ইউরোপের বিভিন্ন দেশের বিমান সংস্থার অন্তত ১২টি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে এসব হুমকির পর কয়েকটি বিমানকে গন্তব্য পরিবর্তন করে অন্য বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে। এর মাত্র ৪৮ ঘণ্টা আগে মঙ্গলবারও ইউরোপের অন্তত সাতটি ফ্লাইটে একই ধরনের হুমকি এসেছিল। সেসব হুমকিকে পরে ভুয়া বলে শনাক্ত করা হয়।
নতুন করে হুমকি পাওয়ার ঘটনায় ইউরোপের বিমান চলাচলে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বিমানে বিস্ফোরক পাওয়া যায়নি এবং এসব ঘটনায় কারও আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
ফরাসি সামরিক ঘাঁটিতে অবতরণ আয়ারল্যান্ডগামী বিমানের
বৃহস্পতিবারের ঘটনাগুলোর মধ্যে প্রথমে আলোচনায় আসে অ্যার লিঙ্গাসের একটি ফ্লাইট। আয়ারল্যান্ড থেকে ইতালির রোমগামী ফ্লাইটটি প্যারিসের আকাশসীমার ওপর দিয়ে যাওয়ার সময় বোমা হামলার হুমকি পায়।
এরপর বিমানটি গতিপথ পরিবর্তন করে ফ্রান্সের একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে। অ্যার লিঙ্গাসের এআইআরবাস এ৩২০ উড়োজাহাজটি নিরাপত্তার স্বার্থে জরুরি অবতরণ করে। ফরাসি সামরিক ঘাঁটি এভ্রুতে বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলে জানায় বিমান সংস্থাটি।
ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু আয়ারল্যান্ড থেকে আসা একটি বিমানে হুমকি পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে জানানোর পর ঘটনাটি সামনে আসে।
চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও বুলগেরিয়াতেও হুমকি
বৃহস্পতিবার সকালে চেক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাজধানী প্রাগের উদ্দেশে যাত্রা করা চারটি উড়োজাহাজে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। পুলিশ হুমকিগুলোকে প্রাথমিকভাবে কম ঝুঁকির বলে মূল্যায়ন করলেও বিষয়টি উপেক্ষা করেনি। এ কারণে নিরাপত্তা প্রটোকল কার্যকর করা হয়।
একই সকালে ইতালির মিলান থেকে পোল্যান্ডের ওয়ারশগামী উইজ এয়ারের একটি ফ্লাইটও বোমা হামলার হুমকি পায়। পরে বিমানটি অস্ট্রিয়ার ভিয়েনায় অবতরণ করে।
রায়ানএয়ারের তিনটি ফ্লাইটেও একই ধরনের হুমকি এসেছিল বলে জানা গেছে। এর মধ্যে কোপেনহেগেন ও মাদ্রিদ থেকে আসা দুটি বিমান বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবতরণ করে। লন্ডন থেকে আসা আরেকটি বিমানকে প্রায় ৮০ মাইল দূরের প্লভদিভে পাঠানো হয়।
এ ছাড়া ওয়ারশ থেকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসগামী লট পোলিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটও হুমকির মুখে পড়ে। বিমানটির ক্রুরা ভেতরে নিরাপত্তা তল্লাশি চালান। সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ব্রাসেলসে অবতরণের পরও বিমানটি পরীক্ষা করা হয়।
ফিনল্যান্ডের বিমান সংস্থা ফিনএয়ারের দুটি ফ্লাইটেও হুমকি পাওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। হেলসিঙ্কি থেকে রোম ও ভিয়েনাগামী ওই ফ্লাইটগুলো লক্ষ্য করে হুমকি দেওয়া হয়। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, এ ধরনের হুমকির অধিকাংশই ভিত্তিহীন।
মঙ্গলবারও সাতটি ফ্লাইটে হুমকি
বৃহস্পতিবারের ঘটনার আগে মঙ্গলবার ইউরোপের অন্তত সাতটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। যুক্তরাজ্য সরকার সেসব হুমকিকে উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া বার্তা হিসেবে বর্ণনা করে।
ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র মঙ্গলবার বলেছিলেন, সংস্থাটি ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে বিভিন্ন দেশের বিমান সংস্থার বিরুদ্ধে আসা হুমকিগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর সময় তখনো আসেনি।
দুই দিনের ব্যবধানে নতুন করে একাধিক ফ্লাইটে হুমকি আসায় ইউরোপের বিমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। তবে ঘটনাগুলোর পেছনে কারা রয়েছে কিংবা হুমকিগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।












