ছোট্ট আকারের সূর্যমুখীর বীজ শুধু মুখরোচক নাশতা নয়, পুষ্টিগুণেও বেশ সমৃদ্ধ। সালাদ, দই কিংবা বিভিন্ন খাবারের সঙ্গে সহজেই যোগ করা যায় এই বীজ। এতে উদ্ভিজ্জ আমিষ, আঁশ, অসম্পৃক্ত চর্বি, ভিটামিন ই, ম্যাগনেশিয়াম ও সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে।
পুষ্টিবিদদের মতে, সূর্যমুখীর বীজে থাকা এসব পুষ্টি উপাদান হৃদ্যন্ত্রের সুস্থতা, রোগপ্রতিরোধ ক্ষমতা এবং শরীরের কোষকে ক্ষতিকর জারণজনিত চাপ থেকে সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।
সূর্যমুখীর বীজে কী আছে
প্রায় ৩০ গ্রাম বা এক মুঠো সূর্যমুখীর বীজে প্রায় ৫ গ্রাম আমিষ এবং ৩ গ্রাম আঁশ থাকে। এ ছাড়া এতে রয়েছে ভিটামিন ই, ম্যাগনেশিয়াম ও অসম্পৃক্ত চর্বি।
হৃদ্যন্ত্রের সুস্থতায় সহায়ক
সূর্যমুখীর বীজে থাকা অসম্পৃক্ত চর্বি হৃদ্যন্ত্রের জন্য উপকারী হতে পারে। বিশেষ করে বেশি সম্পৃক্ত চর্বিযুক্ত খাবারের পরিবর্তে এটি খাদ্যতালিকায় রাখা হলে রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। ফলে সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে সূর্যমুখীর বীজ হৃদ্স্বাস্থ্যের জন্য ভালো একটি সংযোজন হতে পারে।
শরীরকে জারণজনিত ক্ষতি থেকে রক্ষা করতে পারে
সূর্যমুখীর বীজে ভিটামিন ই, ম্যাগনেশিয়াম, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডসহ বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। এসব উপাদান শরীরের কোষকে জারণজনিত চাপের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।
একই সঙ্গে এর বিভিন্ন পুষ্টি উপাদান প্রদাহ নিয়ন্ত্রণে সহায়ক খাদ্যাভ্যাসের অংশ হিসেবেও ভূমিকা রাখতে পারে।
রোগপ্রতিরোধ ক্ষমতা সমর্থন করে
সূর্যমুখীর বীজে জিংক রয়েছে, যা স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ। জিংকের পাশাপাশি ভিটামিন ই ও সেলেনিয়ামের উপস্থিতি শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রয়োজনীয় পুষ্টি জোগাতে সহায়তা করে।
কোষকে পরিবেশগত চাপ থেকে সুরক্ষায় সহায়ক
সূর্যমুখীর বীজে থাকা বিশেষ করে ভিটামিন ই ও সেলেনিয়াম শরীরে তৈরি হওয়া ক্ষতিকর মুক্ত মৌল নিষ্ক্রিয় করতে সহায়তা করে। মুক্ত মৌল কোষের ক্ষতির সঙ্গে সম্পর্কিত। তাই অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখা শরীরের কোষকে জারণজনিত চাপের বিরুদ্ধে সুরক্ষা দিতে সহায়ক হতে পারে।
পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে
ম্যাগনেশিয়াম শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় প্রয়োজন হয়। বিশেষ করে পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিদিনের খাবারে সূর্যমুখীর বীজ যোগ করলে শরীরের প্রয়োজনীয় ম্যাগনেশিয়ামের জোগান কিছুটা পূরণ হতে পারে।
শরীরে শক্তি উৎপাদনে সহায়তা করে
ম্যাগনেশিয়াম শরীরের শক্তি বিপাকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ খাবার থেকে পাওয়া পুষ্টিকে শরীরের প্রয়োজনীয় শক্তিতে রূপান্তরের প্রক্রিয়ায় এটি অংশ নেয়। সূর্যমুখীর বীজ তাৎক্ষণিকভাবে শক্তি বাড়িয়ে দেয়—এমন নয়। তবে এতে থাকা স্বাস্থ্যকর চর্বি, আমিষ, আঁশ ও ম্যাগনেশিয়ামের সমন্বয় এটিকে পুষ্টিকর নাশতা হিসেবে কার্যকর করে তোলে।
কাঁচা নাকি ভাজা—কোনটি ভালো
সূর্যমুখীর বীজ স্বাস্থ্যকর রাখতে অবশ্যই কাঁচা খেতে হবে—এমন কোনো নিয়ম নেই। কাঁচা বীজের পাশাপাশি হালকা শুকনো ভাজা বীজও সুষম খাদ্যতালিকার অংশ হতে পারে।
তবে বীজ কেনার সময় অতিরিক্ত লবণ দেওয়া, অপ্রয়োজনীয় তেল মেশানো বা বেশি সংরক্ষণকারী উপাদানযুক্ত ধরন এড়িয়ে চলাই ভালো। সহজভাবে কাঁচা বা হালকা ভাজা সূর্যমুখীর বীজ পরিমিত পরিমাণে খাওয়াই হতে পারে সবচেয়ে ভালো পছন্দ।
সুতরাং, প্রতিদিনের নাশতায় একমুঠো সূর্যমুখীর বীজ যোগ করা হতে পারে শরীরের প্রয়োজনীয় কয়েকটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায়। তবে যেকোনো খাবারের মতো এটিও পরিমিত পরিমাণে এবং বৈচিত্র্যপূর্ণ সুষম খাদ্যতালিকার অংশ হিসেবে খাওয়াই সবচেয়ে ভালো।
সারাক্ষণ রিপোর্ট 



















