জাপানের কালজয়ী দানব গডজিলা এখন আর শুধু সিনেমার চরিত্র নয়, বরং বিশ্বজুড়ে বিস্তৃত এক বিশাল বাণিজ্যিক ও সাংস্কৃতিক সাম্রাজ্যের নাম। নতুন সিনেমা, টেলিভিশন সিরিজ, অ্যানিমে, ভিডিও কনটেন্ট থেকে শুরু করে টি-শার্ট, খেলনা ও রেসিং কার—সবখানেই এখন গডজিলার উপস্থিতি। তবে এই বিস্তারের মধ্যেই প্রশ্ন উঠছে, অতিরিক্ত ব্যবহারে কি হারিয়ে যাচ্ছে গডজিলার মূল সত্তা?
সম্প্রতি জাপানের প্রযোজনা প্রতিষ্ঠান তোহো ঘোষণা দিয়েছে, তারা “গডজিলা ওয়ার্ল্ড” নামে একটি বিস্তৃত ব্র্যান্ড কাঠামো তৈরি করছে। এর মাধ্যমে গডজিলাকে কেন্দ্র করে তৈরি হবে নতুন নতুন গল্প, চরিত্র ও বিনোদন সামগ্রী। একই সঙ্গে প্রতিষ্ঠানটি তাদের মেধাস্বত্ব রক্ষায় আরও কঠোর অবস্থানে যাচ্ছে।
দুই গডজিলার যুগ
গত এক দশকে বিশ্বজুড়ে দুটি আলাদা ধারার গডজিলা জনপ্রিয় হয়েছে। একটি জাপানের তোহো স্টুডিওর নির্মাণ, অন্যটি যুক্তরাষ্ট্রভিত্তিক লেজেন্ডারি পিকচার্সের “মনস্টারভার্স” সিরিজ। ২০১৪ সালে লেজেন্ডারির “গডজিলা” মুক্তির পর নতুন প্রজন্মের দর্শকের কাছে আবারও জনপ্রিয় হয়ে ওঠে দানবটি।
এরপর “গডজিলা এক্স কং” সিরিজসহ একাধিক চলচ্চিত্র শত শত মিলিয়ন ডলার আয় করে। পাশাপাশি অ্যাপল টিভির “মনর্ক: লেগ্যাসি অব মনস্টার্স” সিরিজেও গডজিলা ও কিং কংকে একসঙ্গে দেখানো হচ্ছে।
অন্যদিকে তোহো ২০১৬ সালে “শিন গডজিলা” এবং ২০২৩ সালে “গডজিলা মাইনাস ওয়ান” তৈরি করে ব্যাপক প্রশংসা কুড়ায়। বিশেষ করে “গডজিলা মাইনাস ওয়ান” ভিজ্যুয়াল ইফেক্টে অস্কার জিতে ইতিহাস গড়ে। এবার সেই ধারাবাহিকতায় আসছে “গডজিলা মাইনাস জিরো”।
বাণিজ্যিক বিস্তার ও শঙ্কা
তোহোর কর্মকর্তারা বলছেন, বিভিন্ন ধরনের গডজিলা একইসঙ্গে টিকে থাকতে পারে। প্রতিষ্ঠানটির “চিফ গডজিলা অফিসার” কেইজি ওতা জানিয়েছেন, নতুন নির্মাতা ও নতুন দর্শকদের জন্য গডজিলার দরজা খোলা রাখতে চায় তারা।
তবে সমালোচকদের একাংশের আশঙ্কা, অতিরিক্ত বাণিজ্যিকীকরণে গডজিলার গভীর ঐতিহাসিক ও মানবিক অর্থ ম্লান হয়ে যেতে পারে। বিশেষ করে হলিউড সংস্করণে দানবটিকে ক্রমেই বেশি কার্টুনধর্মী করে তোলার অভিযোগ উঠছে।

গডজিলার জন্ম যে ইতিহাস থেকে
১৯৫৪ সালে প্রথম “গোজিরা” চলচ্চিত্রের পেছনে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পারমাণবিক বোমার ভয়াবহ স্মৃতি। মার্কিন হাইড্রোজেন বোমা পরীক্ষার তেজস্ক্রিয়তার প্রভাব জাপানি জেলেদের ওপর পড়ার ঘটনার পর সেই আতঙ্ক থেকেই জন্ম নেয় গডজিলা চরিত্রটি।
পরিচালক ইশিরো হোন্ডা গডজিলাকে ব্যবহার করেছিলেন হিরোশিমা ও নাগাসাকির ধ্বংসযজ্ঞের প্রতীক হিসেবে। ফলে গডজিলা শুধু ধ্বংসের প্রতীক নয়, বরং মানুষের ভয়, ট্র্যাজেডি ও প্রতিরোধেরও প্রতিচ্ছবি।
আজও সেই ঐতিহ্য গডজিলার ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ। নতুন সিনেমার ট্রেলারেও হিরোশিমার ধ্বংসস্তূপের প্রতীকী ইঙ্গিত খুঁজে পাচ্ছেন অনেকে। তাই অনেকের কাছে গডজিলা নিছক বিনোদনের চরিত্র নয়, বরং ইতিহাস ও স্মৃতিরও অংশ।
গডজিলার জনপ্রিয়তা যত বাড়ছে, ততই সামনে আসছে আরেকটি প্রশ্ন—বিশ্বব্যাপী এই বিস্তার কি চরিত্রটিকে আরও শক্তিশালী করবে, নাকি একসময় তার মূল পরিচয়কে দুর্বল করে দেবে?
গডজিলা ওয়ার্ল্ড নিয়ে নতুন পরিকল্পনায় সেই উত্তরই এখন খুঁজছে তোহো।
গডজিলা সাম্রাজ্যের বিস্তার নিয়ে নতুন বিতর্ক, বাণিজ্যিক সাফল্যের মাঝেও মূল ঐতিহ্য হারানোর আশঙ্কা বাড়ছে।
সারাক্ষণ রিপোর্ট 


















