বিশ্বজুড়ে আবারও আলোচনায় এসেছে পুরোনো ধাঁচের এক গুপ্তচরবৃত্তির কেলেঙ্কারি। বিভিন্ন দেশের ট্যাবলয়েড পত্রিকায় এ নিয়ে মুখরোচক সব শিরোনাম প্রকাশিত হচ্ছে। নিউইয়র্ক পোস্টের ‘হুয়াং ফর হার বাক’ এবং ‘হুয়াং হুয়াং ব্যাং ব্যাং’ শিরোনামও পাঠকদের দৃষ্টি কেড়েছে। যৌনতা ও গুপ্তচরবৃত্তি—প্রাচীন এই দুই পেশার সংঘাত নতুন করে আলোচনায় এসেছে।
গুপ্তচরবৃত্তি দ্বিতীয় প্রাচীনতম পেশা হিসেবে পরিচিত। এই পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সব সময় লক্ষ্যবস্তুর দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করেন। কোনো ব্যক্তিকে গুপ্তচর হিসেবে নিয়োগের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত ‘মাইস’ (MICE) নীতি অনুসরণ করে। এর চারটি প্রধান উপাদান হলো অর্থ, আদর্শ, জবরদস্তি ও আত্মঅহমিকা। অর্থাৎ অর্থের প্রলোভন, রাজনৈতিক বা আদর্শিক বিশ্বাস, চাপ প্রয়োগ কিংবা ব্যক্তিগত অহমবোধ—এসবের যেকোনোটি কাউকে গুপ্তচরবৃত্তিতে যুক্ত করার হাতিয়ার হতে পারে।
হানি ট্র্যাপের দীর্ঘ ইতিহাস
হানি ট্র্যাপ বা প্রলোভনের ফাঁদ হিসেবে পরিচিত এই কৌশলের ইতিহাস বেশ সমৃদ্ধ। এ প্রসঙ্গে প্রথমেই মনে আসে মাতাহারির নাম। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া এই ডাচ নৃত্যশিল্পীর বিরুদ্ধে ফরাসি অভিজাত সমাজের ব্যক্তিদের প্রলুব্ধ করার অভিযোগ ছিল। গুপ্তচরবৃত্তিতে যৌন আকর্ষণ ব্যবহারের সঙ্গে তাঁর নাম এতটাই জড়িয়ে গেছে যে, হানি ট্র্যাপের কথা উঠলেই তাঁর নাম সামনে আসে।
শুধু নারীরাই যে এ ধরনের কৌশল ব্যবহার করেন, তা নয়। পুরুষদেরও একই কাজে নিয়োগ করা হয়েছে। স্নায়ুযুদ্ধের সময় পূর্ব জার্মানির কুখ্যাত গোয়েন্দা সংস্থা স্টাসির প্রধান মার্কুস উলফ পশ্চিম জার্মানির সরকারি দপ্তরগুলোতে কর্মরত নারী কর্মকর্তাদের ফাঁদে ফেলতে পুরুষ গুপ্তচর নিয়োগ করেছিলেন। তাঁদের বলা হতো ‘রোমিও’।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর ওয়েবসাইটে পূর্ব জার্মানির স্টাসির এ ধরনের কর্মকাণ্ডের একাধিক বিবরণ রয়েছে। ‘ফেলিক্স’ ছিলেন প্রথম দিককার রোমিওদের একজন। পঞ্চাশের দশকে তিনি পশ্চিম জার্মানিতে যান এবং সেখানে সরকারি কর্মচারী ‘নরমা’কে নিজের সঙ্গে যুক্ত করেন। নরমা পশ্চিম জার্মানির চ্যান্সেলর কার্যালয় থেকে পাওয়া গোপন নথি তাঁর হাতে তুলে দিতেন।
