নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্বেগের কারণে জেলহত্যা দিবস উপলক্ষে বিশেষ প্রদর্শনী স্থগিত করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। মঙ্গলবার বিকেল ৪টায় প্রদর্শনীটি উদ্বোধনের কথা থাকলেও নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
‘স্বাধীনতাসংগ্রামে চার জাতীয় নেতা’ শিরোনামের প্রদর্শনীটি জাদুঘরের ৬ নম্বর গ্যালারিতে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত প্রদর্শনীটি চলার কথা ছিল।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করায় তাদের অনুরোধে প্রদর্শনী স্থগিত করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, প্রদর্শনী আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় পুলিশকে জানিয়েছিল, সংশ্লিষ্ট অনুমতি ছাড়া ওই স্থানে কোনো কর্মসূচি আয়োজন করা যাবে না। পরে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে জাদুঘর পরিদর্শন করে।
প্রদর্শনী বাতিল হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাদুঘর কর্তৃপক্ষ সেখানে কোনো কর্মসূচি আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য সাবেক সচিব ও মুক্তিযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা ওয়ালিউল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে চার জাতীয় নেতার অবদান তুলে ধরার পরিকল্পনা ছিল।
১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের চার গুরুত্বপূর্ণ নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে। তাঁদের স্মরণেই প্রতিবছর জেলহত্যা দিবস পালন করা হয়।












