বাংলাদেশে জেলাভেদে প্রজনন হারে উল্লেখযোগ্য বৈষম্য দেখা যাচ্ছে। দেশের ৬৪ জেলার মধ্যে সর্বোচ্চ প্রজনন হার ভোলায়, আর সর্বনিম্ন বাগেরহাটে। একই সঙ্গে বাল্যবিবাহ এবং শিশুদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের উচ্চ হার দেশের সামাজিক ও জনস্বাস্থ্য পরিস্থিতির নানা অসংগতি সামনে এনেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে তৈরি বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর জেলা অ্যাটলাসে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে ৬৪ জেলা ও তিনটি সিটি করপোরেশনের ৬২ হাজার ৯৮০টি পরিবারের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশে মোট প্রজনন হার ২ দশমিক ৪০। অর্থাৎ একজন নারী তাঁর প্রজনন বয়সে গড়ে ২ দশমিক ৪০টি সন্তানের জন্ম দিচ্ছেন। তবে ভোলায় এই হার ৩ দশমিক ৫০, যা জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। অন্যদিকে বাগেরহাটে হার মাত্র ১ দশমিক ৫০। দুই জেলার ব্যবধান নারীপ্রতি দুই সন্তান।
ভোলার পর দ্বিতীয় সর্বোচ্চ প্রজনন হার মাদারীপুরে ৩ দশমিক ৩০। নোয়াখালীতে এই হার ৩ দশমিক ০০। লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২ দশমিক ৯০ এবং ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর ও গাইবান্ধায় ২ দশমিক ৮০।
অন্যদিকে যশোর, রাজবাড়ী ও নওগাঁয় প্রজনন হার ১ দশমিক ৭০। কুষ্টিয়া ও মানিকগঞ্জে ১ দশমিক ৮০ এবং গাজীপুর, মেহেরপুর ও রাজশাহীতে ১ দশমিক ৯০।
বিভাগীয় হিসাবে সবচেয়ে বেশি প্রজনন হার বরিশালে ২ দশমিক ৬০। চট্টগ্রামে ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০ এবং ঢাকা ও রাজশাহীতে ২ দশমিক ২০। সবচেয়ে কম খুলনা বিভাগে, ২ দশমিক ০০।
পরিবার পরিকল্পনায় জেলাভিত্তিক উদ্যোগের প্রয়োজন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাইনুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ২০২৫-২০৩০ সালের পরিবার পরিকল্পনা কৌশল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ে পর্যাপ্ত জনবল নিয়োগ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ এবং সচেতনতামূলক কর্মসূচি জোরদার করা জরুরি।
উচ্চ প্রজনন হারের জেলাগুলোতে বিশেষ কর্মসূচি নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, নির্দিষ্ট পরিমাণগত লক্ষ্য নির্ধারণ এবং কার্যকর বাস্তবায়ন ছাড়া প্রজনন হার নিয়ন্ত্রণ কঠিন হবে।
বাল্যবিবাহে শীর্ষে জয়পুরহাট
প্রতিবেদনে বাল্যবিবাহের চিত্রও উদ্বেগজনক। জরিপ অনুযায়ী, দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে।
জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি বাল্যবিবাহ জয়পুরহাটে, ৭৩ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ জেলাটিতে এই বয়সী নারীদের প্রায় চারজনের মধ্যে তিনজনের বিয়ে হয়েছে অপ্রাপ্তবয়স্ক অবস্থায়।
দ্বিতীয় অবস্থানে চুয়াডাঙ্গা, ৬৭ দশমিক ৯ শতাংশ। ভোলায় ৬৫ শতাংশ, সিরাজগঞ্জে ৬৩ দশমিক ১ শতাংশ, কুষ্টিয়ায় ৬২ দশমিক ৯ শতাংশ, যশোরে ৬২ দশমিক ৩ শতাংশ, টাঙ্গাইলে ৬১ দশমিক ১ শতাংশ এবং মাগুরায় ৬১ দশমিক ০৯ শতাংশ।
বগুড়ায় এই হার ৫৫ দশমিক ১৮ শতাংশ এবং পাবনায় ৫২ দশমিক ৫৫ শতাংশ।
বিপরীতে সবচেয়ে কম বাল্যবিবাহের হার সিলেটে, ১২ দশমিক ৮ শতাংশ। সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ২৪ দশমিক ৪ শতাংশ, হবিগঞ্জে ২৭ দশমিক ৪ শতাংশ এবং চট্টগ্রামে ২৯ শতাংশ। সামগ্রিকভাবে সিলেট বিভাগে বাল্যবিবাহের প্রবণতা সবচেয়ে কম।
৮৫.৭ শতাংশ শিশু শারীরিক ও মানসিক শাস্তির শিকার
শিশু সুরক্ষার ক্ষেত্রেও উদ্বেগজনক তথ্য দিয়েছে জরিপ। এতে দেখা গেছে, জরিপের আগের এক মাসে দেশের ১ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ৮৫ দশমিক ৭ শতাংশ অন্তত একবার শারীরিক শাস্তি অথবা মানসিক আগ্রাসনের শিকার হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি এই প্রবণতা বান্দরবানে, ৯৮ দশমিক ৭৭ শতাংশ। দিনাজপুরে ৯৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহীতে ৯৪ দশমিক ২৩ শতাংশ, ঠাকুরগাঁওয়ে ৯৩ দশমিক ৮৪ শতাংশ এবং খাগড়াছড়িতে ৯৩ দশমিক ৫৫ শতাংশ।
অন্যদিকে সিলেটে এই হার সবচেয়ে কম, ৬৩ দশমিক ৫১ শতাংশ। চাঁদপুরে ৭১ দশমিক ১৭ শতাংশ, বরগুনায় ৭৩ দশমিক ৬৩ শতাংশ এবং নওগাঁয় ৭৫ দশমিক ১১ শতাংশ।
প্রজনন হার, বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতার এই জেলাভিত্তিক পার্থক্য পরিবার পরিকল্পনা, নারীশিক্ষা, শিশু সুরক্ষা এবং সামাজিক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নে অঞ্চলভিত্তিক পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। জাতীয় পর্যায়ের গড়ের পাশাপাশি স্থানীয় বাস্তবতা বিবেচনায় না নিলে এসব সামাজিক সূচকে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন কঠিন হতে পারে।












