বিশ্বজুড়ে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন নারী ও কন্যাশিশু তাঁদের বর্তমান বা সাবেক ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে নিহত হচ্ছেন। নারীর প্রতি সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরে জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘরকেই অনেক নারীর জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গা হয়ে উঠেছে।
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর এবং জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার প্রকাশিত ‘নারীহত্যা পরিস্থিতি প্রতিবেদন ২০২৬’-এ উঠে এসেছে, গত বছর বিশ্বে নারী ও কন্যাশিশুদের ৭৮ হাজারটি ইচ্ছাকৃত হত্যার ঘটনার ৬০ শতাংশের জন্য দায়ী ছিলেন তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী ও পরিবারের সদস্যরা।
নারীর প্রতি সহিংসতার ব্যাপকতা শুধু হত্যাকাণ্ডেই সীমাবদ্ধ নয়। জাতিসংঘের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রায় প্রতি তিনজন নারীর একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন। অথচ তাঁদের মধ্যে মাত্র ৭ শতাংশ পুলিশের কাছে অভিযোগ করেন।
দুটি প্রতিবেদনের তথ্য বলছে, নারীর প্রতি সহিংসতা এখনো ব্যাপকভাবে বিদ্যমান। এর বড় একটি অংশ আড়ালেই থেকে যাচ্ছে, আর অপরাধীদের শাস্তির আওতায় আনার ক্ষেত্রেও বড় ঘাটতি রয়েছে। নির্যাতনের শিকার নারীদের অনেকে সুরক্ষা দেওয়ার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা হারাচ্ছেন।
অভিযোগ জানানোও নারীদের জন্য ঝুঁকির
নির্যাতনের কথা প্রকাশ করা অনেক নারীর জন্য নতুন বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এতে তাঁদের বাসস্থান, সন্তান, আর্থিক নিরাপত্তা, এমনকি জীবনও ঝুঁকিতে পড়তে পারে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নারী বিষয়ক উপনির্বাহী পরিচালক নিয়ারাদজাই গুমবনজভান্দা বলেন, নারীরা তাঁদের সুরক্ষার জন্য তৈরি প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা হারাচ্ছেন। বিভিন্ন দেশে দীর্ঘদিনের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, আগের তুলনায় এখন কম নারী সহায়তা চাইছেন।
তিনি বলেন, বিচারব্যবস্থার নানা সীমাবদ্ধতার কারণে অনেক নারী মনে করছেন, নির্যাতনের বিষয়ে নীরব থাকাই তাঁদের জন্য সবচেয়ে নিরাপদ।
নির্যাতনের শিকার নারীদের বিশ্বাস করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শারীরিক প্রমাণ না থাকলেও কিংবা ঘটনার প্রতিটি বিবরণ মনে করতে না পারলেও তাঁদের বক্তব্য গুরুত্ব দিয়ে শুনতে হবে।
বিচারপ্রক্রিয়ায় হারিয়ে যায় অধিকাংশ অভিযোগ
জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার ‘সহিংসতার শিকার নারীদের বিচারপ্রাপ্তি’ শীর্ষক প্রতিবেদনে ৫৪টি দেশের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে সহায়তা চাওয়া থেকে শুরু করে আদালতে বিচার পাওয়া পর্যন্ত নারীদের বিভিন্ন বাধার চিত্র উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে আনুমানিক ৮৪ কোটি নারী ও কন্যাশিশু জীবনের কোনো পর্যায়ে শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন। কিন্তু তাঁদের মধ্যে মাত্র ২৩ শতাংশ পরিবার, সমাজ কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চান।
অন্যদিকে, অভিযোগ দায়ের হওয়ার পরও ৬৩ থেকে ৯৭ শতাংশ ঘটনায় শেষ পর্যন্ত অপরাধীর বিরুদ্ধে দণ্ডাদেশ হয় না। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার সহিংসতা প্রতিরোধ বিভাগের প্রধান কাল্লিওপি মিঙ্গেইরু বলেন, বিচারপ্রক্রিয়ার বিভিন্ন ধাপে অনেক মামলা হারিয়ে যায়। ভুক্তভোগীদের বারবার জিজ্ঞাসাবাদ ও ভয়ভীতির মুখে পড়তে হয়। ক্ষমতাবান ব্যক্তিদের বিরুদ্ধে করা অভিযোগের ক্ষেত্রেও অনেক সময় দণ্ড নিশ্চিত করা যায় না।
