ষণের অবস্থা, পূর্ণতা, আবিষ্কারের ইতিহাস ও বৈজ্ঞানিক গুরুত্ব বিবেচনায় এর মূল্য নির্ধারণ করা হয়েছিল। ১৯৪৪ সালের বোমা হামলায় নরম্যান্ডির আরও অনেক ডাইনোসরের জীবাশ্ম ধ্বংস হওয়ায় এর ঐতিহাসিক গুরুত্বও বেড়েছে।
নিলামের মাত্র ৯ দিন আগে সরকারি সিদ্ধান্ত
নিলামের ক্যাটালগ ছাপা হয়ে যাওয়ার পর ফরাসি সরকারের প্রতিনিধিরা জীবাশ্মটির মালিকদের সঙ্গে সরাসরি কেনার বিষয়ে আলোচনা শুরু করেন। শেষ পর্যন্ত ৯ নভেম্বর ২০২৬ সরকার ঘোষণা দেয়, সংস্কৃতি মন্ত্রণালয় ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ অনুদানে জীবাশ্মটি অধিগ্রহণ করা হয়েছে। নির্ধারিত নিলামের মাত্র নয় দিন আগে এই সিদ্ধান্ত আসে।
এখন জীবাশ্মটি জাতীয় সংগ্রহের অংশ হওয়ায় ভবিষ্যতে ব্যক্তিগতভাবে বিক্রি করার সুযোগ থাকবে না। দীর্ঘদিন সরকারি প্রতিষ্ঠানে সংরক্ষণের পর এটি জনসাধারণের সংগ্রহে স্থায়ীভাবে যুক্ত হওয়ায় পরিবারও সন্তুষ্ট বলে জানিয়েছেন নিলামসংশ্লিষ্ট কর্মকর্তা।
নতুন গবেষণার অপেক্ষায় ডাইনোসরের কঙ্কাল
জাদুঘরে ফিরে জীবাশ্মটির প্রতিটি অংশ নতুন করে তালিকাভুক্ত করা হবে, সংরক্ষণের অবস্থা পরীক্ষা করা হবে এবং হাড়গুলো পুনরায় সংরক্ষণের উপযোগী করে সাজানো হবে। গবেষকেরা এর ত্রিমাত্রিক স্ক্যান এবং সিটি স্ক্যান করার পরিকল্পনা করছেন। এতে হাড়ের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে বিস্তারিত জানা যাবে—যে প্রযুক্তি রোনাঁ আলাঁর প্রাথমিক গবেষণার সময় সহজলভ্য ছিল না।
তবে এই ঘটনা ফ্রান্সের জীবাশ্ম সংরক্ষণ আইনের দুর্বলতাও সামনে এনেছে। জাতীয় প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের কর্মকর্তা ফোরেলের মতে, ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সম্পদ যাতে ব্যক্তিগত বিক্রির ঝুঁকিতে না পড়ে, সে জন্য আইন পরিবর্তন জরুরি।












