তাইওয়ানকে ঘিরে সামরিক চাপ আরও বাড়াচ্ছে চীন। দ্বীপটির আকাশ ও সমুদ্রপথ অবরোধের প্রস্তুতি চীনের সামরিক বাহিনী জোরদার করছে বলে সতর্ক করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে সম্ভাব্য অবরোধ ভেঙে যোগাযোগ ও সরবরাহপথ সচল রাখার পরিকল্পনাও আরও শক্তিশালী করছে তাইপে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের চীনবিষয়ক সামরিক সক্ষমতা প্রতিবেদনে এই মূল্যায়ন উঠে এসেছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহে দেশটির আইনসভায় জমা দেওয়া হয়েছে। এর সঙ্গে আগামী পাঁচ বছরের সামরিক শক্তি উন্নয়ন পরিকল্পনা এবং আগামী বছরের প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেটও উপস্থাপন করা হয়েছে।
অবরোধকেন্দ্রিক মহড়া বাড়াচ্ছে চীন
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে চীনের সামরিক মহড়াগুলোতে তাইওয়ানের বাইরের আকাশ ও সমুদ্রপথ নিয়ন্ত্রণ এবং অবরোধের ওপর ক্রমবর্ধমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
তাইওয়ানের সামরিক বিশ্লেষণ অনুযায়ী, চীনের পরিকল্পনায় শুধু সামরিক হামলা নয়, বরং দ্বীপটির বাইরে থেকে আসা জ্বালানি, খাদ্য, সামরিক সরঞ্জাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরবরাহ বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপও গুরুত্ব পাচ্ছে।
পাল্টা প্রস্তুতিতে তাইওয়ান
সম্ভাব্য অবরোধ মোকাবিলায় তাইওয়ানও নিজেদের সামরিক পরিকল্পনা পরিবর্তন করছে। অবরোধের পরিস্থিতিতে সমুদ্র ও আকাশপথে চলাচল বজায় রাখা এবং চীনের নিয়ন্ত্রণ ভেঙে সরবরাহব্যবস্থা সচল রাখার সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে তাইপে।
চীনের সামরিক মহড়ায় অবরোধ ও নিয়ন্ত্রণের বিষয়টি যত বেশি গুরুত্ব পাচ্ছে, তাইওয়ানের প্রতিরক্ষা পরিকল্পনাতেও তত বেশি গুরুত্ব পাচ্ছে অবরোধ ভাঙার সক্ষমতা। ফলে তাইওয়ান প্রণালিকে ঘিরে সামরিক উত্তেজনা আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















