বিশ্ব অর্থনীতিতে মার্কিন ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তের প্রভাব নতুন কিছু নয়। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকটির নতুন চেয়ার কেভিন ওয়ার্শ দায়িত্ব নেওয়ার পর যে বার্তা দিয়েছেন, তা বিশেষ করে এশিয়ার অর্থনীতিগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কসংকেত। অনেকেই ধারণা করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কারণে ওয়ার্শ হয়তো অপেক্ষাকৃত নমনীয় মুদ্রানীতির পথে হাঁটবেন। বাস্তবে দেখা যাচ্ছে, তিনি বরং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। এর ফলেই ডলারের শক্তি আবারও বাড়ছে, আর সেই চাপ সবচেয়ে বেশি অনুভব করছে এশিয়ার মুদ্রাগুলো।
এশিয়ার অর্থনৈতিক সাফল্যের বড় অংশই আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরশীল। একটি স্থিতিশীল ও শক্তিশালী মার্কিন অর্থনীতি তাই এই অঞ্চলের জন্য অবশ্যই ইতিবাচক। কিন্তু সমস্যা তখনই তৈরি হয়, যখন সেই শক্তি ডলারের অতিরিক্ত উত্থানের মাধ্যমে অন্য দেশগুলোর মুদ্রাকে দুর্বল করে দেয়। গত কয়েক বছরে এশিয়ার বহু দেশ নিজেদের মুদ্রার পতন ঠেকাতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার করেছে, সুদের হার বাড়িয়েছে এবং আর্থিক বাজারে সরাসরি হস্তক্ষেপ করেছে। তারা আশা করছিল, ফেডের কাছ থেকে কিছুটা স্বস্তি মিলবে। কিন্তু ওয়ার্শের প্রথম নীতিগত অবস্থান সেই প্রত্যাশাকে ভেঙে দিয়েছে।
জাপানের অভিজ্ঞতা এ ক্ষেত্রে সবচেয়ে তাৎপর্যপূর্ণ। ২০২৪ সাল থেকে ধারাবাহিকভাবে সুদের হার বাড়ানো সত্ত্বেও ইয়েনের দুর্বলতা থামানো যায়নি। দেশটির সরকার ও কেন্দ্রীয় ব্যাংক বহুবার বাজারে হস্তক্ষেপ করেছে, যাতে ডলারের বিপরীতে ইয়েনের মূল্য আরও নিচে না নেমে যায়। কিন্তু শক্তিশালী ডলারের নতুন ঢেউ সেই প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলছে। প্রশ্ন হচ্ছে, সরকার কি আবারও বিপুল অর্থ ব্যয় করে বাজারে নামবে, নাকি আরও কিছুটা দুর্বলতা মেনে নিয়ে উপযুক্ত সময়ের অপেক্ষা করবে?
বাস্তবতা হলো, মুদ্রাবাজারে শুধু অর্থ ব্যয় করাই যথেষ্ট নয়; সময় নির্বাচনও সমান গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রায়ই বিনিয়োগকারীদের মনস্তত্ত্ব বদলাতে চায়। কিন্তু যখন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক নিজেই আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়, তখন সেই মনস্তত্ত্ব বদলানো অনেক বেশি কঠিন হয়ে পড়ে। জাপানের মতো দেশের জন্য এটি কেবল অর্থনৈতিক নয়, কৌশলগত চ্যালেঞ্জও।
তবে এই সংকট জাপানের একার নয়। ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া কিংবা ফিলিপাইনের মতো অর্থনীতিগুলোও একই ধরনের চাপের মুখে রয়েছে। তাদের মুদ্রাগুলো ইতোমধ্যে ডলারের বিপরীতে দুর্বল হয়েছে, আর বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের খোঁজে যুক্তরাষ্ট্রমুখী হওয়ায় চাপ আরও বেড়েছে। বিশেষ করে ইন্দোনেশিয়ার পরিস্থিতি উদ্বেগজনক। রুপিয়াহর রেকর্ড নিম্নমুখী অবস্থান, বন্ডবাজারে আস্থার সংকট এবং জরুরি ভিত্তিতে সুদের হার বৃদ্ধি—সব মিলিয়ে দেশটি দেখিয়ে দিচ্ছে, শক্তিশালী ডলারের অভিঘাত কত দ্রুত একটি উদীয়মান অর্থনীতিকে নীতিগত চাপে ফেলতে পারে।
এই বাস্তবতা শুধু এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। তুরস্ক, দক্ষিণ আফ্রিকা বা চিলির মতো উদীয়মান বাজারগুলোও একই প্রশ্নের মুখোমুখি: নিজেদের অর্থনীতির দুর্বলতা মোকাবিলা করবে কীভাবে, যখন বৈশ্বিক আর্থিক পরিবেশ আরও কঠোর হয়ে উঠছে? অনেক দেশের জন্য অভ্যন্তরীণ নীতির দুর্বলতা এখন আরও স্পষ্ট হয়ে উঠবে, কারণ শক্তিশালী ডলার সেই দুর্বলতাগুলোকে আড়াল করার সুযোগ কমিয়ে দেয়।
অবশ্য ডলারের জন্যও পথ পুরোপুরি মসৃণ নয়। গত বছর ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি, ফেডের স্বাধীনতা নিয়ে রাজনৈতিক চাপ এবং বাজারে “সেল আমেরিকা” মনোভাব ডলারের অবস্থানকে দুর্বল করেছিল। এতে মনে হয়েছিল, বিশ্ব আর আগের মতো ডলারের ওপর নির্ভরশীল থাকবে না। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে, ডলারের প্রভাবকে দ্রুত অবমূল্যায়ন করা ঝুঁকিপূর্ণ। আন্তর্জাতিক লেনদেন, বৈদেশিক ঋণ এবং বৈশ্বিক অর্থপ্রবাহে এর আধিপত্য এখনও অটুট।
কেভিন ওয়ার্শের নেতৃত্বে ফেড একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই পরিবর্তন কেবল ওয়াশিংটনের নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ নয়; এর প্রতিধ্বনি টোকিও, জাকার্তা, সিউল, নয়াদিল্লি এবং আরও বহু রাজধানীতে শোনা যাবে। এশিয়ার দেশগুলোর সামনে এখন মূল চ্যালেঞ্জ হলো—শক্তিশালী ডলারের যুগে নিজেদের অর্থনীতিকে কীভাবে আরও স্থিতিশীল, বিশ্বাসযোগ্য এবং প্রতিযোগিতামূলক করে তোলা যায়। কারণ ফেডের নতুন বার্তা স্পষ্ট: বৈশ্বিক বাজারের স্বার্থ নয়, প্রথমে গুরুত্ব পাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনৈতিক লক্ষ্য। আর সেই বাস্তবতার সঙ্গে দ্রুত খাপ খাওয়াতে না পারলে মূল্য দিতে হবে অন্যদেরই।
ড্যানিয়েল মস্স 


















