জ্বালানি পরিবহনকারী জাহাজকে লক্ষ্য করে ধারাবাহিক সাইবার হামলার ঘটনায় ইরানের সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের ধারণা, তেল, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), রাসায়নিক পণ্য ও অন্যান্য দাহ্য পদার্থ বহনকারী প্রায় ৫০টি জাহাজ এসব হামলার শিকার হয়ে থাকতে পারে। কয়েকটি জাহাজে বোমা হামলার হুমকিও দেওয়া হয়েছে। তবে এসব ঘটনার পেছনে ইরানের ভূমিকা এখনো নিশ্চিত হয়নি।
ওয়াল স্ট্রিট জার্নালের ২৪ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার বিস্তার এবং জাহাজে পাঠানো হুমকির বার্তা নিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাঁদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাতের বাইরে আন্তর্জাতিক সমুদ্রপথে আতঙ্ক ছড়ানো, গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন ব্যাহত করা কিংবা কোনো বড় বন্দরে বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে এসব হামলা চালানো হতে পারে।
৫০টি জাহাজ হামলার লক্ষ্যবস্তু
মার্কিন কর্মকর্তারা ইরানকে হামলার অন্যতম প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করছেন। তবে রাশিয়ার সংশ্লিষ্টতার সম্ভাবনাও খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। হামলার শিকার জাহাজগুলোর কয়েকটি ইউরোপ ও এশিয়ার কাছাকাছি সমুদ্রপথে চলাচল করছে। অন্যদিকে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের দিকে আসা অন্তত চারটি জাহাজের নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় কোস্টগার্ডের সাইবার নিরাপত্তা দল মোতায়েন করা হয়েছে।
জাহাজের পরিচালনব্যবস্থা বিভিন্ন প্রযুক্তিনির্ভর যন্ত্র ও নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। এসব ব্যবস্থায় অনুপ্রবেশ ঘটলে জাহাজের চলাচল নিয়ন্ত্রণ, নেভিগেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম বিঘ্নিত হতে পারে। এর ফলে সংঘর্ষ, বিস্ফোরণ কিংবা তেল ছড়িয়ে পড়ার মতো দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।
বোমার হুমকি, মুক্তিপণের বার্তা
সেপ্টেম্বরে টেক্সাসের দিকে যাত্রার সময় ভিএল প্রসপারিটি ও কোহাকু নামের দুটি জাহাজ সাইবার হামলার শিকার হয়েছিল। জাহাজ দুটিতে বোমা হামলার হুমকিও দেওয়া হয়। পরে মার্কিন কোস্টগার্ডের সাইবার নিরাপত্তা দল জাহাজে উঠে পরীক্ষা চালায় এবং নিরাপত্তাসংক্রান্ত সমস্যা মোকাবিলায় কাজ করে।
ভিএল প্রসপারিটির ক্যাপ্টেনের উদ্দেশে পাঠানো একটি মুক্তিপণের বার্তা রুশ ভাষার একটি প্রকাশ্য টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত হয়। সেখানে হামলাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করা হয়েছিল। জাহাজটি সৌদি আরবের তেল অবৈধভাবে যুক্তরাষ্ট্রের বন্দরে নিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করছে বলেও অভিযোগ করা হয়। তবে বার্তাটির উৎস এবং হামলাকারীদের সঙ্গে এর সম্পর্ক নিশ্চিত করতে পারেনি ওয়াল স্ট্রিট জার্নাল।
যুক্তরাষ্ট্রগামী জ্বালানি পরিবহনের আরেকটি জাহাজ ভিভিট আফ্রিকাও বোমার হুমকি পেয়েছিল। জাহাজটি যুক্তরাষ্ট্র থেকে ইতালিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে যাচ্ছিল। জাহাজ চলাচল পর্যবেক্ষণের তথ্য অনুযায়ী, ইতালির উপকূলের কাছে পৌঁছানোর সময় সেটির চলাচলে অস্বাভাবিকতা দেখা যায়।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা থেকে ভূমধ্যসাগরের দুটি বন্দরে প্রাকৃতিক গ্যাস সরবরাহের সময় একটি ইউরোপীয় জাহাজের দুই কর্মকর্তার মোবাইল ফোনে হুমকির বার্তা পাঠানো হয়েছিল। বার্তায় বলা হয়েছিল, ‘বিশ্বাসঘাতক জাহাজগুলো নরকে পুড়বে’ এবং ‘বিশ্বের যেখানেই থাকুন, আপনাদের খুঁজে বের করা হবে’।
ফোর্টিনেট রাউটারের দুর্বলতা কাজে লাগানো হচ্ছে
মার্কিন কর্মকর্তাদের ধারণা, হামলাকারীরা সমুদ্র পরিবহন খাতে বহুল ব্যবহৃত ফোর্টিনেট রাউটারের নিরাপত্তাগত দুর্বলতা কাজে লাগাচ্ছে। এসব যন্ত্রের মাধ্যমে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ও সামুদ্রিক স্থাপনার নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করা হচ্ছে।
সেপ্টেম্বরে প্রথম দিকের হামলাগুলোর পর যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড সাইবার কমান্ড ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই একটি সতর্কবার্তা জারি করেছিল। এতে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ও সামুদ্রিক অবকাঠামোয় ব্যবহৃত ফোর্টিনেট ফোর্টিগেট যন্ত্রের দুর্বলতা কাজে লাগিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সাইবার হামলার প্রবণতার কথা জানানো হয়।
ইসরায়েলভিত্তিক সামুদ্রিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইডোমের সহপ্রতিষ্ঠাতা আলোন আয়ালনের মতে, ২০২৬ সালে জাহাজগুলো আর সাইবার অভিযানের আকস্মিক ক্ষতিগ্রস্ত হচ্ছে না; বরং সেগুলোকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তাঁর পর্যবেক্ষণ, বর্তমানে সমুদ্রে চলাচলকারী অধিকাংশ জাহাজের সাইবার নিরাপত্তা মাঝারি আকারের একটি অফিসের তুলনায়ও দুর্বল।
ইরানের সংশ্লিষ্টতা নিয়ে মতভেদ
তবে মার্কিন প্রশাসনের বক্তব্যে এ বিষয়ে ভিন্ন অবস্থান দেখা গেছে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, এসব হামলায় ইরানের সংশ্লিষ্টতার প্রমাণ যুক্তরাষ্ট্র এখনো পায়নি। তাঁর দাবি, মাত্র চারটি হামলা ঘটেছে, যেগুলো বড় ধরনের ক্ষতি না করে সামান্য অসুবিধা সৃষ্টি করেছে।
ইরান ও রাশিয়া এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। অন্যদিকে, মার্কিন কোস্টগার্ড নির্দিষ্ট হামলা নিয়ে আলোচনা না করলেও জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে সন্দেহজনক সাইবার ঘটনার তথ্য জানানোর আহ্বান জানিয়েছে।
হরমুজ প্রণালিতে ইরানের জাহাজে হামলা অব্যাহত থাকার মধ্যেই নতুন সাইবার হামলার ঘটনাগুলো সামনে এসেছে। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এখন সামুদ্রিক বাণিজ্য, জ্বালানি পরিবহন এবং আন্তর্জাতিক বন্দরগুলোর নিরাপত্তার ক্ষেত্রেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।












