ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যমগুলো। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
শনিবার রাজধানী সানার পূর্বাঞ্চলের আল-শারিয়াহ শহরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে হুতিদের পরিচালিত সংবাদ সংস্থা। হামলার পর ধসে পড়া কয়েকটি ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীদের মরদেহ বের করতে দেখা গেছে। আহতদের স্ট্রেচারে করে স্থানীয় হাসপাতালে নেওয়ার দৃশ্যও সম্প্রচার করা হয়েছে।
তবে সৌদি আরবের বিমান হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে এই জোট।
ইরান যুদ্ধের প্রভাবে নতুন করে সংঘাত
ইয়েমেনে এক দশকেরও বেশি সময় ধরে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন জোট। কয়েক বছর ধরে যুদ্ধ পরিস্থিতি অনেকটা স্থবির থাকলেও ইরান যুদ্ধের প্রভাবে দেশটিতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে।
সানায় হুতিদের নিয়ন্ত্রণাধীন বিমানবন্দরে ইরানের একটি বিমান অবতরণ ঠেকাতে সৌদি জোট সেখানে হামলা চালানোর পর পরিস্থিতির অবনতি ঘটে। এর জবাবে হুতিরা সৌদি আরবের আভা বিমানবন্দরে হামলা চালায়। পরে হরমুজ প্রণালির বিকল্প হিসেবে লোহিত সাগর ব্যবহার করা সৌদি জাহাজগুলোও লক্ষ্যবস্তু করতে শুরু করে তারা। এরপর সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনী ও হুতিদের মধ্যে বড় ধরনের লড়াই শুরু হয়।
বাজারে হামলায় নিহত ৩০
এর আগে শুক্রবার ইয়েমেনের তাইজ প্রদেশের একটি বাজারে হামলায় ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। সাম্প্রতিক সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে এই প্রদেশ। হুতিরা ওই হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছে। অন্যদিকে ইয়েমেনের সরকারি বাহিনীর অভিযোগ, হুতিরা সেখানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইয়েমেনে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ।
পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি
সৌদি আরব নিয়মিত হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। অন্যদিকে হুতিরাও সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাসহ বিভিন্ন স্থাপনায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আল-শারিয়াহতে হামলার কয়েক ঘণ্টা আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রিয়াদের দিকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
সর্বশেষ সৌদি আরবের বিমান হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন হুতি নেতা মাহদি আল-মাশাত। তিনি বলেছেন, ইয়েমেনে সাম্প্রতিক হামলার প্রতিশোধ নেওয়া হবে।












