গাজা পুনর্গঠনের অর্থ সংগ্রহ এবং বিস্তৃত বৈশ্বিক সংকট সমাধানের লক্ষ্য নিয়ে চলতি মাসেই একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠক আয়োজনের পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি গাজার শাসন, নিরাপত্তা ও পুনর্গঠন তদারকির জন্য গঠিত নির্বাহী কমিটির সদস্যদের অংশগ্রহণের কথা রয়েছে। ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা জানিয়েছেন, আমন্ত্রিত নেতাদের উপস্থিতি কতটা বিস্তৃত হবে তা এখনও স্পষ্ট নয়, তবে অংশগ্রহণ শক্তিশালী হবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।
শান্তি বোর্ড ও বৈশ্বিক লক্ষ্য
প্রাথমিকভাবে ইসরায়েল-হামাস যুদ্ধের অবসান কে কেন্দ্র করে গঠিত এই শান্তি বোর্ড এখন আরও বৃহত্তর বৈশ্বিক সংকট সমাধানের ম্যান্ডেট নিচ্ছে। অনেক বিশ্লেষকের মতে, এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইরে বিকল্প কূটনৈতিক কাঠামো তৈরির যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রচেষ্টার অংশ। যুক্তরাষ্ট্রের কয়েকটি ঘনিষ্ঠ মিত্র দেশ এই উদ্যোগে যোগ দিতে অনাগ্রহ দেখিয়েছে, কারণ তারা এটিকে বিদ্যমান আন্তর্জাতিক কাঠামোর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে।
কূটনীতিতে ভেন্যুর গুরুত্ব
শান্তি আলোচনা শুধু আলোচনার বিষয়বস্তুর উপর নির্ভর করে না; আলোচনার স্থান ও কূটনৈতিক পরিবেশকে গভীরভাবে প্রভাবিত করে। নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য স্থান উত্তেজনা কমায়, আস্থা তৈরি করে এবং আলোচনাকে বাস্তবসম্মত পথে এগিয়ে নিতে সহায়তা করে। গত কয়েক দশকে ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার উচ্চ ঝুঁকির আলোচনার জন্য গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী কেন্দ্র হিসেবে উঠে এসেছে। এই উত্থান কাকতালীয় নয়; বরং নিরপেক্ষতা, কৌশলগত সক্ষমতা, গোপনীয়তা রক্ষা এবং নরম কূটনৈতিক শক্তি প্রদর্শনের সমন্বিত রাষ্ট্রনীতির ফল।
বৈশ্বিক শক্তির ভারসাম্যে পরিবর্তন
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অচলাবস্থা এবং বড় শক্তিগুলোর অবস্থানগত জটিলতার মধ্যে উপসাগরীয় দেশগুলো নতুন কূটনৈতিক শূন্যতা পূরণ করছে। বিশেষ করে আবুধাবি এখন এমন এক বৈশ্বিক সংলাপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে মতাদর্শগত মিলের কারণে নয়, বরং স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতার কারণে বিরোধী পক্ষগুলো আলোচনায় বসতে রাজি হয়।
আবুধাবির কূটনৈতিক মডেল
সংযুক্ত আরব আমিরাতের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি তাকে প্রতিদ্বন্দ্বী ভূ রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে সক্ষম করেছে। ফলে এমন পক্ষগুলোকে একই টেবিলে আনা সম্ভব হচ্ছে, যারা অন্য কোথাও আলোচনায় বসতে রাজি নয়। সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন বিনিময় আলোচনায় এই সক্ষমতা স্পষ্ট হয়েছে। একই সঙ্গে উচ্চমানের নিরাপত্তা, প্রশাসনিক সমন্বয়, গোপন যোগাযোগ ব্যবস্থা এবং নিয়ন্ত্রিত গণমাধ্যম পরিবেশ আবুধাবিকে সংবেদনশীল আলোচনার জন্য আকর্ষণীয় স্থানে পরিণত করেছে। বাস্তবমুখী ফল, মানবিক অগ্রগতি এবং ধাপে ধাপে আস্থা তৈরির ওপর জোর দেওয়া ই তাদের কূটনৈতিক সংস্কৃতির মূল বৈশিষ্ট্য।
নতুন কূটনৈতিক কেন্দ্রের উত্থান
বিশ্বজুড়ে প্রচলিত কূটনৈতিক পথ সংকুচিত হওয়ার সঙ্গে সঙ্গে আবুধাবি এমন এক বিরল পরিসর তৈরি করেছে, যেখানে প্রতিপক্ষ শক্তিগুলো প্রতীকী চাপ বা অতিরিক্ত নজরদারি ছাড়াই মুখোমুখি বসতে পারে। নিরপেক্ষতা, নিরাপত্তা এবং দক্ষ ব্যবস্থাপনার সমন্বয়ে এটি ক্রমেই বৈশ্বিক শান্তি উদ্যোগের অন্যতম কেন্দ্রে পরিণত হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















