শীতের শুরুতেই ভয়াবহ ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। বৃষ্টির পানিতে প্রায় ৭০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনির অস্থায়ী তাঁবু প্লাবিত হয়েছে। কোনো কোনো আশ্রয়শিবিরে পানির উচ্চতা দেড় মিটার পর্যন্ত পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে ৭ নভেম্বর সর্বোচ্চ জরুরি অবস্থা ঘোষণা করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
ঝড়ের পর জরুরি সহায়তা চেয়ে ২ হাজার ১৬৬টি ফোনকল পেয়েছে উদ্ধারকারী সংস্থার জরুরি কেন্দ্র। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে মাত্র ২১৮টি ঘটনায় সাড়া দেওয়া সম্ভব হয়েছে। ফলে হাজারো পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। অনেকের ঘুমানোর জায়গা পানিতে তলিয়ে গেছে, নষ্ট হয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র।
শীতকাল শুরু হওয়ার আগেই এমন পরিস্থিতি গাজার বাস্তুচ্যুত মানুষের আশ্রয় ও নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
উদ্ধারকাজে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় গাজার বিভিন্ন আশ্রয়শিবির, অস্থায়ী বসতি এবং আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, সীমিত সক্ষমতার কারণে উদ্ধারকর্মীরা অধিকাংশ বিপদগ্রস্ত মানুষের কাছে পৌঁছাতে পারছেন না।
সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, বাস্তুচ্যুত পরিবার, আশ্রয়কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তিরা এবং যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারা সহায়তা চেয়ে যোগাযোগ করেছেন। উদ্ধারকারী দল সরাসরি পৌঁছাতে না পারায় অনেক পরিবারকে দূর থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষের হিসাবে, কয়েকটি এলাকায় পানির উচ্চতা দেড় মিটার পর্যন্ত উঠেছে। এদিকে হামাস পরিচালিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ঝড়ের কারণে বিভিন্ন স্থানে কয়েক ডজন দেয়াল ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে গুরুতর আহতও রয়েছেন। ঝড়ে সরাসরি ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রায় ৩০ লাখ ডলার। তবে এটি পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব নয়।
আশ্রয় ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাজেদ আবু রমাদান সতর্ক করে বলেছেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে ধারাবাহিক ঝড় গাজার মানবিক ও স্বাস্থ্য পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে।
তাঁর মতে, পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়া, বর্জ্য জমে থাকা, বিশুদ্ধ পানির সংকট, অতিরিক্ত জনসমাগম এবং অপুষ্টি পরিস্থিতিকে জটিল করে তুলছে। বিশেষ করে শিশু, নবজাতক, বয়স্ক মানুষ এবং অসুস্থ ব্যক্তিরা বেশি ঝুঁকিতে রয়েছেন।
ক্ষতিগ্রস্ত তাঁবুতে ঠান্ডা ও স্যাঁতসেঁতে পরিবেশে দীর্ঘ সময় বসবাস করলে শ্বাসতন্ত্রের সংক্রমণ, ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার ঝুঁকি বাড়তে পারে। অন্যদিকে পয়োবর্জ্য ও ময়লা জমে থাকায় পানিবাহিত এবং অন্যান্য সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করেছেন, যুদ্ধের কারণে হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ওষুধ, চিকিৎসাসামগ্রী, জ্বালানি এবং স্বাস্থ্যকর্মীর ঘাটতিতে স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা কমে গেছে। ফলে নতুন করে রোগের বিস্তার ঘটলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতে পারে।

জাতিসংঘের হিসাবেই আশ্রয়সামগ্রীর তীব্র সংকট
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর ৫ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছিল, শীত ও বর্ষা মোকাবিলায় গাজায় প্রয়োজনীয় আশ্রয়সামগ্রীর তুলনায় মজুত অনেক কম।
প্রতিবেদন অনুযায়ী, ১ নভেম্বর পর্যন্ত গাজায় প্রায় ১ লাখ ২১ হাজার তাঁবু, ৫ লাখ ৬১ হাজার ত্রিপল, ৫৭ হাজার জরুরি আশ্রয়কিট এবং ১৭ লাখ গদি প্রয়োজন ছিল। অথচ সেখানে মজুত ছিল মাত্র ২ হাজার ৮০০ তাঁবু, ৭৬ হাজার ত্রিপল এবং ৪ হাজার ৯৯৩টি গদি। জরুরি আশ্রয়কিটের কোনো মজুত ছিল না।
শীত মোকাবিলার প্রস্তুতিতে প্রয়োজনীয় অর্থের পরিমাণ ধরা হয়েছিল ২৬ কোটি ৭৯ লাখ ডলার। এর মধ্যে ১৮ কোটি ৬৫ লাখ ডলারের ঘাটতি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সরঞ্জাম প্রবেশে বাধা, অর্থের অভাব এবং কেনাকাটার প্রক্রিয়ায় বিলম্বকে প্রস্তুতির প্রধান প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।
শীতের আগে থেকেই ছিল বন্যার আশঙ্কা
গাজার আশ্রয়কেন্দ্রগুলোর দুরবস্থা নিয়ে এর আগেও সতর্ক করেছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মানবিক সহায়তা সংস্থাগুলো। সেপ্টেম্বরে ফিলিস্তিনের সমাজকল্যাণ মন্ত্রণালয় জানায়, দীর্ঘদিন রোদ, গরম, বাতাস ও বৃষ্টিতে ব্যবহৃত তাঁবুগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। বারবার স্থানান্তর ও খুলে নেওয়ার কারণেও এগুলোর স্থায়িত্ব কমেছে।

জাতিসংঘের আগের এক মূল্যায়নে দেখা যায়, গাজার ৪৫১টি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে। এসব স্থানে বসবাস করছিলেন আনুমানিক ৪ লাখ ৬৪ হাজার ৪০২ জন।
পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশেষ উদ্ধারযান, উদ্ধার সরঞ্জাম, তাঁবু, ত্রিপল ও অস্থায়ী আবাসন প্রবেশের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বিশুদ্ধ পানি, শীতবস্ত্র, কম্বল, স্বাস্থ্যসামগ্রী এবং পয়োনিষ্কাশনব্যবস্থা মেরামতে জরুরি সহায়তা চেয়েছেন।
শীতের বাকি সময়েও ঝড় ও বৃষ্টির আশঙ্কা থাকায় গাজার বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এখন বড় জরুরি চ্যালেঞ্জ।
গাজায় ভয়াবহ ঝড়ে প্রায় ৭০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনির তাঁবু প্লাবিত হয়েছে। উদ্ধারকাজে সংকট, শীত ও রোগের ঝুঁকি বাড়ছে।