এশিয়ায় সহায়তা চান সবচেয়ে কম নারী
অঞ্চলভেদে নির্যাতনের শিকার নারীদের সহায়তা চাওয়ার প্রবণতায় বড় পার্থক্য রয়েছে। এশিয়ায় মাত্র ১৬ শতাংশ নারী সহায়তা চান। আফ্রিকায় এই হার ৩১ শতাংশ এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ৪০ শতাংশ।
ইউরোপীয় ইউনিয়নে ৬৪ শতাংশ নারী তাঁদের পরিচিত কারও কাছে নির্যাতনের কথা জানান। তবে পুলিশের কাছে যান মাত্র ১৪ শতাংশ।
ডিজিটাল জগতেও নারীর প্রতি সহিংসতা বাড়ছে। জনপরিসরে সক্রিয় নারী—যাঁদের মধ্যে মানবাধিকারকর্মী, আন্দোলনকর্মী ও সাংবাদিক রয়েছেন—তাঁদের ওপর পরিচালিত জরিপে ৭০ শতাংশ অনলাইনে সহিংসতার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
অপরাধীদের জবাবদিহির আওতায় আনার বদলে অনেক নারীকে ডিজিটাল পরিসর ও জনজীবন থেকে সরে যেতে হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারীদের শরীরের ভুয়া ছবি কয়েক সেকেন্ডেই তৈরি করা সম্ভব হওয়ায় এ ধরনের হয়রানির ঝুঁকিও বেড়েছে।
আফ্রিকায় নারীহত্যার হার সর্বোচ্চ
ঘনিষ্ঠ সঙ্গী ও পরিবারের সদস্যদের হাতে নারীহত্যার হার সবচেয়ে বেশি আফ্রিকায়। প্রতি এক লাখ নারী জনসংখ্যায় সেখানে নিহত হন ২ দশমিক ৯ জন। আমেরিকা অঞ্চলে এই হার ১ দশমিক ৪, ওশেনিয়ায় ১ দশমিক ১, এশিয়ায় শূন্য দশমিক ৬ এবং ইউরোপে শূন্য দশমিক ৫।
বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীহত্যার হার একই গতিতে কমছে না। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে আমেরিকা অঞ্চলে সামগ্রিক হত্যাকাণ্ডের হার নারীহত্যার হারের তুলনায় প্রায় দ্বিগুণ দ্রুত কমেছে। ইউরোপে এই ব্যবধান প্রায় দেড় গুণ।
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের নির্বাহী পরিচালক মনিকা জুমা বলেন, ভয়াবহ সামাজিক দৃষ্টিভঙ্গি, বৈষম্যমূলক রীতিনীতি এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ব্যর্থতা এমন পরিবেশ তৈরি করছে, যেখানে স্ত্রী, মেয়ে, মা কিংবা বোনকে হত্যা করাও যেন একসময় সহনীয় অপরাধে পরিণত হয়।
জবাবদিহি নিশ্চিত করার আহ্বান
২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস সামনে রেখে প্রতিবেদন দুটি প্রকাশ করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুরু হচ্ছে ১৬ দিনের আন্তর্জাতিক প্রচারাভিযান, যা চলবে ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পর্যন্ত।
এ বছরের প্রচারাভিযানের মূল লক্ষ্য—নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ করা, ন্যায়বিচার নিশ্চিত করা, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা দেওয়া এবং অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটানো।
জাতিসংঘের সংস্থাগুলো সরকার, বেসরকারি খাত, গণমাধ্যম, নারী অধিকার সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। পুলিশের প্রতি অভিযোগ গ্রহণ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার, আদালতের প্রতি ভুক্তভোগীদের হয়রানি না করে বিচার করার এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতি অনলাইন নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নির্যাতনের শিকার নারীদের উদ্দেশে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার উপনির্বাহী পরিচালক বলেন, তাঁদের বিশ্বাসযোগ্যতা প্রমাণের জন্য বারবার পরীক্ষা দিতে হওয়া উচিত নয়। তাঁদের বক্তব্য বিশ্বাস করা এবং নিরাপত্তা নিশ্চিত করা সমাজ ও প্রতিষ্ঠানের দায়িত্ব।












