টানা তিন দিনের ছুটি শেষে সোমবার রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠান খুলতেই নতুন ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও কর্মজীবী মানুষ। সকালে ঢাকার বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশা প্রায় উধাও হয়ে যাওয়ায় গণপরিবহনের বিকল্প হিসেবে এসব যানের ওপর নির্ভরশীল মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। অনেককে বাধ্য হয়ে হেঁটে কিংবা অন্য যানবাহনে গন্তব্যে যেতে হয়েছে।
সকালে মোহাম্মদপুর, বাঁশবাড়ি, বছিলা, শ্যামলীসহ বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশার সংকট দেখা যায়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের ভোগান্তি ছিল বেশি। নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে না পেরে অনেককে বিপাকে পড়তে হয়েছে।
স্কুলে পৌঁছাতে হেঁটেছেন অভিভাবক
মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় মেয়েকে নিয়ে দীর্ঘক্ষণ রিকশার অপেক্ষায় ছিলেন বেসরকারি চাকরিজীবী পারভেজ ইসলাম। কোনো ব্যাটারিচালিত রিকশা না পেয়ে শেষ পর্যন্ত মেয়েকে নিয়ে কিছুটা পথ হেঁটে যান। পরে একটি পায়ে চালিত রিকশা পেয়ে আসাদ অ্যাভেনিউয়ের ওয়াইডব্লিউসিএ স্কুলে পৌঁছে দেন তাঁকে।
একই ধরনের সমস্যায় পড়েন ব্যাংক কর্মকর্তা গোলাম সারোয়ার। প্রতিদিন বছিলা থেকে ব্যাটারিচালিত রিকশায় মোহাম্মদপুর হয়ে শ্যামলী বা কলেজ গেট এলাকায় যান তিনি। সেখান থেকে আবার রিকশায় মেট্রোরেল স্টেশনে পৌঁছান।
সোমবার সকালে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও রিকশা না পেয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল ভাড়া করার চেষ্টা করেন তিনি। কিন্তু সেখানেও সহজে যানবাহন মেলেনি। প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর একটি মোটরসাইকেল পান বলে জানান তিনি।
সমাবেশে যোগ দিতে রিকশাচালকদের আহ্বান
সকালে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় এলাকায় দেখা যায়, কয়েকজন ব্যক্তি চলাচলরত ব্যাটারিচালিত রিকশা থামাচ্ছেন। যাত্রীদের নামিয়ে দিয়ে চালকদের রিকশা ঘুরিয়ে গ্যারেজে নিয়ে যেতে বলা হচ্ছে। একই সঙ্গে তাঁদের শ্রমিক সমাবেশে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছে।
বছিলা এলাকার রিকশাচালক ইব্রাহিম জানান, সোমবারের সমাবেশ সামনে রেখে দুই দিন ধরে এলাকায় মাইকিং করা হয়েছে। বিভিন্ন রিকশার গ্যারেজে প্রচারপত্রও বিতরণ করা হয়েছে। তিনি নিজের কাছে থাকা একটি প্রচারপত্রও দেখান।
সেখানে লেখা ছিল, ‘রাস্তা আছে যেখানে, অটোরিকশা চলবে সেখানে।’
১২ দফা দাবিতে শ্রমিকদের কর্মসূচি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সংগঠন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।
সংগঠনটির যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম নাদিম জানান, সকাল ১০টায় শুরু হওয়া কর্মসূচিতে ব্যাটারিচালিত রিকশার চালকদের বিভিন্ন দাবি তুলে ধরা হবে। তাঁদের দাবির মধ্যে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে চালকদের লাইসেন্স দেওয়া, চলাচলের জন্য রুট পারমিট প্রদান এবং বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করা।
মোট ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ারও পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
তবে রিকশাচালকদের রাস্তায় আটকে দেওয়া কিংবা যাত্রীদের নামিয়ে দেওয়ার কোনো নির্দেশনা সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে দাবি করেন নাদিম। তাঁর ভাষ্য, যাঁরা স্বেচ্ছায় কর্মসূচিতে অংশ নিতে চান, শুধু তাঁদেরই আহ্বান জানানো হয়েছে।
কিছু এলাকায় যানজট কম, ভোগান্তি অন্যদিকে
ব্যাটারিচালিত রিকশার সংখ্যা কম থাকায় সোমবার সকালে মোহাম্মদপুর, মানিক মিয়া অ্যাভেনিউ, আগারগাঁও ও রোকেয়া সরণিতে অন্য দিনের তুলনায় সড়কে বিশৃঙ্খলা কিছুটা কম দেখা গেছে। নিয়মিত মোটরসাইকেল ব্যবহারকারীদের কেউ কেউ জানিয়েছেন, এদিন তাঁরা তুলনামূলক কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।
তবে সড়কে শৃঙ্খলা কিছুটা বাড়লেও বিকল্প যানবাহনের সংকটে পড়েছেন সাধারণ যাত্রীদের একটি বড় অংশ। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিনে ব্যাটারিচালিত রিকশা না পাওয়ায় সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়তি দুর্ভোগ পোহাতে হয়েছে তাঁদের।












