ভারতের শহর ও নগরকেন্দ্রগুলো গড়ে উঠছে মানুষের প্রয়োজনকে সামনে রেখে। কিন্তু নগর-পরিকল্পনায় উপেক্ষিত থেকে যাচ্ছে পাখি ও অন্যান্য প্রাণীর বেঁচে থাকার অধিকার। একদিকে বাড়ছে কংক্রিটের স্থাপনা, অন্যদিকে কমছে গাছপালা ও প্রাকৃতিক আশ্রয়স্থল। এর সঙ্গে যুক্ত হয়েছে এমন এক ধরনের স্থাপত্য ও নির্মাণকৌশল, যা কার্যত প্রাণীদের শহুরে পরিবেশ থেকে দূরে রাখতে তৈরি করা হচ্ছে। নগর-পরিকল্পনার ভাষায় এ প্রবণতাকে বলা হয় ‘প্রাণীবিরোধী স্থাপত্য’।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক স্থপতি জেমস পেটির সংজ্ঞা অনুযায়ী, জনপরিসরে এমন কাঠামো তৈরি করা, যা নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর ব্যবহারের অনুপযোগী করে তোলে, সেটিই বৈরী স্থাপত্যের একটি রূপ। উনিশ শতকের ইউরোপীয় শহরে প্রকাশ্যে মূত্রত্যাগ ঠেকাতে ঢালু পাথরের পৃষ্ঠ ও প্রতিবন্ধক তৈরি করা হয়েছিল। গৃহহীন মানুষকে পার্কের বেঞ্চে শুতে না দেওয়ার জন্য মাঝখানে হাতল বা খাঁজ বসানো এবং বাসস্ট্যান্ডে ঢালু আসন তৈরি করাও এর উদাহরণ।
তবে ভারতের শহরগুলোতে এই প্রবণতা শুধু মানুষের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। পাখি, বানর, কুকুরসহ নানা প্রাণীর চলাচল, আশ্রয় ও খাদ্য সংগ্রহের পথও ক্রমে সংকুচিত হচ্ছে।
ভবনের নকশাতেই হারাচ্ছে প্রাণীর আশ্রয়
ভারতের ইনস্টিটিউট অব হিউম্যান সেটেলমেন্টসের গবেষক শিলপা শিরিশের মতে, প্রাণীবিরোধী নগর-নকশা শুধু প্রাণী তাড়ানোর জন্য স্থাপন করা কাঁটা বা জালের মধ্যে সীমাবদ্ধ নয়। নির্মাণসামগ্রী ও ভূমি ব্যবহারের ধরনও প্রাণীদের জন্য পরিবেশকে প্রতিকূল করে তুলছে।
বাড়ির কার্নিশে ধাতব কাঁটা বসানো, বারান্দায় জাল টাঙানো এবং সীমানাপ্রাচীরে ভাঙা কাচ ব্যবহার করার ফলে পাখি বা অন্য প্রাণীরা সেখানে বসতে কিংবা প্রবেশ করতে পারে না।
আগের দিনের ভবনগুলোতে মাটি, ইট ও কাঠের ব্যবহার বেশি ছিল। এসব ভবনের দেয়ালে ফাঁকফোকর এবং ছাউনির নিচে আশ্রয় নেওয়ার মতো জায়গা থাকত। পাখিরা সেখানে বাসা বাঁধতে ও রাত কাটাতে পারত। আধুনিক ভবনে মসৃণ কংক্রিট, বড় কাচের জানালা এবং প্রায় সম্পূর্ণ বন্ধ কাঠামোর কারণে প্রাণীদের জন্য এমন সুযোগ কমে গেছে।
কংক্রিট ও পিচঢালা সড়ক সূর্যের তাপ শোষণ করে শহরের তাপমাত্রা বাড়ায়। এতে কুকুর ও পাখির চলাচলের জায়গাও অতিরিক্ত গরম হয়ে ওঠে। উঁচু ভবনের কাচের জানালা আরেকটি বড় ঝুঁকি। স্বচ্ছ বা প্রতিফলক কাচ চিনতে না পেরে পাখি প্রায়ই জানালায় ধাক্কা খেয়ে আহত হয় বা মারা যায়। ভবনের উজ্জ্বল আলোও পরিযায়ী পাখিদের চলাচল ও দিকনির্ণয়ে বিঘ্ন ঘটাতে পারে।
প্রাণী তাড়ানোর ব্যবস্থাই হয়ে উঠছে প্রাণঘাতী
পাখি ঠেকাতে ব্যবহৃত জাল নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে তা অন্য পাখি ও বানরকে আটকে ফেলতে পারে। কখনো জালে জড়িয়ে প্রাণীর মৃত্যু পর্যন্ত ঘটে। একইভাবে ধারালো ধাতব কাঁটা পাখির শরীরে আঘাত করতে পারে।
