কনসার্ট, বাউল গান, লোকসংগীত, নাটক, সিনেমা প্রদর্শনী ও নৌকাবাইচসহ আইনসম্মত সাংস্কৃতিক আয়োজনে বাধা ও হামলা ঠেকিয়ে শিল্পী, আয়োজক ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি। একই সঙ্গে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাপ বা আপত্তির কারণে আইনসম্মত সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ না করারও দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়।
সংবিধানের অধিকার রক্ষার দাবি
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানে নাগরিকের আইনের আশ্রয় লাভ, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এ ক্ষেত্রে সংবিধানের ৩১, ৩২, ৩৭ ও ৩৯ অনুচ্ছেদের কথা উল্লেখ করা হয়েছে।
নোটিশ অনুযায়ী, শান্তিপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত, নাটক, লোকসংগীত, বাউল গান, চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক উৎসব, পহেলা বৈশাখ উদযাপন এবং নৌকাবাইচের মতো আয়োজন নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে এসব আয়োজনকে কেন্দ্র করে বাধা, আপত্তি এবং নিরাপত্তার কারণ দেখিয়ে অনুষ্ঠান স্থগিত বা বাতিলের ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জে কনসার্ট বাতিল, সিলেটে নৌকাবাইচ নিয়ে আপত্তি
নোটিশে সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদাহরণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে গত মাসে কিশোরগঞ্জে স্থানীয় একটি গোষ্ঠীর আপত্তির পর একটি কনসার্ট প্রশাসনিকভাবে বাতিল হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। একই সময়ে সিলেটের বিয়ানীবাজারে সুনাই নদীতে আয়োজিত নৌকাবাইচ বন্ধের দাবিও ওঠে। এছাড়া অনুপম রায়ের ঢাকার কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত হওয়ার বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়েছে।
আইনসম্মত আয়োজনে বাধা না দেওয়ার আহ্বান
নোটিশে বলা হয়, নৌকাবাইচ বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের অংশ। নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয়, যুক্তিসংগত ও আইনসম্মত নিয়ন্ত্রণ নেওয়া যেতে পারে। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাপের কারণে আইনসম্মত সাংস্কৃতিক আয়োজন বেআইনিভাবে বন্ধ করা উচিত নয়।
এতে আরও বলা হয়, নাটক, বাউল গান, লোকসংগীত, পালাগান, যাত্রা ও লোকনৃত্যের মতো কর্মকাণ্ড দেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের অংশ। এসব আয়োজনের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের হুমকি, হামলা, অপমান, হয়রানি কিংবা জোরপূর্বক অনুষ্ঠান বন্ধের চেষ্টা হলে তাদের নিরাপত্তা ও আইনগত সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।
১৫ দিনের মধ্যে পদক্ষেপের দাবি
ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন হুমকি কিংবা সহিংসতার মাধ্যমে রাষ্ট্রীয় সিদ্ধান্তকে প্রভাবিত করে আইনসম্মত সাংস্কৃতিক আয়োজন বন্ধ করতে না পারে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
আইনজীবী সাদ্দাম হোসেন অভি বলেন, বর্তমানে কনসার্ট, সংগীত অনুষ্ঠান, বাউল গান, নাটক ও সিনেমা প্রদর্শনীতে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। এসব প্রতিরোধের পাশাপাশি আয়োজক, শিল্পী, দর্শক ও সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং অনুষ্ঠানে বাধা না দেওয়ার দাবিতে তিনি নোটিশ পাঠিয়েছেন। সংশ্লিষ্টরা নিরাপত্তা নিশ্চিত না করলে হাইকোর্টে রিট করার কথাও জানিয়েছেন তিনি।
সারাক্ষণ রিপোর্ট 



