সিআইএর তথ্য অনুযায়ী, স্নায়ুযুদ্ধের সময় গুপ্তচরবৃত্তির অভিযোগে পশ্চিম জার্মানিতে ৪০ জন নারী বিচারের মুখোমুখি হয়েছিলেন।
যৌন দুর্বলতাকে হাতিয়ার করে নিয়োগ
হানি ট্র্যাপের ইতিহাসে আরও নানা ধরনের ঘটনা রয়েছে। পঞ্চাশের দশকে সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবি মস্কোয় ব্রিটিশ দূতাবাসে কর্মরত জন ভ্যাসলকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। তাঁকে কয়েকজন পুরুষের সঙ্গে আপত্তিকর পরিস্থিতিতে ছবি তোলা হয়েছিল। পরবর্তী সময়ে প্রকাশিত বিবরণ অনুযায়ী, এ কাজে তাঁকে মাদক প্রয়োগ করে অসহায় অবস্থায় নেওয়া হয়েছিল।
ছবিগুলো প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে কেজিবি তাঁকে চাপে ফেলে। একপর্যায়ে ভ্যাসল সোভিয়েত গোয়েন্দাদের কাছে বিপুলসংখ্যক গোপন নথি সরবরাহ করতে শুরু করেন।
আশির দশকেও একই ধরনের ঘটনা ঘটে। মস্কোয় মার্কিন দূতাবাসে দায়িত্ব পালনকারী মেরিন নিরাপত্তারক্ষী ক্লেটন লোনট্রি কেজিবির পাতা হানি ট্র্যাপে আটকা পড়েন। পরে তিনি সোভিয়েত গোয়েন্দাদের হয়ে কাজ শুরু করেন এবং সংবেদনশীল তথ্য সরবরাহ করেন।
সব সংস্কৃতিতে কি হানি ট্র্যাপ কার্যকর?
তবে হানি ট্র্যাপ সব ব্যক্তির ক্ষেত্রে সমানভাবে কার্যকর হয় না। এ ক্ষেত্রে সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফ্রান্স এর একটি উল্লেখযোগ্য উদাহরণ।

‘দ্য মেকিং অব সিক্রেট এজেন্টস’ নামের একটি ফরাসি প্রামাণ্যচিত্রে নিকোলাস ছদ্মনামে পরিচিত এক ফরাসি গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ফরাসি সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক এতটাই প্রচলিত যে, এ ধরনের বিষয়কে ব্যবহার করে কাউকে ব্ল্যাকমেইল করার সুযোগ অনেক সময় খুবই সীমিত।
কারও বিবাহবহির্ভূত সম্পর্কের কথা তাঁর জীবনসঙ্গীকে জানিয়ে দেওয়ার হুমকি দেওয়া হলে তিনি হয়তো বিষয়টিকে তেমন গুরুত্বই দেবেন না। ফলে এ ধরনের চাপ প্রয়োগে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন। ফরাসিদের ক্ষেত্রে ‘মাইস’ নীতির অন্য উপাদানগুলো হয়তো বেশি কার্যকর হতে পারে।
মার্কিন গোয়েন্দারা কেন হানি ট্র্যাপ এড়িয়ে চলে?
