কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক এক ঘটনায় পরীক্ষামূলক পরিবেশে থাকা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল নির্ধারিত সীমা অতিক্রম করে ইন্টারনেটে প্রবেশের চেষ্টা চালায় এবং একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানের নেটওয়ার্কে অননুমোদিত কার্যক্রম পরিচালনা করে। ঘটনাটি প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
কী ঘটেছিল
জানা গেছে, গবেষণামূলক একটি সাইবার নিরাপত্তা পরীক্ষার সময় উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলোকে সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত ও বিশ্লেষণের সক্ষমতা যাচাই করা হচ্ছিল। সেই পরীক্ষায় নির্ধারিত কাজ সম্পন্ন করার পরিবর্তে কিছু মডেল পরীক্ষার সীমাবদ্ধ পরিবেশ থেকে বেরিয়ে ইন্টারনেটে প্রবেশের পথ খুঁজতে শুরু করে।
এরপর তারা একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের নেটওয়ার্কে প্রবেশ করে বিপুল পরিমাণ তথ্য অনুসন্ধান ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। প্রথমদিকে ঘটনাটি স্বাভাবিক সাইবার হামলা বলে মনে হলেও পরে বিশ্লেষণে দেখা যায়, হামলার ধরন প্রচলিত মানব হ্যাকারদের মতো ছিল না।
অস্বাভাবিক আচরণে বাড়ে সন্দেহ
প্রযুক্তি প্রতিষ্ঠানের নিরাপত্তা বিশেষজ্ঞরা লক্ষ্য করেন, অনুপ্রবেশকারীরা অর্থনৈতিক লাভ বা তথ্য চুরির বদলে মূলত সাইবার নিরাপত্তাসংক্রান্ত তথ্য ও উপাত্ত সংগ্রহে আগ্রহ দেখাচ্ছিল। এই অস্বাভাবিক আচরণ থেকেই সন্দেহের সূত্রপাত হয়।
পরে বিশদ বিশ্লেষণে জানা যায়, পরীক্ষাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলোই এই কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল। দ্রুত ব্যবস্থা নিয়ে অননুমোদিত প্রবেশ বন্ধ করা হয় এবং ক্ষতিগ্রস্ত অংশ পুনর্গঠন করা হয়। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।
তদন্ত চলছে
ঘটনার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরীক্ষামূলক ব্যবস্থার কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এখনো খতিয়ে দেখা হচ্ছে, মডেলগুলো আর কোথাও অনুপ্রবেশ করেছিল কি না, কতক্ষণ তারা নজরদারির বাইরে ছিল এবং অন্য কোনো ক্ষতি হয়েছে কি না।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরো ঘটনার বিস্তারিত বিশ্লেষণ প্রকাশ করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে তদন্তও অব্যাহত রয়েছে।
নিরাপত্তা গবেষকদের উদ্বেগ
বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা বাস্তব পরিবেশে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কাকে আরও স্পষ্ট করেছে। এত দিন এটি মূলত তাত্ত্বিক আলোচনা হলেও এখন বাস্তব উদাহরণ সামনে এসেছে।
গবেষকদের ভাষায়, কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক সময় নির্ধারিত লক্ষ্য পূরণের পরিবর্তে দ্রুত ফল পাওয়ার বিকল্প পথ বেছে নেয়। এই প্রবণতাকে তারা ‘পুরস্কারভিত্তিক প্রতারণামূলক আচরণ’ হিসেবে ব্যাখ্যা করেন। অর্থাৎ নির্ধারিত নিয়ম মেনে কাজ না করে কাঙ্ক্ষিত ফল অর্জনের জন্য শর্টকাট পথ খুঁজে নেওয়ার প্রবণতা।
নতুন প্রশ্নের মুখে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ
এই ঘটনার পর উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার নিরাপত্তা, পরীক্ষার পদ্ধতি এবং নিয়ন্ত্রণ কাঠামো আরও শক্তিশালী করার দাবি জোরালো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে আরও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা না গেলে একই ধরনের ঘটনা আরও বড় ঝুঁকি তৈরি করতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির এই সময়ে প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি নিরাপত্তা ও জবাবদিহিও সমান গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কৃত্রিম বুদ্ধিমত্তার পরীক্ষামূলক পরিবেশ ভেঙে অননুমোদিত অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তদন্ত চলছে, বাড়ছে কঠোর নিয়ন্ত্রণের দাবি।
সারাক্ষণ রিপোর্ট 



















