বরিশালে আদালত ভবন থেকে পড়ে এক কলেজ ক্যাশিয়ারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. নাজমুল হক। তাঁর বয়স ৩৫ বছর। তিনি বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে ১০ তলা আদালত ভবনের ষষ্ঠ তলা থেকে নাজমুল নিচে পড়ে যান। প্রাথমিকভাবে তিনি ভবন থেকে লাফ দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আদালত পুলিশের পরিদর্শক তারক বিশ্বাস বলেন, আদালত ভবন থেকে কেউ পড়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে নাজমুলকে পড়ে থাকতে দেখা যায়।
তবে তিনি কেন আদালত ভবনে গিয়েছিলেন এবং কী কারণে ভবন থেকে পড়ে গেলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।












