সাহারা মরুভূমিতে পাওয়া মঙ্গলের প্রাচীন উল্কাপিণ্ড বিজ্ঞানীদের সামনে গ্রহটির ইতিহাসের নতুন দরজা খুলে দিয়েছে। প্রায় ৪১০ কোটি বছর পুরোনো এই পাথরে এমন রাসায়নিক ও খনিজ উপাদানের সন্ধান মিলেছে, যা থেকে ধারণা করা হচ্ছে, মঙ্গলের ভূত্বকে সেই সময় পানির প্রভাব ছিল।
২০২২ সালে পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি লবণাক্ত সমতল ভূমিতে উল্কাপিণ্ডটি খুঁজে পান অনুসন্ধানকারীরা। এর নাম রাখা হয়েছে তেঘাজা ০০১। আটটি খণ্ডে বিভক্ত উল্কাপিণ্ডটির মোট ওজন ৭৯৮ দশমিক ৫ গ্রাম। এর সবচেয়ে বড় খণ্ডটির ওজন ৪৪২ গ্রাম।
সম্প্রতি বিজ্ঞানীরা এর বয়স ও গঠন বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছেন, এটি মঙ্গল থেকে আসা এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন উল্কাপিণ্ডগুলোর একটি। গবেষণায় দেখা গেছে, মঙ্গলের প্রাচীন উল্কাপিণ্ড তেঘাজা ০০১ অন্তত ৪১০ কোটি বছর আগে তৈরি হয়েছিল। অর্থাৎ মঙ্গলের জন্মের প্রথম ৪০ কোটি বছরের মধ্যেই এর সৃষ্টি।
মঙ্গলের ভূত্বকে পানির প্রভাব
বিজ্ঞানীদের ধারণা, মঙ্গলের অভ্যন্তরের উত্তপ্ত শিলা গলে যে লাভা তৈরি হয়েছিল, তা থেকেই উল্কাপিণ্ডটির জন্ম। পরে সেই পদার্থ মঙ্গলের বাইরের ভূত্বকের অংশ হয়ে ওঠে।
এর রাসায়নিক গঠন বিশ্লেষণ করে গবেষকেরা এমন কিছু বৈশিষ্ট্য পেয়েছেন, যা আগে পরীক্ষা করা অন্য কোনো মঙ্গলীয় উল্কাপিণ্ডে দেখা যায়নি। বিশেষ করে এর খনিজ ও রাসায়নিক উপাদানের বিন্যাস থেকে বোঝা যায়, প্রাচীনকালে মঙ্গলের ভূত্বকের কোনো এক অঞ্চলে পানির সঙ্গে শিলার রাসায়নিক বিক্রিয়া ঘটেছিল।
গবেষণার প্রধান লেখক ও যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গ্রহবিজ্ঞানী ইয়াং লিউ বলেন, এই উল্কাপিণ্ড মঙ্গলের এমন একটি ভূত্বকীয় অঞ্চলের নমুনা, যেখান থেকে আগে কোনো শিলা সংগ্রহ করা সম্ভব হয়নি। তাঁর মতে, এটি মঙ্গলের প্রাথমিক ভূত্বক ও অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানার বিরল সুযোগ তৈরি করেছে। একই সময়ে পৃথিবীতে প্রাণের বিকাশের প্রাথমিক পর্যায় চলছিল।
স্ফটিক থেকে জানা গেল পাথরের বয়স
প্রথমে উল্কাপিণ্ডটিকে মঙ্গলের পরিচিত এক ধরনের সাধারণ আগ্নেয় শিলা বলে মনে করা হয়েছিল। ফলে গবেষক ইয়াং লিউ প্রথমে এটি নিয়ে কাজ করতে আগ্রহী হননি। কিন্তু নমুনাটিতে জিরকন নামের এক ধরনের স্ফটিক পাওয়ার পর তাঁর আগ্রহ তৈরি হয়। গলিত শিলা ঠান্ডা হয়ে শক্ত হওয়ার সময় এই স্ফটিক তৈরি হয়। এর বিশেষত্ব হলো, স্ফটিকের গঠন বিশ্লেষণ করে শিলার সৃষ্টির সময় নির্ভুলভাবে নির্ধারণ করা যায়।
জিরকন বিশ্লেষণে উল্কাপিণ্ডটির বয়স অন্তত ৪১০ কোটি বছর বলে জানা যায়। পরে বয়স নিশ্চিত করতে গবেষকেরা নতুন একটি পরীক্ষাপদ্ধতিও ব্যবহার করেন। এ পদ্ধতিতে লেজারের সাহায্যে নমুনার অতি ক্ষুদ্র অংশ বাষ্পীভূত করে পরীক্ষা করা হয়। চুলের ব্যাসের প্রায় এক-দশমাংশ আকারের লেজার রশ্মি দিয়ে উল্কাপিণ্ডের ভেতরের ক্ষুদ্র স্ফটিক ও খনিজ কণা বিশ্লেষণ করা হয়।
