দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়েছে। বুধবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে সকালে জারি করা বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণ
দাম কমানোর পর ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা করা হয়েছে।
নতুন দাম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী ক্রেতাকে নির্ধারিত মজুরি বা মেকিং চার্জ দিতে হবে।

ভ্যাট আলাদাভাবে নেওয়া যাবে না
বাজুসের নিয়ম অনুযায়ী, স্বর্ণ ও রুপার অলংকার বিক্রির ঘোষিত দামের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে বিক্রির সময় আলাদাভাবে ভ্যাট নেওয়ার সুযোগ নেই।
অলংকার পরিবর্তন ও পুনঃক্রয়ের ক্ষেত্রেও বাজুসের বিদ্যমান নিয়ম বহাল থাকবে। তবে নির্ধারিত ভ্যাট, মেকিং চার্জ ও পাথরের মূল্যসংক্রান্ত বিধান এতে প্রযোজ্য থাকবে।
দুই দিনের ব্যবধানে আবার দাম কমল
এর আগে গত ৩১ আগস্ট সকাল ১০টা থেকে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিনও প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।
![]()
তখন ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।
বছরে ১১০ বার স্বর্ণের দাম পরিবর্তন
নতুন এই সমন্বয়ের মধ্য দিয়ে ২০২৬ সালে দেশের বাজারে স্বর্ণের দাম এ পর্যন্ত ১১০ বার পরিবর্তন করা হলো। এর মধ্যে ৫৫ বার দাম বাড়ানো হয়েছে, ৫৪ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাটের কারণে মূল্য সংশোধন করা হয়েছে।
রুপার দামও কমেছে
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ১১৬ টাকা কমিয়ে ৫ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯১ টাকা করা হয়েছে।
চলতি বছরে দেশের বাজারে রুপার দাম এ পর্যন্ত ৬৭ বার সমন্বয় হয়েছে। এর মধ্যে ৩৪ বার দাম বেড়েছে এবং ৩৩ বার কমেছে।
সারাক্ষণ রিপোর্ট 



