কিছু এলাকায় পাখির বিষ্ঠা থেকে গাড়ি ও ভবন রক্ষার জন্য গাছের ডালপালা ছেঁটে ফেলা বা গাছ কেটে ফেলার ঘটনাও ঘটেছে। এতে পাখির আশ্রয় নষ্ট হওয়ার পাশাপাশি এলাকার তাপমাত্রা বেড়ে যায়।
গত আগস্টে দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজনের সময় কবুতর দূরে রাখতে আঠালো প্রতিরোধক জেল ও শব্দ তৈরির যন্ত্র ব্যবহার করা হয়েছিল বলে জানা যায়। উচ্চ নিরাপত্তার বিভিন্ন অনুষ্ঠানে প্রাণীদের দূরে রাখতে কুকুর ধরে সরিয়ে নেওয়া, কাচ-ধাতুর টুকরা এবং বেড়া ব্যবহারের ঘটনাও রয়েছে।
তবে এসব পদ্ধতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে। পোকামাকড় ও ইঁদুর তাড়াতে ব্যবহৃত অতিস্বনক যন্ত্র উচ্চ কম্পাঙ্কের শব্দ তৈরি করে। ধারণা করা হয়, এই শব্দে প্রাণীরা অস্বস্তিতে পড়ে আশ্রয় ছেড়ে চলে যায়। কিন্তু ২০২৫ সালে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব সাসটেইনেবল ইঞ্জিনিয়ারিং’-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, নিয়ন্ত্রিত পরীক্ষাগারে এসব যন্ত্রের কার্যকারিতা যাচাই করা হলেও বাস্তব পরিবেশে সেগুলো প্রায়ই প্রত্যাশিত ফল দেয় না। বরং খরগোশ ও গিনিপিগের মতো লক্ষ্যবহির্ভূত প্রাণীর ওপরও এর বিরূপ প্রভাব পড়তে পারে।
২০১৩ সালে ‘অ্যানিম্যালস’ সাময়িকীতে প্রকাশিত আরেক গবেষণায় পাখি তাড়ানোর আঠালো জেল নিয়ে উদ্বেগ জানানো হয়। এ ধরনের জেল পাখির পালক জোড়া লাগিয়ে দিতে পারে এবং শুধু নির্দিষ্ট প্রজাতি নয়, অন্যান্য পাখির জন্যও বিপজ্জনক হয়ে উঠতে পারে।
আশ্রয় হারিয়ে বাড়ছে প্রাণীর ঝুঁকি
শহরাঞ্চলে চড়ুইয়ের সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে বাসা বাঁধার জায়গার অভাবকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কংক্রিট ও কাচের আধুনিক ভবনে দেয়ালের ফাঁকফোকর কম থাকায় চড়ুইয়ের মতো পাখি প্রজনন ও আশ্রয়ের উপযোগী স্থান পাচ্ছে না।
চেন্নাইভিত্তিক প্রাণীকল্যাণ সংস্থা ব্লু ক্রস সোসাইটির পরিচালনা বিভাগের ব্যবস্থাপক টি এম ভেলুর মতে, মানুষ প্রায়ই ভুলে যায় যে এসব প্রাণীর যাওয়ার মতো বিকল্প কোনো জায়গা নেই। বরং মানুষের নগর সম্প্রসারণই তাদের প্রাকৃতিক আবাসস্থল দখল করছে।
তার ভাষ্য, সংস্থাটিতে চিকিৎসার জন্য আসা অধিকাংশ প্রাণীই যানবাহনের ধাক্কায় আহত হয়। গাড়ির শব্দ ও আলোতে দিশাহারা হয়ে কোনো প্রাণী দ্রুত রাস্তা পার হওয়ার চেষ্টা করে, আবার কোনোটি ভয় পেয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। চেন্নাইয়ের অধিকাংশ সড়কে প্রাণী চলাচলের সতর্কতামূলক চিহ্নও নেই।
ঘনবসতিপূর্ণ শহরে ভবনগুলো কাছাকাছি নির্মিত হওয়ায় পথকুকুরের বিচরণক্ষেত্র সংকুচিত হচ্ছে। এতে তাদের মধ্যে এলাকা দখল নিয়ে সংঘাত বাড়তে পারে। গবাদিপশুর ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকি রয়েছে। রাতে অপর্যাপ্ত আলোয় কালো রঙের মহিষ বা গরু সড়কে থাকলে চালকদের পক্ষে সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
