গ্রন্থাগার শুধু বই পড়ার জায়গা নয়, একটি শহরের ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্য ও মানুষের জীবনযাত্রারও প্রতিচ্ছবি। কোথাও শত বছরের পুরোনো স্থাপত্য আজও মানুষকে মুগ্ধ করছে, আবার কোথাও আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার সঙ্গে বই পড়ার অভিজ্ঞতা পেয়েছে নতুন রূপ। বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন কিছু গ্রন্থাগার রয়েছে, যেগুলো বইপ্রেমীদের পাশাপাশি স্থাপত্যপ্রেমী ও পর্যটকদের কাছেও বিশেষ আকর্ষণের কেন্দ্র।
ভ্রমণের সময় শান্ত পরিবেশে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া, স্থানীয় মানুষের সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখা কিংবা অসাধারণ স্থাপত্য উপভোগ—সবকিছুর জন্যই এসব গ্রন্থাগার আলাদা অভিজ্ঞতা দিতে পারে।
ডেট্রয়েটের ঐতিহাসিক গণগ্রন্থাগার
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের গণগ্রন্থাগারের যাত্রা শুরু হয়েছিল ১৮৬৫ সালে একটি বিদ্যালয়ের কক্ষে। পরে ১৯২১ সালে এটি বর্তমান বিশাল ভবনে স্থানান্তরিত হয়। স্থপতি ক্যাস গিলবার্ট ইতালীয় নবজাগরণধারার স্থাপত্যে ভবনটি নির্মাণ করেন।
রঙিন কাচের জানালা, উঁচু স্তম্ভ, অলংকৃত ছাদ, প্রশস্ত সিঁড়ি ও বিশাল কক্ষ ভবনটিকে রাজকীয় আবহ দিয়েছে। তবে এর আকর্ষণ শুধু অতীতের স্থাপত্যে সীমাবদ্ধ নয়। এখানে পাঠচক্র, সংগীত পরিবেশনা, শিশুদের বিভিন্ন আয়োজন, নৃত্যশিক্ষা, শিল্প ও স্থাপত্যভ্রমণ, লেখকদের সঙ্গে আলোচনা এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।
ক্যালগেরির কেন্দ্রীয় গ্রন্থাগার
কানাডার ক্যালগেরির কেন্দ্রীয় গ্রন্থাগার আধুনিক স্থাপত্যের এক অনন্য উদাহরণ। ভবনটির নকশায় স্থানীয় প্রাকৃতিক দৃশ্যের বিশেষ মেঘের খিলানাকৃতির রূপ ফুটিয়ে তোলা হয়েছে। ভেতরে লালচে কাঠের সরু পাটির নকশা ঘুরে ঘুরে উঠে গেছে বিশাল আলোকছাদের দিকে।
শিশুদের আকর্ষণের জন্য এখানে রয়েছে বই ফেরত নেওয়া ও বাছাইয়ের বিশেষ চলন্ত ব্যবস্থা। রয়েছে এমন একটি যন্ত্রও, যেখান থেকে পাঠকের পছন্দ অনুযায়ী এক, তিন বা পাঁচ মিনিটের ছোট গল্প ছাপিয়ে নেওয়া যায়।
গ্রন্থাগারের একটি বিশেষ অংশে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর প্রবীণ জ্ঞানধারকদের সঙ্গে দেখা করে সংস্কৃতি, ঐতিহ্য ও ভাষা সম্পর্কে জানার সুযোগ রয়েছে।
বোগোটার ভার্জিলিও বারকো গ্রন্থাগার
কলম্বিয়ার রাজধানী বোগোটার ভার্জিলিও বারকো গ্রন্থাগার যেন স্থাপত্য ও প্রকৃতির এক অপূর্ব মিলন। ২০০১ সালে চালু হওয়া এই গ্রন্থাগারটি শহরের বিশাল একটি উদ্যানের পাশে অবস্থিত।
স্থপতি রোহেলিও সালমোনা ভবনটির নকশা থেকে শুরু করে আসবাব পর্যন্ত পরিকল্পনা করেছিলেন। গোলাকার ও ধাপযুক্ত অভ্যন্তর, ইট ও কংক্রিটের বহিরাংশ, জলাধার এবং বাগান—সব মিলিয়ে ভবনটি একটি বিশাল শিল্পকর্মের মতো মনে হয়।
গ্রন্থাগারের ভেতরের বিভিন্ন স্তরে প্রতি মাসে বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। বাইরে রয়েছে খোলা আকাশের নিচে বসে পড়ার সুযোগ এবং শহরের পূর্ব দিকের পাহাড় দেখার ব্যবস্থা।
হেলসিঙ্কির কেন্দ্রীয় গ্রন্থাগার
ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির কেন্দ্রীয় গ্রন্থাগারটি আধুনিক নগরজীবনে গ্রন্থাগারের ধারণাকেই বদলে দিয়েছে। ২০১৮ সালে চালু হওয়া ভবনটির বাঁকানো কাচ, ইস্পাত ও কাঠের নকশা যেমন দৃষ্টিনন্দন, তেমনি এটি শক্তি সাশ্রয়ীও।
ভবনের নিচতলায় রয়েছে অনুষ্ঠান আয়োজনের জায়গা, চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা ও খাবারের স্থান। দ্বিতীয় তলায় রয়েছে শব্দনিরোধক সংগীত কক্ষ, খেলাধুলার জায়গা এবং বিভিন্ন ধরনের কারিগরি কাজের সুবিধা।
