মিশরে জলপথ, পানি অবকাঠামো এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন জমিতে অবৈধ দখল ও অনিয়ম দ্রুত শনাক্ত করতে ডিজিটাল স্থানিক নজরদারি ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে প্রচলিত পরিদর্শননির্ভর নজরদারির পরিবর্তে নিয়মিত ও ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকার পরিবর্তন পর্যবেক্ষণ করা হবে।
মিশরের পানি সম্পদ ও সেচমন্ত্রী হানি সিউইলাম জানিয়েছেন, মন্ত্রণালয়ের কয়েকটি কেন্দ্রীয় বিভাগে ইতোমধ্যে ‘স্পেশাল চেঞ্জেস মনিটরিং সিস্টেম’ চালু হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্ট কেন্দ্রীয় বিভাগ এবং মন্ত্রণালয়ের অধীন সব এলাকায় এই ব্যবস্থা সম্প্রসারণের কাজ চলছে।
ডিজিটাল নজরদারিতে আগেই ধরা পড়বে দখল ও অনিয়ম
সিস্টেমটির মূল লক্ষ্য হলো জলপথ, পানি অবকাঠামো ও মন্ত্রণালয়ের নিয়ন্ত্রিত জমিতে নতুন কোনো অবৈধ দখল, অননুমোদিত ব্যবহার বা অন্যান্য ভৌগোলিক পরিবর্তন ঘটলে তা প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা। এতে কোনো অনিয়ম বড় আকার ধারণ করার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।
মন্ত্রী সিউইলাম সিস্টেমটির কার্যক্রম পর্যালোচনার এক বৈঠকে বলেন, ডিজিটাল ও স্থানিক পর্যবেক্ষণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে সঠিক এবং নিয়মিত হালনাগাদ তথ্যনির্ভর আধুনিক পানি ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে।

‘ওয়াটার ২.০’ কৌশলের অংশ
নতুন ডিজিটাল উদ্যোগটি মিশরের পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘ওয়াটার ২.০’ কৌশলের অংশ। এর মাধ্যমে পরিবর্তন শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্রুত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
সিস্টেমটি শুধু নতুন অনিয়ম শনাক্ত করবে না, প্রতিটি ঘটনায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটিও পর্যবেক্ষণের সুযোগ দেবে। ফলে কোনো অভিযোগ বা লঙ্ঘনের ক্ষেত্রে কর্তৃপক্ষের পদক্ষেপের ধারাবাহিকতা ধরে রাখা সহজ হবে।
পরিকল্পনা ও মাঠপর্যায়ের পরিদর্শনে সহায়তা
ডিজিটাল প্ল্যাটফর্মটির মাধ্যমে একটি হালনাগাদ স্থানিক তথ্যভান্ডার তৈরি হবে। এই তথ্যভান্ডার ভবিষ্যৎ পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। একই সঙ্গে ডিজিটাল নজরদারিতে পাওয়া তথ্যকে মাঠপর্যায়ের পরিদর্শনের সঙ্গে যুক্ত করা হবে।

মন্ত্রণালয়ের মতে, এর ফলে সরকারি সম্পদ ও জমির ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব হবে। পাশাপাশি জলপথ ও পানি অবকাঠামোকে অবৈধ দখল এবং অনুমোদনহীন ব্যবহারের হাত থেকে সুরক্ষিত রাখার সক্ষমতাও বাড়বে।
সব এলাকায় দ্রুত বাস্তবায়নের নির্দেশ
মন্ত্রী সিউইলাম মন্ত্রণালয়ের সব কেন্দ্রীয় বিভাগ ও অধীনস্থ এলাকায় সিস্টেমটির কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এর কার্যকারিতা নিয়মিত মূল্যায়ন এবং নজরদারি, তদারকি ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সংগৃহীত তথ্যের ব্যবহার আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
মিশরের পানি ব্যবস্থাপনায় এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর নজরদারিকে আরও বিস্তৃত করার পাশাপাশি জলপথ ও পানি অবকাঠামো সুরক্ষায় আগাম ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
মিশরে জলপথ ও পানি অবকাঠামো রক্ষায় অবৈধ দখল শনাক্ত করতে ডিজিটাল স্থানিক নজরদারি ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















