ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক বিতর্ক শুরু হয়েছে। আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ্যে কোনো বিদেশি রাষ্ট্রনেতাকে হত্যা করার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এই ঘটনা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের কূটনৈতিক ও সামরিক ভারসাম্য নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
বিশ্বনেতা হত্যার বিরল নজির
দীর্ঘ সময় ধরে বিদেশি নেতাদের সরাসরি হত্যার বিষয়টি থেকে দূরে থাকার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। অতীতে গোপন অভিযান বা অভ্যুত্থানের মাধ্যমে বিভিন্ন দেশের নেতৃত্ব পরিবর্তনের অভিযোগ থাকলেও সরাসরি কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করার ঘটনা প্রায় দেখা যায়নি।
খামেনির মৃত্যুকে অনেক বিশ্লেষক সেই দীর্ঘ নীতির বড় পরিবর্তন হিসেবে দেখছেন। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের দুই প্রতিপক্ষ রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের পতন ঘটেছে। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো এখন বিচার প্রক্রিয়ার মুখোমুখি এবং ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হয়েছেন।

আইনে নিষিদ্ধ, তবু বাস্তবতা ভিন্ন
যুক্তরাষ্ট্রের আইনে বিদেশি নেতাকে হত্যার সঙ্গে জড়িত থাকার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের স্বাক্ষর করা নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা স্পষ্টভাবে উল্লেখ আছে এবং তা এখনো কার্যকর বলে ধরা হয়।
তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের ব্যাপক ক্ষমতা প্রেসিডেন্টদের হাতে তুলে দেয় কংগ্রেস। এরপর থেকে সন্ত্রাসী সংগঠনের নেতাদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। ওসামা বিন লাদেনের হত্যার ঘটনা তার একটি বড় উদাহরণ।
২০২০ সালে ইরানি কমান্ডার কাসেম সোলাইমানিকে বিমান হামলায় হত্যার নির্দেশ দিয়ে তখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নীতির আরও একটি ধাপ এগিয়ে দেন।

খামেনি হত্যার পেছনে যুক্তরাষ্ট্রের যুক্তি
খামেনির বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সরাসরি “হত্যা” শব্দটি ব্যবহার করেনি। বরং তারা বিভিন্ন কারণ তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অবিশ্বাস, ক্ষেপণাস্ত্র উন্নয়নের সম্ভাবনা এবং বিভিন্ন দেশে সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের অভিযোগ।
ট্রাম্প দাবি করেছেন, ইরান থেকে তাৎক্ষণিক হুমকি ছিল। ব্যক্তিগত কথোপকথনে তিনি বলেছেন, ইরান আগে তাকে হত্যার চেষ্টা করেছিল বলে তিনি আগে আঘাত করেছেন।

অতীতে যুক্তরাষ্ট্রের গোপন অভিযান
ইতিহাসে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নানা গোপন অভিযানের কথা সামনে এসেছে। ভিয়েতনামের নেতা নগো দিন দিয়েমের পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকার অভিযোগ রয়েছে।
১৯৭৩ সালে চিলির প্রেসিডেন্ট সালভাদর আলেন্দের ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনাতেও মার্কিন গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার কথা পরে প্রকাশ পায়। ১৯৫৩ সালে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার অভ্যুত্থানের কথাও ইতিহাসে উল্লেখ রয়েছে।
এইসব ঘটনায় অনেক সময় নেতাদের হত্যা করা হয়নি, বরং ক্ষমতাচ্যুত বা কারাবন্দি করা হয়েছিল।
প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার নতুন যুগ
সাম্প্রতিক বছরগুলোতে লক্ষ্যভিত্তিক হামলায় প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। ড্রোন হামলা এখন সন্ত্রাসবিরোধী অভিযানের গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে।
খামেনিকে লক্ষ্য করে হামলায় ঠিক কী ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তা স্পষ্ট নয়। তবে প্রতিবেদনে বলা হয়েছে, তার অবস্থান নির্ধারণে মার্কিন গোয়েন্দা সংস্থা গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিল। দীর্ঘ সময় ধরে তার চলাফেরা, যোগাযোগ এবং নিরাপত্তা ব্যবস্থার ওপর নজরদারি করা হচ্ছিল।

নৈতিক ও রাজনৈতিক প্রশ্ন
অনেক বিশ্লেষকের মতে, কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে হত্যা করা শুধু নৈতিক নয়, বাস্তব দিক থেকেও জটিল সিদ্ধান্ত। একজন নেতাকে সরিয়ে দিলে তার জায়গায় কে আসবে এবং পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে কি না—এই প্রশ্নও বড় হয়ে ওঠে।
ইতিহাসে দেখা গেছে, ভিয়েতনামে দিয়েম হত্যার পর পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য আরও কঠিন হয়ে পড়েছিল।
নতুন ভূরাজনৈতিক বাস্তবতা
খামেনি হত্যার ঘটনাকে অনেকেই বিশ্ব রাজনীতির নতুন অধ্যায় হিসেবে দেখছেন। সমালোচকদের মতে, এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ককে আরও অস্থির করে তুলতে পারে।
অন্যদিকে সমর্থকদের দাবি, কঠোর শত্রুদের মোকাবিলায় শক্ত অবস্থান নেওয়া ছাড়া বিকল্প নেই। ফলে এই ঘটনা বিশ্ব রাজনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
সারাক্ষণ রিপোর্ট 



















