ভারতের রাজধানী দিল্লির পূর্বাঞ্চলের প্রীত বিহারে একটি ক্যাফেতে ২২ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে ক্যাফেটিতে এ ঘটনা ঘটে। অভিযোগকারীর দাবি, ক্যাফেটি দিনের কার্যক্রম শেষে বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে অবস্থানরত কয়েকজনের মধ্যে এ অপরাধ সংঘটিত হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভুক্তভোগী, তাঁর বন্ধুবান্ধব এবং অভিযুক্ত ব্যক্তিরা দুটি পৃথক ক্যাফেতে কর্মরত ছিলেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে একটি ক্যাফে বন্ধ হওয়ার পর সেখানে পার্টি করার পরিকল্পনা করেন তাঁরা। দলের একজনের কাছে ক্যাফেটির চাবি থাকায় বন্ধ হওয়ার পরও সেখানে প্রবেশের সুযোগ ছিল।
অভিযোগ অনুযায়ী, প্রথমে তিন নারী ও চার পুরুষ ক্যাফেটিতে উপস্থিত ছিলেন। পরে তাঁরা মান্ডাওয়ালিতে যান। সেখান থেকে রাত প্রায় ৩টার দিকে প্রীত বিহারের দ্বিতীয় একটি ক্যাফেতে পৌঁছান। ওই ক্যাফেতে অভিযুক্তদের একজন কাজ করতেন।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, ভোর সাড়ে ৩টার দিকে দুই ব্যক্তি তাঁকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। অন্যরাও এ অপরাধে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। ওই সময় ক্যাফেতে তিন নারীসহ মোট সাতজন উপস্থিত ছিলেন।
অভিযোগে আরও বলা হয়েছে, উপস্থিত সবাই মদ্যপান করেছিলেন। একপর্যায়ে তরুণী তাঁর মাকে ফোন করে বাসায় ফিরতে দেরি হবে বলে জানান।
ঘটনার পর সবাই নিজ নিজ বাড়িতে চলে যান। ভোর সাড়ে ৫টার দিকে ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করেন।
দিল্লি পুলিশের পূর্বাঞ্চলের উপকমিশনার রাজীব কুমার জানান, এ ঘটনায় দুই নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।