তৃতীয় তলাটি বইপ্রেমীদের বিশেষ আকর্ষণ। বিশাল জানালা দিয়ে আলো এসে পুরো তলাকে উজ্জ্বল করে রাখে। সেখানে রয়েছে বসে পড়ার খোলা জায়গা এবং নয়টি গাছ, যা গ্রন্থাগারের ভেতরেই এক টুকরো সবুজ পরিবেশ তৈরি করেছে।
ম্যানচেস্টারের কেন্দ্রীয় গ্রন্থাগার
ইংল্যান্ডের ম্যানচেস্টারের কেন্দ্রীয় গ্রন্থাগার ১৯৩০-এর দশকে চালু হয় এবং এর নকশায় প্রাচীন রোমান স্থাপত্যের প্রভাব রয়েছে। গোলাকার ভবন, বিশাল গম্বুজ ও স্তম্ভযুক্ত প্রবেশপথ একে শহরের অন্যতম পরিচিত স্থাপত্যে পরিণত করেছে।
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্যও দীর্ঘদিন ধরে পরিচিত। শহরটিতে ইংরেজিভাষী বিশ্বের সবচেয়ে পুরোনো টিকে থাকা গণগ্রন্থাগারগুলোর একটি রয়েছে। এ ছাড়া মধ্যযুগীয় স্থাপত্যের পরিবেশে গড়ে ওঠা আরও কয়েকটি ঐতিহাসিক গ্রন্থাগার রয়েছে।
কেন্দ্রীয় গ্রন্থাগারটি অবশ্য কেবল পুরোনো স্থাপত্যের স্মারক নয়। এখানে নিয়মিত সংগীত, শিল্প ও সাহিত্যবিষয়ক আয়োজন হয়। আধুনিক বিনোদন ও পাঠাভ্যাসের নানা ব্যবস্থাও রয়েছে।
জুরিখের আইন গ্রন্থাগার
সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ের আইন গ্রন্থাগার বাইরে থেকে সাধারণ একটি আয়তাকার ভবনের মতো মনে হতে পারে। কিন্তু ভেতরে ঢুকলেই বদলে যায় পুরো দৃশ্য।
স্থপতি সান্তিয়াগো কালাত্রাভার নকশায় ২০০৪ সালে ভবনটির অভ্যন্তর নতুন রূপ পায়। মাঝখানে রয়েছে ডিম্বাকৃতির বিশাল খোলা জায়গা। তার চারপাশে ওপরের দিকে উঠে গেছে একের পর এক কাঠের স্তর। সবকিছুর ওপরে রয়েছে কাচের তৈরি ডিম্বাকৃতির আলোকছাদ।
প্রতিটি স্তরে পড়াশোনার জন্য বসার ব্যবস্থা রয়েছে এবং শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, অন্যরাও সেখানে প্রবেশ করতে পারেন। মাঝখানের কাচের লিফটে ওঠানামা করলে পুরো অভ্যন্তরের অনন্য নকশা আরও ভালোভাবে দেখা যায়।
নিউইয়র্কের প্রধান গণগ্রন্থাগার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের পঞ্চম অ্যাভিনিউর প্রধান গণগ্রন্থাগার বিশ্বের সবচেয়ে পরিচিত গ্রন্থাগারগুলোর একটি। ১৯১১ সালে নির্মিত এই বিশাল ভবনের প্রবেশপথে থাকা দুটি সিংহের ভাস্কর্য বহু চলচ্চিত্র ও ছবিতে দেখা গেছে।
ভবনের ভেতরে রয়েছে মার্বেলের সিঁড়ি, অলংকৃত ছাদ, ঐতিহাসিক মানচিত্রের সংগ্রহ এবং অসংখ্য পাঠকক্ষ। এর সবচেয়ে বিখ্যাত অংশ হলো রোজ প্রধান পাঠকক্ষ। বিশাল এই কক্ষের উঁচু ছাদ, দেয়ালের চিত্রকর্ম এবং দীর্ঘ সারির পাঠের টেবিল একে প্রায় স্বপ্নের মতো পরিবেশ দিয়েছে।
এখানে দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট সময়ে ভ্রমণের সুযোগ রয়েছে। পাশাপাশি ঐতিহাসিক ও দুর্লভ সংগ্রহের প্রদর্শনীও দেখা যায়। বই, স্থাপত্য ও ইতিহাস—তিনের সমন্বয়ে এই গ্রন্থাগার নিউইয়র্কের সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
গ্রন্থাগার যখন একটি শহরের পরিচয়
এই সাতটি গ্রন্থাগারের বৈশিষ্ট্য এক নয়। কোনোটি শত বছরের ইতিহাস বহন করছে, কোনোটি আধুনিক প্রযুক্তিকে পাঠাভ্যাসের সঙ্গে যুক্ত করেছে, আবার কোনোটি প্রকৃতি ও স্থাপত্যকে একসঙ্গে ধারণ করেছে। কিন্তু সবগুলোর মধ্যেই একটি মিল রয়েছে—গ্রন্থাগার এখন আর শুধু বই রাখার ঘর নয়।
এগুলো মানুষের মিলনস্থল, সংস্কৃতিচর্চার কেন্দ্র, শেখার জায়গা এবং শহরের নিজস্ব গল্প বলার এক অনন্য মাধ্যম। তাই পৃথিবী ঘুরতে বের হলে শুধু বিখ্যাত স্থাপনা নয়, একটি সুন্দর গ্রন্থাগারও ভ্রমণতালিকায় রাখা যেতে পারে।
সারাক্ষণ রিপোর্ট 


















