একসময় বিলাসবহুল পোশাক বা ব্যাগের পুরোনো বাজারে গিয়ে শুধু কোনো ব্র্যান্ডের নাম লিখে খোঁজ করলেই চলত। কিন্তু ২০২৬ সালে সেই চিত্র বদলে গেছে। এখন ক্রেতারা নির্দিষ্ট বছর, কাপড়, সংগ্রহ এমনকি নির্দিষ্ট পোশাকের নকশা পর্যন্ত উল্লেখ করে পণ্য খুঁজছেন। ফলে পুনর্বিক্রির বাজারে ক্রেতাদের ফ্যাশনজ্ঞান ও কেনাকাটার কৌশল দুটিই দ্রুত বদলে যাচ্ছে।
নির্দিষ্ট খোঁজে ক্রেতাদের নতুন দক্ষতা
বিলাসবহুল পণ্যের পুনর্বিক্রয় প্রতিষ্ঠান দ্য রিয়েলরিয়েলের ২০২৬ সালের প্রতিবেদন বলছে, ক্রেতাদের অনুসন্ধান এখন আগের তুলনায় অনেক বেশি নির্দিষ্ট। শুধু ‘প্রাদা ২০১০’ নয়, কেউ খুঁজছেন ‘প্রাদা ২০১০ লিনেন’ কিংবা ‘শ্যানেল ২০১৩, সংগ্রহের ৩১ নম্বর পোশাক’।
প্রতিষ্ঠানটির ব্র্যান্ডবিষয়ক প্রধান ক্রিস্টেন নাইম্যানের মতে, এই প্রবণতা দেখাচ্ছে যে মানুষ এখন পোশাক ও নকশা সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি জানেন। একই সঙ্গে তারা এমন পণ্য খুঁজছেন, যা অন্যদের থেকে আলাদা এবং ভবিষ্যতে মূল্যবান হয়ে উঠতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন পণ্য কেনার সময়ও ৪৭ শতাংশ ক্রেতা সেটির ভবিষ্যৎ পুনর্বিক্রয়মূল্য বিবেচনা করেন।
পুরোনো পোশাকের নতুন মূল্য
পুনর্বিক্রির বাজারে পুরোনো পোশাকের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে ১৫ বছর বা তার বেশি পুরোনো পোশাকের চাহিদা বেড়েছে ৪৩২ শতাংশ।
তবে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাচ্ছে ১৯৯০-এর দশকের পোশাক থেকে ২০০০-এর দশকের শুরুর দিকের পোশাকের দিকে। গত এক বছরে নব্বইয়ের দশকের পোশাকের অনুসন্ধান বেড়েছে ৬৩ শতাংশ, আর দুই হাজারের দশকের শুরুর পোশাকের অনুসন্ধান বেড়েছে ৯৩ শতাংশ।
নির্দিষ্ট কিছু ডিজাইনারের পুরোনো কাজের প্রতিও আগ্রহ দ্রুত বাড়ছে। ফিবি ফিলোর সেলিন, নিকোলা জেস্কিয়েরের বালেন্সিয়াগা এবং মার্ক জ্যাকবসের লুই ভুইতোঁ—এসব নাম ধরে অনুসন্ধান উল্লেখযোগ্য হারে বেড়েছে।
এর ফলে একসময় তুলনামূলক নতুন মনে হওয়া কিছু ব্র্যান্ডও এখন পুরোনো ও সংগ্রহযোগ্য পণ্যের মর্যাদা পাচ্ছে। দুই হাজারের দশকের অ্যাকনে স্টুডিওস ও রোদার্টের মতো ব্র্যান্ডের পোশাকও ধীরে ধীরে বিশেষ সংগ্রহের পণ্যে পরিণত হচ্ছে। এর সঙ্গে দাম বাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
নতুন ব্র্যান্ডেও বাড়ছে আগ্রহ
শুধু প্রতিষ্ঠিত বিলাসবহুল ব্র্যান্ড নয়, অপেক্ষাকৃত নতুন ও ছোট ব্র্যান্ডগুলোর প্রতিও ক্রেতাদের আগ্রহ বাড়ছে। জাপানের স্সস্টেইনের ক্ষেত্রে চাহিদা সরবরাহের তুলনায় ৩৬ গুণ দ্রুত বাড়ছে। এক বছরে এর চাহিদা বেড়েছে ৩৬১ শতাংশ, যেখানে সরবরাহ বেড়েছে মাত্র ১০ শতাংশ।
কলিন অ্যালেনের ক্ষেত্রেও চাহিদা সরবরাহের তুলনায় দ্রুত বাড়ছে। নিউইয়র্কের রুয়াধ, হেয়ারলোম ও জ্যানকভের মতো ব্র্যান্ডগুলোর প্রতিও ক্রেতাদের আগ্রহ সরবরাহের তুলনায় অনেক বেশি।
