বাংলাদেশ ও ডেনমার্ক ২০২৮ সালের পরের সহযোগিতার জন্য নতুন কাঠামো তৈরির প্রক্রিয়া ২০২৭ সালে শুরু করতে সম্মত হয়েছে। ঢাকায় বৃহস্পতিবার অনুষ্ঠিত দুই দেশের চতুর্থ দফা বাংলাদেশ-ডেনমার্ক রাজনৈতিক আলোচনায় এ সিদ্ধান্ত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন কাঠামোয় বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্ব আরও বেশি প্রতিফলিত হবে।
বৈঠকে সহসভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব-পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারত্ব বিষয়ক স্টেট সেক্রেটারি এলসেবেথ সন্ডারগার্ড ক্রোন। দুই পক্ষ ২০২৩ থেকে ২০২৮ সাল পর্যন্ত মেয়াদি টেকসই ও সবুজ কাঠামোগত অংশীদারত্ব এবং যৌথ কর্মপরিকল্পনার আওতায় সম্পর্ক আরও জোরদার করার কথা বলেছে। বাংলাদেশ দীর্ঘমেয়াদি ও অনুমানযোগ্য বাজারসুবিধার ওপর জোর দিয়েছে, যাতে অর্থনৈতিক উন্নয়ন ও মসৃণ উত্তরণ নিশ্চিত হয়। ডেনমার্ক বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তির জন্য চলমান প্রাথমিক উদ্যোগকে সমর্থন জানিয়েছে।
আলোচনায় জলবায়ু অভিযোজন, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, পানি ব্যবস্থাপনা, বৃত্তাকার অর্থনীতি, টেকসই কৃষি, সামুদ্রিক বিষয় ও শিক্ষায় সহযোগিতার কথা উঠে আসে। দুই দেশ নিরাপদ ও নিয়মিত অভিবাসনের পথ এবং দক্ষতা উন্নয়ন নিয়েও কথা বলেছে। আগের দফার সিদ্ধান্ত ধরে তারা বাংলাদেশ-ডেনমার্ক বাণিজ্য ও বিনিয়োগ কমিটি গঠনের প্রস্তাব এগিয়ে নিতে একমত হয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা করে এ কমিটি গঠন করা হবে। কমিটি বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে কাজ করবে, ব্যবসায়ীদের সামনের বাধা চিহ্নিত করবে এবং বাণিজ্যিক সুযোগের অগ্রগতি অনুসরণ করবে।
আলোচনার ফাঁকে বেশ কয়েকটি অগ্রগতিকে স্বাগত জানানো হয়েছে। পাঁচ বছর মেয়াদি আগের সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব বিষয়ে নতুন করে সরকার থেকে সরকার পর্যায়ে সমঝোতা স্মারক সই হয়েছে। সায়েদাবাদ পানি শোধনাগার তৃতীয় পর্যায়ের দ্বিতীয় অংশ বাস্তবায়নে সংশোধিত ক্রয়কৌশলের বিষয়েও সমঝোতা হয়েছে। প্রকল্পটির ব্যয় ২৪০ কোটি ডেনিশ ক্রোনার, যা প্রায় ৩০ কোটি ইউরোর সমান। এতে সহায়তা দিচ্ছে ইমপ্যাক্ট ফান্ড ডেনমার্ক। প্রকল্পটি ঢাকায় নিরাপদ পানির সুবিধা বাড়াবে বলে দুই পক্ষ আশা করছে। এ ছাড়া এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও এপিএম টার্মিনালসের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর আওতায় ইন্টার্নশিপ, কর্মসংস্থান ও সামুদ্রিক শিক্ষার সুযোগ বাড়বে।
রোহিঙ্গা প্রসঙ্গেও কথা হয়েছে। ডেনমার্ক বাস্তুচ্যুত রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে। গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচারিক আদালতের সাম্প্রতিক রায়কে দুই পক্ষ স্বাগত জানিয়েছে এবং রায়ের পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে টেকসই সমাধানের প্রতিশ্রুতিও আবার জানানো হয়েছে। পরবর্তী পঞ্চম দফা বাংলাদেশ-ডেনমার্ক রাজনৈতিক আলোচনা ২০২৭ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত হবে।












