প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের নতুন ইঙ্গিত
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ব্রোঞ্জ যুগের কবরস্থান থেকে উদ্ধার হওয়া মাটির পাত্রে অ্যালকোহলের অস্তিত্ব মিলেছে। গবেষকদের মতে, ওই সময়কার মানুষ চাল ও এক ধরনের লাল ছত্রাক ব্যবহার করে গাঁজন প্রক্রিয়ায় পানীয় তৈরি করত, যা আজকের লাল চালের মদের সঙ্গে মিল রয়েছে।
মৃত্যু আচার ও সামাজিক বিশ্বাস
প্রত্নতাত্ত্বিকরা জানান, এই পানীয়টি শুধু খাদ্যসংস্কৃতির অংশ ছিল না, বরং মৃত্যুকেন্দ্রিক আচার-অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। মোগৌ কবরস্থানে এর উপস্থিতি ইঙ্গিত দেয়, জীবিত ও মৃতের মধ্যে সম্পর্ক দৃঢ় করার জন্য এমন রীতির প্রচলন ছিল।

গবেষণা ও প্রকাশনা
চীনের শি’আনের নর্থওয়েস্ট বিশ্ববিদ্যালয়, গানসু প্রাদেশিক সাংস্কৃতিক নিদর্শন ও প্রত্নতত্ত্ব ইনস্টিটিউট এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যৌথভাবে এই গবেষণা পরিচালনা করেন। চলতি বছরের অক্টোবরে আন্তর্জাতিক স্বীকৃত প্রত্নতাত্ত্বিক বিজ্ঞান সাময়িকীতে তাদের গবেষণাপত্র প্রকাশিত হয়।
কবরস্থানের ঐতিহাসিক গুরুত্ব
গানসু প্রদেশে অবস্থিত এই কবরস্থানটি খ্রিষ্টপূর্ব ১৭০০ থেকে ১১০০ সাল পর্যন্ত প্রায় ৬০০ বছর ব্যবহৃত হয়েছে। এখানে প্রায় ৫ হাজার মানুষের সমাধি রয়েছে। ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে কবরস্থানটি খনন করা হয়।

ভৌগোলিক অবস্থান ও সাংস্কৃতিক বিনিময়
তাও নদীর উজান উপত্যকায় অবস্থিত এই কবরস্থানটি ওই অঞ্চলের সবচেয়ে বড় সমাধিক্ষেত্র। এটি হলুদ নদীর অন্যতম উপনদীর কাছাকাছি এবং তিব্বত মালভূমির উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত। প্রাচীনকালে এটি মধ্য এশিয়া ও মধ্য চীনের সংযোগপথ হিসেবে গুরুত্বপূর্ণ ছিল, যেখানে দীর্ঘ সময় ধরে সাংস্কৃতিক আদান-প্রদান ঘটেছে।
গাঁজন প্রযুক্তির প্রমাণ
গবেষণায় দেখা গেছে, ওই সময়ে অ্যালকোহল তৈরির জন্য বিশেষ ধরনের গাঁজন উপাদান ব্যবহার করা হতো, যাকে চীনা ভাষায় ‘চু’ বলা হয়। এই উপাদানে শস্য, ছত্রাক ও ইস্ট একসঙ্গে মিশিয়ে পানীয় প্রস্তুত করা হতো, যা প্রাচীন চীনা মদ তৈরির প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ধরা হচ্ছে।


সারাক্ষণ রিপোর্ট 



