গোয়েন্দা কার্যক্রম নিয়ে আগ্রহীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, উন্মুক্ত সূত্রে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত হানি ট্র্যাপ কৌশল ব্যবহারে আগ্রহী নয়।
এর কারণ অবশ্য নৈতিক সংকোচ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি কেউ কেউ দাবি করেছেন, সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা হয়তো এ ধরনের কৌশলকে অনৈতিক মনে করে এড়িয়ে চলেন। কিন্তু বাস্তব কারণ হিসেবে উঠে এসেছে কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি গোয়েন্দা সম্পর্কের বিষয়টি।
সাবেক অনেক গোয়েন্দা কর্মকর্তা মনে করেন, ব্ল্যাকমেইলের মাধ্যমে নিয়োগ করা ব্যক্তিদের দিয়ে দীর্ঘমেয়াদে কার্যকর গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলা কঠিন। বরং কোনো ব্যক্তি নিজের বিশ্বাস ও উদ্দেশ্য থেকে তথ্য সরবরাহ করছেন—এমন পরিস্থিতি তৈরি করা অনেক বেশি কার্যকর।
আবার ‘মাইস’ নীতির দিকে তাকালে বিষয়টি স্পষ্ট হয়। কোনো ব্যক্তি যদি কমিউনিজমের বিরোধী হন, কিংবা তাঁর সন্তানের চিকিৎসার খরচ জোগাতে অর্থের প্রয়োজন হয়, তাহলে সেই বিশ্বাস বা আর্থিক প্রয়োজনকে কেন্দ্র করে তাঁকে নিয়োগ করা যেতে পারে। এ ধরনের ব্যক্তি তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য হতে পারেন এবং দীর্ঘ সময় ধরে গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতে পারেন।
অন্যদিকে যৌন আচরণ বা ব্যক্তিগত দুর্বলতার কারণে ব্ল্যাকমেইলের শিকার হয়ে কাজ করা ব্যক্তি সব সময় চাপের মধ্যে থাকেন। ফলে তাঁর ওপর নির্ভর করা কঠিন।

বলকানে নিজের হানি ট্র্যাপে পড়ার অভিজ্ঞতা
ইতিহাস ও বিশ্লেষণের বাইরে হানি ট্র্যাপ নিয়ে লেখাটিতে নিজের একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা মার্ক পলিমেরোপোলাস।
নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্র সরকারের হয়ে সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমে সহায়তা করতে তাঁকে বলকান অঞ্চলের একটি দেশে পাঠানো হয়েছিল। দেশটির অতীতে কমিউনিস্ট শাসন থাকায় গোয়েন্দা সংস্থার মধ্যে সোভিয়েতপন্থী পুরোনো কর্মকর্তাদের একটি অংশ তখনো সক্রিয় থাকতে পারেন বলে ধারণা ছিল।
একদিন হোটেলকক্ষ থেকে বেরিয়ে পাঁচতলা ভবনটির করিডর দিয়ে হাঁটছিলেন তিনি। এমন সময় পাশের একটি কক্ষের দরজা খুলে যায়। প্রচণ্ড শীতের মধ্যে বিকিনি পরা দুই তরুণী তাঁকে নাম ধরে ডাকেন। তাঁরা কক্ষে এসে তাঁদের নষ্ট হয়ে যাওয়া মিনিবারটি ঠিক করে দেওয়ার অনুরোধ জানান।
ঘটনাটি দেখে তিনি হেসে ফেলেন। তাঁকে ফাঁদে ফেলার চেষ্টায় তরুণীদের সাহসিকতা তাঁকে বিস্মিত করলেও তাঁদের দাঁতের অবস্থা এবং নিজের পাল্টা গোয়েন্দা কার্যক্রমবিষয়ক প্রশিক্ষণের কথা মনে করে তিনি সতর্ক হন। ফলে সেখানে না থেমে হেঁটে চলে যান।
পরে ওই দেশের গোয়েন্দা সংস্থার একজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বিলিয়ার্ড খেলতে খেলতে তিনি জানতে চান, হোটেলে আসলে কী ঘটেছিল। জবাবে তাঁর প্রতিপক্ষ মৃদু হেসে বলেন, ‘ওটা পুরোনো প্রজন্মের লোকজন। আমরা আর কী করতে পারি?’
এরপর তিনি নির্বিকারভাবে বিলিয়ার্ড টেবিলের পাশের পকেটে আট নম্বর বলটি ফেলে দেন।
লেখক পরিচিতি
মার্ক পলিমেরোপোলাস সিআইএতে ২৬ বছর দায়িত্ব পালন করেছেন। মধ্যপ্রাচ্যে বিভিন্ন গোয়েন্দা ও ব্যবস্থাপনাসংক্রান্ত পদে কাজ করার পর ২০১৯ সালে তিনি সংস্থাটির জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার পদ থেকে অবসর নেন। বর্তমানে তিনি এমএসএনবিসির নিয়মিত বিশ্লেষক, আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক জ্যেষ্ঠ ফেলো এবং আগোরা স্ট্র্যাটেজি ইনস্টিটিউটের বিশেষজ্ঞ।












