হামের মতো উপসর্গ নিয়ে দেশে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। এর ফলে চলতি বছরে দেশে নিশ্চিত ও সন্দেহভাজন হামে মৃত্যুর সম্মিলিত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ মৃত্যুর ঘটনাটি সন্দেহভাজন হামজনিত মৃত্যু হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। ওই সময়ে নিশ্চিত হামজনিত মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।
সন্দেহভাজন মৃত্যু ৮৮৮
নতুন একজনের মৃত্যুর পর দেশে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৮৮৮। অন্যদিকে নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ৯৯ জনেই অপরিবর্তিত রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গযুক্ত আরও ১ হাজার ১১৪টি সন্দেহভাজন সংক্রমণের খবর পাওয়া গেছে। এর ফলে চলতি বছরে সন্দেহভাজন হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬২ জনে।
নিশ্চিত আক্রান্ত প্রায় ২০ হাজার
একই সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া নতুন হাম আক্রান্তের সংখ্যা ৪০ জন। এ নিয়ে দেশে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৬৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪২ হাজার ৪৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৩৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে থাকায় শিশুদের সুরক্ষা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করার বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















