মধ্যপ্রাচ্যে সংঘাতের অর্থনৈতিক প্রভাব
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ২০২৬-২০২৭ সময়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, জ্বালানি বাজারে অস্থিরতা এক বছরের বেশি সময় স্থায়ী হলে এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বোচ্চ ১.৩ শতাংশ পয়েন্ট পর্যন্ত কমে যেতে পারে এবং মূল্যস্ফীতি বাড়তে পারে প্রায় ৩.২ শতাংশ পয়েন্ট।
প্রভাবের প্রধান কারণগুলো
এডিবির মতে, এই সংঘাতের প্রভাব বিভিন্ন পথে অর্থনীতিতে পৌঁছাচ্ছে। এর মধ্যে রয়েছে জ্বালানির দাম বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন, বাণিজ্য ব্যাহত হওয়া এবং আর্থিক পরিস্থিতি কঠোর হয়ে ওঠা। পাশাপাশি পর্যটন খাত ও প্রবাসী আয়ের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ঝুঁকির তিনটি সম্ভাব্য চিত্র
এডিবির প্রকাশিত প্রতিবেদনে তিনটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলা হয়েছে, যা মূলত সংঘাত ও জ্বালানি সরবরাহে বিঘ্ন কতদিন স্থায়ী হয় তার ওপর নির্ভরশীল।
স্বল্পমেয়াদি সংঘাত হলে জ্বালানির দামের চাপ দ্রুত কমে আসতে পারে। তবে দীর্ঘমেয়াদি অস্থিরতা থাকলে প্রবৃদ্ধি কমে যাওয়া এবং মূল্যস্ফীতি বাড়ার প্রভাব আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হবে।
কোন অঞ্চলে প্রভাব বেশি
বিশ্লেষণে দেখা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল অর্থনীতিগুলো প্রবৃদ্ধি হ্রাসের সবচেয়ে বেশি চাপের মুখে পড়তে পারে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি বাড়ার আশঙ্কা রয়েছে।
অনিশ্চয়তা ও সতর্কতা
এডিবি বলছে, বর্তমান পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত এবং সংঘাত কীভাবে এগোবে তা নির্ভর করছে নানা পরিবর্তনশীল বিষয়ের ওপর। তাই এসব পূর্বাভাস সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। এতে জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি সরবরাহ ব্যবস্থার বিঘ্ন এবং বৈশ্বিক আর্থিক অবস্থার কড়াকড়িও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশেষজ্ঞের মন্তব্য
এডিবির প্রধান অর্থনীতিবিদ আলবার্ট পার্ক বলেন, দীর্ঘমেয়াদি জ্বালানি সংকট উন্নয়নশীল অর্থনীতিগুলোকে কঠিন পরিস্থিতির মুখে ফেলবে, যেখানে কম প্রবৃদ্ধি ও বেশি মূল্যস্ফীতির মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। তিনি সরকারগুলোকে বাজারের চাপ নিয়ন্ত্রণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষার পাশাপাশি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা গড়ে তোলার নীতিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
নীতিগত করণীয়
প্রতিবেদনে চারটি গুরুত্বপূর্ণ নীতিগত সুপারিশ তুলে ধরা হয়েছে।
প্রথমত, মূল্য নিয়ন্ত্রণের পরিবর্তে বাজার স্থিতিশীলতার দিকে নজর দিতে হবে। জ্বালানির উচ্চ মূল্য আংশিকভাবে বহাল থাকলে তা জ্বালানি সাশ্রয়, বিকল্প জ্বালানিতে বিনিয়োগ এবং জ্বালানি ব্যবহারে পরিবর্তন আনতে সহায়তা করবে। ব্যাপক ভর্তুকি বা কঠোর মূল্য নিয়ন্ত্রণ বাজার বিকৃত করতে পারে এবং দীর্ঘমেয়াদি সমন্বয় বিলম্বিত করে।
দ্বিতীয়ত, প্রয়োজন হলে আর্থিক সহায়তা লক্ষ্যভিত্তিক ও নির্দিষ্ট সময়ের জন্য দিতে হবে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী ও খাতগুলোকে অগ্রাধিকার দিতে হবে, যাতে সামাজিক চাপ কমে এবং বাজেটের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।
তৃতীয়ত, কেন্দ্রীয় ব্যাংকগুলোকে বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং মূল্যস্ফীতির প্রত্যাশার ওপর নজর রাখতে হবে। অতিরিক্ত কঠোর মুদ্রানীতি গ্রহণ করলে প্রবৃদ্ধি আরও ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আর্থিক অস্থিরতা বাড়তে পারে। তাই প্রয়োজন অনুযায়ী সীমিত কড়াকড়ি এবং কার্যকর যোগাযোগের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ।
চতুর্থত, সরকারগুলোকে জ্বালানি চাহিদা কমানোর উদ্যোগ নিতে হবে। যেমন নির্দিষ্ট তাপমাত্রা বজায় রেখে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবহারে সীমা নির্ধারণ, অপ্রয়োজনীয় আলো কমানো, বিদ্যুৎ সাশ্রয় প্রচারণা চালানো এবং বাসা থেকে কাজ বা সময় ভাগ করে অফিস পরিচালনার ব্যবস্থা করা। পাশাপাশি গণপরিবহন ব্যবহারে উৎসাহ দেওয়া এবং নির্দিষ্ট দিনে ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিত করাও জ্বালানি সাশ্রয়ে সহায়ক হতে পারে।
সারাক্ষণ রিপোর্ট 

















