নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে এক ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার সকালে দেশটির সোলুখুম্বু জেলার ফেরিচে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পর্যটকের নাম বসন্ত কুমার বালারামারামাডু। ৪৭ বছর বয়সী এই পর্যটক ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের বাসিন্দা। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
সোলুখুম্বু জেলা পুলিশের পরিদর্শক মৌসুম তামাং জানান, নিহত ব্যক্তি ফিশটেইল এয়ারের একটি হেলিকপ্টারে ছিলেন। অবতরণের সময় সেটির সঙ্গে এয়ার ডাইনেস্টির আরেকটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। পরে নিহত পর্যটকের মরদেহ লুকলার একটি হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক শৈলেশ কৃষ্ণ প্যাটেলও রয়েছেন। তিনি নিহত পর্যটকের সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন। দুর্ঘটনায় আহত হওয়ার পর তাঁকে প্রভু এয়ারের একটি হেলিকপ্টারে করে কাঠমান্ডুর মেডিসিটি হাসপাতালে নেওয়া হয়।
দুই পাইলটও আহত
দুর্ঘটনায় ফিশটেইল এয়ারের পাইলট প্রজ্জ্বল কেসি এবং এয়ার ডাইনেস্টির পাইলট রবীন্দ্র প্রজাপতি আহত হয়েছেন। তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলে নেপালের সংবাদমাধ্যম জানিয়েছে।
জেলা পুলিশ কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটের দিকে খুম্বু পাসাং লামু গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফেরিচে এলাকায় অবতরণের সময় হেলিকপ্টার দুটি সংঘর্ষে জড়ায়।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ২০০ মিটার বা ১৩ হাজার ৭৮০ ফুট উচ্চতায় অবস্থিত ফেরিচে এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার পথে পর্বতারোহী ও ট্রেকারদের যাত্রাবিরতির একটি গুরুত্বপূর্ণ স্থান।
ট্রেকিং মৌসুমে দুর্ঘটনা
নেপালে বর্তমানে জনপ্রিয় ট্রেকিং মৌসুম চলছে। এ সময় এভারেস্ট বেস ক্যাম্পের দিকে যাওয়া পর্যটক ও ট্রেকারদের পরিবহনে নিয়মিত হেলিকপ্টার ব্যবহার করা হয়। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টার দুটিও ট্রেকিংয়ে অংশ নেওয়া পর্যটকদের পরিবহন করছিল।
সোলুখুম্বু জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবীন রাজা বুধাথোকি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে জানান, একজন বিদেশি পর্যটক ঘটনাস্থলেই মারা গেছেন এবং আহত আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে দুর্ঘটনার সময় দুই হেলিকপ্টারে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নেপালের এভারেস্ট অঞ্চলে পর্যটকদের যাতায়াতের অন্যতম মাধ্যম হেলিকপ্টার। দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত যাতায়াত এবং জরুরি পরিবহনে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।












