সোনার প্রতি মানুষের আকর্ষণ নতুন নয়। কারণ সোনার নিজস্ব মূল্য আছে, দৃশ্যমান জৌলুস আছে, আর ইতিহাসজুড়ে তা সম্পদের প্রতীক হিসেবেই বিবেচিত হয়েছে। কিন্তু অর্থনীতির ইতিহাসে এমন এক সময় এসেছিল, যখন বাস্তব ধাতব সম্পদের পরিবর্তে মানুষের বিশ্বাসই হয়ে উঠেছিল মুদ্রার মূল ভিত্তি। আধুনিক বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক-নির্ভর অর্থব্যবস্থার বহু শতাব্দী আগে সেই ধারণার পরীক্ষাগার ছিল চীন।
একাদশ শতকের চীন ছিল দ্রুত বর্ধনশীল এক অর্থনৈতিক শক্তি। বাণিজ্য বাড়ছিল, শহর বিস্তৃত হচ্ছিল, বাজারের আকারও ক্রমে বড় হচ্ছিল। কিন্তু অর্থনীতির এই বিস্তারকে টিকিয়ে রাখতে গিয়ে সমস্যা তৈরি হয় ধাতব মুদ্রা নিয়ে। বিশেষ করে ব্রোঞ্জের মুদ্রার ঘাটতি তখন বড় বাধা হয়ে দাঁড়ায়। ঠিক সেই বাস্তব চাপ থেকেই সিচুয়ানের ব্যবসায়ীরা চালু করেন প্রতিশ্রুতিনির্ভর কাগুজে নোট। এই ‘জিয়াওজি’ই ছিল বিশ্বের প্রথম কাগুজে মুদ্রা।
প্রথমে এটি ছিল ব্যবসায়ীদের উদ্ভাবন, কিন্তু খুব দ্রুত রাষ্ট্র বুঝতে পারে এর রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি কত গভীর। পরে সুং রাজবংশ সরকারিভাবে ‘হুইজি’ নামে নতুন কাগুজে মুদ্রা চালু করে। এভাবেই চীন ধাতব মুদ্রাভিত্তিক অর্থনীতি থেকে রাষ্ট্র-সমর্থিত কাগুজে মুদ্রার যুগে প্রবেশ করে। আধুনিক ‘ফিয়াট মানি’ বা রাষ্ট্রীয় ঘোষণানির্ভর মুদ্রার ধারণা কার্যত তখনই জন্ম নেয়।

এই অভিজ্ঞতার গুরুত্ব বোঝার জন্য সমসাময়িক বিশ্বের দিকে তাকানো দরকার। তখন ইউরোপে কাগজের ব্যবহারই ছিল সীমিত। পশ্চিমা বিশ্বে সরকারিভাবে কাগুজে মুদ্রা চালুর উদাহরণ দেখা যায় আরও কয়েকশ বছর পরে। সপ্তদশ শতকের শেষ দিকে ম্যাসাচুসেটস বে উপনিবেশ সামরিক ব্যয়ের জন্য প্রতিশ্রুতিপত্র ছাপায়, যা পশ্চিমা কাগুজে মুদ্রার সূচনা হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ রাষ্ট্রীয় কাগুজে অর্থব্যবস্থার ধারণায় চীন বহু শতাব্দী এগিয়ে ছিল।
তবে এটি শুধু প্রযুক্তিগত উদ্ভাবন ছিল না; এর পেছনে ছিল এক ভিন্ন রাজনৈতিক দর্শন। পশ্চিমা অর্থনৈতিক চিন্তায় অর্থকে সাধারণত বাণিজ্যের প্রয়োজন থেকে জন্ম নেওয়া একটি বিনিময়মাধ্যম হিসেবে দেখা হয়, যার পেছনে সোনা বা রুপার মতো বাস্তব সম্পদ থাকে। কিন্তু চীনা রাজনৈতিক দর্শনে অর্থ ছিল রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতিফলন। অর্থের মূল্য তার ধাতব উপাদানে নয়, বরং শাসকের ঘোষণায় নিহিত—এই ধারণাই ছিল মূল ভিত্তি।
