সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগ ও ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা নিয়ে পরামর্শ দেওয়া জনপ্রিয় মুখগুলোর সংখ্যাও দ্রুত বেড়েছে। একসময় এমন পরামর্শ কেবল ধনী মানুষের জন্য পেশাদার আর্থিক বিশেষজ্ঞদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন ইউটিউব, পডকাস্ট ও বিভিন্ন সামাজিক মাধ্যমে লাখো অনুসারীর কাছে সহজেই পৌঁছে যাচ্ছেন এসব বিনিয়োগ পরামর্শদাতা। তবে তাঁদের পরামর্শে শুধু অর্থ ব্যবস্থাপনার কৌশলই নয়, বরং প্রতিফলিত হচ্ছে নিজ নিজ দেশের আর্থিক সংস্কৃতি ও মানুষের অভ্যাসও।
দেশভেদে ভিন্ন আর্থিক বাস্তবতা
সঞ্চয় গড়ে তোলা, অপ্রয়োজনীয় খরচ কমানো, প্রতারণা এড়ানো কিংবা দীর্ঘমেয়াদি পরিকল্পনার মতো বিষয়গুলোতে প্রায় সব জনপ্রিয় পরামর্শদাতার মতামত একই। কিন্তু এর বাইরে দেশভেদে তাঁদের পরামর্শে বড় ধরনের পার্থক্য দেখা যায়।
যুক্তরাষ্ট্রে জনপ্রিয় বিনিয়োগ পরামর্শদাতারা ঋণ দ্রুত পরিশোধের ওপর বিশেষ গুরুত্ব দেন। কারণ দেশটিতে অনেক পরিবার আয়ের তুলনায় বেশি ব্যয় এবং ঋণের চাপে আর্থিক সংকটে পড়ে। বিশেষ করে ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধে ব্যর্থতার হার উদ্বেগজনক হওয়ায় ঋণমুক্ত জীবনকে তারা নিরাপদ ভবিষ্যতের অন্যতম শর্ত হিসেবে তুলে ধরেন।
ব্রিটেনে বিনিয়োগের চেয়ে সঞ্চয়ে বেশি আগ্রহ
ব্রিটেনে জনপ্রিয় আর্থিক পরামর্শের বড় অংশজুড়ে থাকে দৈনন্দিন খরচ কমানো, বিভিন্ন অফারের সুবিধা নেওয়া এবং ব্যাংক বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পরিবর্তনের মাধ্যমে অর্থ সাশ্রয়ের কৌশল।
তবে বিশ্লেষকদের মতে, অতিরিক্ত সঞ্চয়মুখী এই প্রবণতার কারণে অনেক মানুষ দীর্ঘমেয়াদি শেয়ারবাজার বিনিয়োগের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। দেশটির পরিবারের আর্থিক সম্পদের তুলনামূলক ছোট একটি অংশই শেয়ারবাজারে বিনিয়োগ করা হয়, যা উন্নত অর্থনীতির অনেক দেশের তুলনায় কম।
এশিয়ায় বাড়ছে শেয়ারবাজারকেন্দ্রিক পরামর্শ
ভারত ও দক্ষিণ কোরিয়ায় জনপ্রিয় আর্থিক পরামর্শদাতাদের বড় একটি অংশ নিয়মিত শেয়ারবাজার, নতুন শেয়ার ছাড়, বিভিন্ন শিল্পখাত এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানের শেয়ার নিয়ে আলোচনা করেন। তাঁদের অনেকেই বিশেষ সদস্যদের জন্য আলাদা বিশ্লেষণধর্মী কনটেন্টও প্রকাশ করেন।
এই প্রবণতা দুই দেশের বিনিয়োগ সংস্কৃতির সঙ্গে মিল রেখে তৈরি হয়েছে। সেখানে সঞ্চয়ের হার তুলনামূলক বেশি হলেও অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী স্বল্পমেয়াদি লেনদেন এবং ঝুঁকিপূর্ণ আর্থিক পণ্যে বিনিয়োগে আগ্রহী।

অতিরিক্ত ঝুঁকি বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা
বিশ্লেষণে দেখা যাচ্ছে, স্বল্পমেয়াদি মুনাফার আশায় ঘন ঘন শেয়ার কেনাবেচা কিংবা উচ্চ ঝুঁকির আর্থিক পণ্যে বিনিয়োগ অধিকাংশ সাধারণ বিনিয়োগকারীর জন্য লাভজনক হয় না। অনেক ক্ষেত্রেই তারা ক্ষতির মুখে পড়েন।
অন্যদিকে শুধু খরচ কমানো বা সঞ্চয়ের ওপর নির্ভর করেও দীর্ঘমেয়াদে বড় সম্পদ গড়ে তোলা কঠিন। তাই বিশেষজ্ঞদের মতে, সুষম সঞ্চয়, পরিকল্পিত বিনিয়োগ এবং ঝুঁকি সম্পর্কে সচেতন থাকাই আর্থিকভাবে শক্ত ভিত্তি গড়ার সবচেয়ে কার্যকর উপায়।
অর্থ ব্যবস্থাপনার মৌলিক নীতিগুলো বিশ্বজুড়েই প্রায় একই রকম হলেও মানুষের আর্থিক অভ্যাস, সংস্কৃতি এবং অর্থনৈতিক বাস্তবতার কারণে দেশভেদে বিনিয়োগ পরামর্শের ধরন ভিন্ন হয়ে ওঠে। সেই কারণেই জনপ্রিয় বিনিয়োগ পরামর্শদাতাদের বক্তব্য অনেক সময় একটি দেশের আর্থিক আচরণের প্রতিচ্ছবি হিসেবেও দেখা যায়।
বিনিয়োগ পরামর্শদাতাদের জনপ্রিয়তা বাড়লেও সচেতন সিদ্ধান্ত, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ঝুঁকি বিবেচনায় রেখেই বিনিয়োগ করাকে সবচেয়ে নিরাপদ পথ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















