দুবাইয়ের আবাসন খাতে বড় অগ্রগতির ইঙ্গিত দিয়ে আলদার ও দুবাই হোল্ডিং তাদের যৌথ উদ্যোগ আরও বিস্তৃত করেছে। নতুন দুটি কৌশলগত জমি যুক্ত হওয়ায় প্রায় চৌদ্দ হাজার নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার সম্মিলিত উন্নয়ন মূল্য প্রায় আটত্রিশ বিলিয়ন দিরহাম। ২০২৩ সালে শুরু হওয়া এই অংশীদারিত্বের সম্প্রসারণ আলদারের দুবাইয়ে ধারাবাহিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
নতুন আবাসন এলাকার অবস্থান ও পরিকল্পনা
প্রথম প্রকল্পটি দুবাইয়ের পূর্বাঞ্চলীয় প্রবৃদ্ধি করিডোরে নাদ আল শেবা এলাকার বিপরীতে গড়ে উঠবে। প্রায় চার মিলিয়ন বর্গমিটার জমির ওপর পরিবারকেন্দ্রিক সক্রিয় কমিউনিটি হিসেবে এখানে অ্যাপার্টমেন্ট, টাউনহাউস ও ভিলা নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি ২০২৬ সালে উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দ্বিতীয় প্রকল্পটি পাম জেবেল আলিতে গড়ে উঠবে, যা অতি বিলাসবহুল সমুদ্রতীরবর্তী আবাসন হিসেবে পরিকল্পিত। প্রায় আড়াই লাখ বর্গমিটার নির্মাণযোগ্য এলাকাজুড়ে ব্র্যান্ডেড ও নন-ব্র্যান্ডেড বাসস্থান, সরাসরি সৈকত সুবিধা এবং উচ্চমানের জীবন যাপনের অভিজ্ঞতা নিশ্চিত করা হবে। এই প্রকল্পের বিক্রি শুরু হওয়ার কথা ২০২৭ সালে। পাম জেবেল আলি দুবাই ২০৪০ নগর মহাপরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিশ্বমানের সমুদ্রতীরবর্তী বসবাসের নতুন মানদন্ড স্থাপন করবে।

পূর্ণ উন্নয়ন দায়িত্ব আলদারের
আগের চুক্তির ধারাবাহিকতায় নতুন দুই প্রকল্পের ধারণা নকশা, বিক্রি, নির্মাণ হস্তান্তর ও ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব পালন করবে আলদার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তালাল আল ধিয়েবি জানান, এই সম্প্রসারিত অংশীদারিত্ব দুবাইয়ে আলদারের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিকে শক্তিশালী করবে এবং বিশ্বে অন্যতম গতিশীল আবাসন বাজারে তাদের উপস্থিতি আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে বাসিন্দা ও বিনিয়োগকারীদের পরিবর্তিত প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনধারা ভিত্তিক কমিউনিটি গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
দুবাইয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কৌশলগত গুরুত্ব
দুবাই হোল্ডিংয়ের প্রধান নির্বাহী অমিত কৌশল বলেন, এই যৌথ উদ্যোগ দুবাই ২০৪০ নগর মহাপরিকল্পনা ও ডি তেত্রিশ এজেন্ডা বাস্তবায়নে দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। কৌশলগত জমির মূল্য উন্মোচনের মাধ্যমে উন্নত মানের আবাসন ও বাণিজ্যিক গন্তব্য তৈরি করা হবে, যা বাসিন্দা, ব্যবসা ও বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে। একই সঙ্গে দুবাইয়ের আবাসন বাজারে শক্তিশালী আস্থা ও চাহিদার প্রতিফলন ও এই সহযোগিতায় স্পষ্ট।
আলদারের সামগ্রিক উন্নয়ন পাইপলাইন ও নতুন বিনিয়োগ
এই ঘোষণার ফলে দুবাইয়ে আলদারের মোট উন্নয়নযোগ্য নির্মাণ এলাকা দাঁড়িয়েছে দুই দশমিক তিন মিলিয়ন বর্গমিটারের বেশি। যৌথ উদ্যোগের প্রথম ধাপেই দ্রুত বিক্রি ও নতুন ক্রেতাদের আগ্রহ উল্লেখযোগ্য সাফল্য এনে দেয়। সমান্তরালে আবুধাবিতে প্রায় তেইশ বিলিয়ন দিরহাম উন্নয়ন মূল্যের নতুন জমি যুক্ত করেছে আলদার, যেখানে সাদিয়াত দ্বীপ, ইয়াস দ্বীপ ও আশপাশের এলাকায় প্রায় তিন হাজার নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। ২০২৬ সাল থেকে ধাপে ধাপে এসব প্রকল্প বাজারে আনা হবে, যাতে দীর্ঘমেয়াদি আয় ও স্থিতিশীল প্রবৃদ্ধি নিশ্চিত করা যায়।
সারাক্ষণ রিপোর্ট 


