সামাজিক যোগাযোগমাধ্যম ও স্বাধীন ফ্যাশনভিত্তিক লেখালেখির মাধ্যমে মানুষ এখন ছোট ও নতুন ব্র্যান্ড সম্পর্কে দ্রুত জানতে পারছেন। ফলে প্রচলিত ফ্যাশন সংবাদমাধ্যমের বাইরেও নতুন ব্র্যান্ড আবিষ্কারের সুযোগ তৈরি হয়েছে।
চাহিদা বেশি থাকায় এসব ব্র্যান্ডের পুরোনো পণ্য সবসময় সস্তায় পাওয়া যাচ্ছে না। তবু নতুন পণ্যের তুলনায় পুনর্বিক্রির বাজারে সেগুলো তুলনামূলক কম দামে পাওয়ার সুযোগ থাকে।
ব্যাগ এখন শুধু ফ্যাশন নয়, বিনিয়োগও
ক্রেতারা এখন অনেক বেশি সচেতনভাবে ব্যাগ কিনছেন। কোন ব্যাগ ভবিষ্যতে মূল্য ধরে রাখবে কিংবা দাম বাড়াতে পারে—সেটিও কেনার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
একসময় জনপ্রিয় ছিল এমন অনেক ব্যাগ নতুন করে বাজারে ফিরছে। শ্যানেলের সার্ফ ব্যাগের নতুন সংস্করণ পুনর্বিক্রির বাজারে সবচেয়ে বেশি খোঁজা ব্যাগগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে। এক বছরে এটির অনুসন্ধান বেড়েছে ৪৬ শতাংশ।
সেন্ট লরাঁর ওয়াই টোটও জনপ্রিয় ব্যাগগুলোর তালিকায় রয়েছে। অন্যদিকে ২০২৫ সালে বাজারে আসা সেলিনের হাফমুন ব্যাগের অনুসন্ধান এক বছরে ৪৬ শতাংশ বেড়েছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে এর প্রতি আগ্রহ আরও দ্রুত বেড়েছে।
গত এক দশকে ফেন্ডির বাগেট ও লুই ভুইতোঁর মিনি স্পিডির মতো বেশ কয়েকটি ব্যাগের পুনর্বিক্রয়মূল্যও কমেনি; বরং অনেক ক্ষেত্রে তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সৃজনশীল পরিচালকের পরিবর্তনেও বদলায় বাজার
কোনো ব্র্যান্ডের সৃজনশীল পরিচালকের পরিবর্তনও এখন পুনর্বিক্রির বাজারে বড় প্রভাব ফেলছে। শ্যানেলে ম্যাথিয়ু ব্লাজির দায়িত্ব নেওয়ার পর তাঁর নকশা করা সংগ্রহগুলোর অনুসন্ধান ১০ হাজার ৯৬৭ শতাংশ বেড়েছে।
এর ফলে শ্যানেল পুনর্বিক্রির বাজারে সবচেয়ে বেশি খোঁজা ব্র্যান্ডে পরিণত হয়েছে। সেলিনের ক্ষেত্রেও নতুন সৃজনশীল পরিচালক মাইকেল রাইডারের কাজ নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয়েছে।
তবে কোনো পণ্যের প্রতি হঠাৎ আগ্রহ বাড়লেই সঙ্গে সঙ্গে বিক্রি করে দেওয়াকে সবচেয়ে ভালো কৌশল মনে করা হচ্ছে না। বাজারের উত্থান-পতনের মধ্যে ধৈর্য ধরে অপেক্ষা করাও গুরুত্বপূর্ণ।
পুনর্বিক্রির বাজারে বদলে যাচ্ছে কেনাকাটার মানসিকতা
সব মিলিয়ে বিলাসবহুল পণ্যের পুনর্বিক্রির বাজার এখন শুধু পুরোনো পোশাক বা ব্যবহৃত ব্যাগ কেনাবেচার জায়গা নয়। ক্রেতারা পণ্যের ইতিহাস, নকশাকার, সংগ্রহের বছর, উপকরণ, বিরলতা এবং ভবিষ্যৎ মূল্য—সবকিছু বিবেচনা করছেন।
ফলে পুনর্বিক্রির বাজারে ক্রেতারাও এক ধরনের ফ্যাশন বিশেষজ্ঞ হয়ে উঠছেন। তাদের এই বাড়তে থাকা জ্ঞান ও নির্দিষ্ট পছন্দ বাজারকে আরও পরিণত করছে এবং কোন পণ্য আগামী দিনে মূল্যবান হয়ে উঠবে, সে বিষয়ে নতুন এক প্রতিযোগিতাও তৈরি করছে।
সারাক্ষণ রিপোর্ট 



