গবেষণায় যুক্ত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক হেওয়ার্ড মেল্টন জানান, প্রচলিত পদ্ধতিতে কোনো নমুনার বয়স নির্ধারণে প্রায় এক মাস সময় লাগতে পারে। নতুন পদ্ধতিতে সেই কাজ এক দিনেই করা সম্ভব। এতে নমুনার মূল উপাদানেরও বেশি অংশ ভবিষ্যৎ গবেষণার জন্য সংরক্ষণ করা যায়।
পৃথিবী ও মঙ্গলের পার্থক্য বোঝার সুযোগ
তেঘাজা ০০১ মূলত ব্যাসল্টজাতীয় শিলা। পৃথিবীর সমুদ্রের তলদেশে এবং আইসল্যান্ড ও হাওয়াইয়ের মতো আগ্নেয় অঞ্চলেও এ ধরনের শিলা দেখা যায়। তবে এর খনিজ গঠনে কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য রয়েছে। উল্কাপিণ্ডটি প্রধানত ক্যালসিয়ামসমৃদ্ধ দুটি খনিজ দিয়ে তৈরি, কিন্তু সেগুলোর অনুপাত আগে পরীক্ষা করা অন্য কোনো মঙ্গলীয় নমুনার সঙ্গে মেলে না। এতে অক্সিজেনের বিভিন্ন সমস্থানিকের পরিমাণেও ব্যতিক্রম দেখা গেছে।
গবেষকদের মতে, এসব বৈশিষ্ট্য শুধু মঙ্গলের প্রাচীন পরিবেশ সম্পর্কে জানতেই সাহায্য করবে না, পৃথিবীর সঙ্গে গ্রহটির পার্থক্য বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে। হেওয়ার্ড মেল্টনের মতে, মঙ্গলে একসময় পানি থাকার পরও কেন গ্রহটি ধীরে ধীরে শুষ্ক হয়ে গেল, অথচ পৃথিবীতে পানি ও প্রাণের উপযোগী পরিবেশ টিকে থাকল, এ প্রশ্নের উত্তর খুঁজতে এই নমুনা সহায়তা করতে পারে।
মঙ্গলের কোন অঞ্চল থেকে এসেছিল উল্কাপিণ্ডটি
কোনো গ্রহাণু বা ধূমকেতু মঙ্গলে আঘাত করলে সেই সংঘর্ষের শক্তিতে পাথরের টুকরো মহাকাশে ছিটকে যেতে পারে। তেঘাজা ০০১-এর ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছিল বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলের তুলনামূলক দুর্বল মহাকর্ষ ছাড়িয়ে পাথরটি মহাকাশে চলে যায়। এরপর কয়েক লাখ থেকে কয়েক মিলিয়ন বছর পর্যন্ত সূর্যকে কেন্দ্র করে ঘুরে বেড়ানোর পর পৃথিবীর মহাকর্ষের টানে বায়ুমণ্ডলে প্রবেশ করে। তবে মঙ্গলে ঠিক কখন সংঘর্ষ ঘটেছিল কিংবা পৃথিবীতে এটি কখন পড়েছিল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
গবেষকেরা মঙ্গলের দক্ষিণ গোলার্ধের উচ্চভূমিতে এমন ১৩টি সম্ভাব্য স্থান চিহ্নিত করেছেন, যেখান থেকে উল্কাপিণ্ডটি আসতে পারে। যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ভূবিজ্ঞানী ম্যাথিউ জেঞ্জ বলেন, এই উল্কাপিণ্ডের গুরুত্ব শুধু এর প্রাচীনত্বে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে মঙ্গলের পৃষ্ঠের গভীরের শিলার গঠন সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব।
উল্কাপিণ্ডটি আবিষ্কারের পর যুক্তরাষ্ট্রের মেইন মিনারেল অ্যান্ড জেম জাদুঘরের উল্কাপিণ্ড বিভাগের প্রধান ড্যারিল পিটের নজরে আসে। পরে তিনি একটি অপ্রকাশিত অর্থের বিনিময়ে নমুনাটি জাদুঘরের সংগ্রহে নেওয়ার ব্যবস্থা করেন। বিজ্ঞানীরা মনে করছেন, মঙ্গলের প্রাচীন উল্কাপিণ্ড তেঘাজা ০০১ নিয়ে গবেষণা এখানেই শেষ নয়। এর অস্বাভাবিক খনিজ ও রাসায়নিক বৈশিষ্ট্য মঙ্গলের প্রাথমিক ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে আরও নতুন তথ্য দিতে পারে।