এ ছাড়া উন্মুক্ত ময়লা-আবর্জনার স্তূপ থেকে খাবার খুঁজতে গিয়ে প্রাণীরা বিষাক্ত বর্জ্য খেয়ে অসুস্থ হচ্ছে। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে সড়ক ও জলাশয়ও অনেক ক্ষেত্রে আবর্জনা ফেলার স্থানে পরিণত হয়েছে। উন্মুক্ত বর্জ্যভাগাড়ে কুকুর ও শূকর জড়ো হলে সেগুলো চিতাবাঘের মতো বন্যপ্রাণীকেও মানুষের বসতিতে আকৃষ্ট করতে পারে বলে সতর্ক করেছেন শিলপা শিরিশ।
প্রাণীবান্ধব নগর গড়ার বিকল্প
প্রতিকূল পরিবেশের সঙ্গে কিছু প্রাণী খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। নেদারল্যান্ডসের রটারডামে কবুতরকে পাখি ঠেকানোর ধাতব কাঁটার মধ্যেই বাসা তৈরি করতে দেখা গেছে—২০২৩ সালের একটি প্রতিবেদনে এমন উদাহরণ উঠে আসে। শহরের ছাদ, কার্নিশ, নালা ও ফাঁকা জমিকে অনেক প্রাণী প্রাকৃতিক আবাসস্থলের বিকল্প হিসেবে ব্যবহার করছে। কিন্তু গাছপালা কমে যাওয়া এবং ভবনগুলো আরও বেশি বন্ধ কাঠামোর হয়ে ওঠায় বহু প্রজাতি প্রয়োজনীয় খাদ্য ও আশ্রয় হারাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এ সমস্যা মোকাবিলায় প্রাণীদের তাড়ানোর বদলে নগর-পরিকল্পনায় তাদের বসবাসের সুযোগ তৈরি করতে হবে। শহরে বড় ও উঁচু গাছ লাগালে পাখিরা ভবনের ওপর নির্ভর না করেই বাসা বাঁধতে পারবে। পাশাপাশি প্রাণীর আশ্রয় তৈরি, পথকুকুরের নির্বীজন এবং গবাদিপশুর জন্য নির্দিষ্ট আশ্রয়কেন্দ্র গড়ে তোলার পরামর্শ দিয়েছেন টি এম ভেলু।
ওয়ানাডভিত্তিক পরিবেশবিদ জয়ারাম শেষাত্রির মতে, রাতের বেলায় সক্রিয় প্রাণীদের সুরক্ষায় সড়কবাতির রং ও উজ্জ্বলতা পরিবর্তন করা যেতে পারে। তাঁর পরামর্শ, সড়কবাতিতে ২ হাজার ৭০০ কেলভিনের নিচে উষ্ণ অ্যাম্বার রং ব্যবহার, পথচারীদের চলাচলের স্থানে আলোর তীব্রতা ১০ থেকে ২০ লাক্সের মধ্যে রাখা এবং বাতির ওপর আবরণ যুক্ত করলে নিশাচর প্রাণীদের জন্য ঝুঁকি কমবে।
সড়কের মাঝখানে নিচু বিভাজক তৈরি করা কিংবা বিভাজকের নিচে ছোট ফাঁক রাখলেও ছোট প্রাণীরা সহজে এক পাশ থেকে অন্য পাশে যেতে পারবে। এতে সড়ক পার হওয়ার সময় তাদের চাপা পড়ার আশঙ্কা কমবে।
ভবন নির্মাণেও পাখির বাসার বাক্স, মৌমাছির আশ্রয় এবং বাদুড়ের বাসস্থানের ব্যবস্থা রাখা সম্ভব। পুরোনো বড় গাছ সংরক্ষণ, দেশীয় ঝোপঝাড় রাখা এবং স্থানীয় পাখি ও কীটপতঙ্গের উপযোগী উদ্ভিদ লাগানোর ওপরও গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
শহর শুধু মানুষের বসবাসের জায়গা নয়; অসংখ্য প্রাণীরও আবাসস্থল। তাই নগর উন্নয়নের পরিকল্পনায় প্রাণীদের নিরাপদ চলাচল, খাদ্য ও আশ্রয়ের বিষয়টি অন্তর্ভুক্ত না করলে আধুনিক স্থাপত্যই তাদের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে।