এই চিন্তার শিকড় পাওয়া যায় প্রাচীন চীনা গ্রন্থ ‘গুয়ানজি’-তে। সেখানে অর্থকে শুধু বাণিজ্যের উপকরণ নয়, বরং সামাজিক ভারসাম্য ও সম্পদের বণ্টন নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবেও বিবেচনা করা হয়েছে। ফলে রাষ্ট্র কর্তৃক ঘোষিত কাগুজে মুদ্রার ধারণা চীনা রাজনৈতিক অর্থনীতিতে অস্বাভাবিক কিছু ছিল না। বরং তা ছিল একটি যৌক্তিক সম্প্রসারণ।
কিন্তু রাষ্ট্র যখন অর্থের উৎস হয়ে ওঠে, তখন তার সঙ্গে ক্ষমতার প্রলোভনও যুক্ত হয়। ইতিহাস দেখায়, পরবর্তী রাজবংশগুলো যুদ্ধ পরিচালনা ও বিশাল নির্মাণ ব্যয়ের জন্য অতিরিক্ত কাগুজে মুদ্রা ছাপতে শুরু করে। বাস্তব সম্পদের সঙ্গে সম্পর্কহীন এই মুদ্রা দ্রুত মূল্য হারাতে থাকে। মুদ্রাস্ফীতি মানুষের আস্থা নষ্ট করে দেয়। শেষ পর্যন্ত পঞ্চদশ শতকের দিকে এসে জনগণ কাগুজে মুদ্রা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং রুপা আবার প্রধান লেনদেনমাধ্যম হয়ে ওঠে।

তবু এই ব্যর্থতা ইতিহাসে চীনের ভূমিকাকে ছোট করে না। কারণ কাগুজে মুদ্রার ধারণা মূলত আধুনিক অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যগুলোর একটি প্রকাশ করেছিল—অর্থ কেবল ধাতু নয়, এটি সামাজিক আস্থা ও রাজনৈতিক ক্ষমতার সমন্বয়ে গড়ে ওঠা এক চুক্তি।
আজকের বিশ্বে যখন কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি, ডিজিটাল কারেন্সি কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক বাড়ছে, তখন সুং, ইউয়ান ও মিং যুগের চীনের অভিজ্ঞতা নতুনভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে। বর্তমান বৈশ্বিক অর্থব্যবস্থাও শেষ পর্যন্ত বিশ্বাসনির্ভর। রাষ্ট্রের প্রতি আস্থা কমলে মুদ্রার শক্তিও দুর্বল হয়।
সাম্প্রতিক দশকগুলোতে বিশ্বের বহু দেশে মুদ্রার ক্রয়ক্ষমতা কমেছে। রাজনৈতিক উদ্দেশ্যে মুদ্রাকে অস্ত্র হিসেবে ব্যবহার, লাগামহীন অর্থছাপানো কিংবা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুদের হার নির্ধারণে অনীহা—এসব কারণে মানুষ আবার বাস্তব সম্পদের দিকে ঝুঁকছে। সোনার দাম বৃদ্ধির দীর্ঘমেয়াদি প্রবণতা সেই বাস্তবতারই প্রতিফলন।
অর্থনীতির ইতিহাস তাই শুধু বাজারের ইতিহাস নয়; এটি রাষ্ট্র, ক্ষমতা ও জনআস্থারও ইতিহাস। আর সেই ইতিহাসে চীনের কাগুজে মুদ্রা ছিল এমন এক যুগান্তকারী পদক্ষেপ, যা আধুনিক আর্থিক ব্যবস্থার ভিত্তি নির্মাণে অগ্রণী ভূমিকা রেখেছিল।
জোসে-অ্যান্টোনিও মাউরেলেট 



















