ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শেষভাগে এসে জমে উঠেছে প্লে-অফের লড়াই। গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে নিজেদের আশা বাঁচিয়ে রাখল দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে পাঞ্জাব কিংসকে হারিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হওয়া ম্যাচে পাঁচ উইকেটের জয় তুলে নেয় দিল্লি। এই জয়ে শীর্ষ চারের দৌড়ে টিকে থাকল দলটি। বর্তমানে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে থাকা দিল্লি, চতুর্থ স্থানের পাঞ্জাবের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে।
রাজস্থানের ঝড়ো শুরু, পরে ধস
প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় রাজস্থান। বৈভব সূর্যবংশী মাত্র ২১ বলে ৪৬ রান করে দলকে দ্রুত এগিয়ে নেন। তবে তার বিদায়ের পর ছন্দ হারাতে শুরু করে দলটি।
দিল্লির হয়ে দুর্দান্ত বোলিং করেন মিচেল স্টার্ক। তিনি চার উইকেট নিয়ে রাজস্থানের মধ্যক্রম একাই ভেঙে দেন। বিশেষ করে এক ওভারেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই অস্ট্রেলিয়ান পেসার। রিয়ান পরাগের ৫১ রানের ইনিংসও শেষ পর্যন্ত দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি। শেষ পাঁচ ওভারে মাত্র ২৭ রান যোগ করে রাজস্থান থামে ১৯৩ রানে।

রাহুল-পোরেলের জুটি দিল্লির ভিত গড়ে দেয়
১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল দিল্লি। ওপেনিং জুটিতে ১০৫ রান যোগ করেন অভিষেক পোরেল ও লোকেশ রাহুল। পোরেল ৫১ এবং রাহুল ৫৬ রান করেন।
পরে অধিনায়ক অক্ষর প্যাটেলের দ্রুত ৩৪ রান এবং আশুতোষ শর্মার মাত্র পাঁচ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস দিল্লিকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। চার বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
বেঙ্গালুরুর দাপুটে জয়
দিনের অন্য ম্যাচে পাঞ্জাব কিংসকে ২৩ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই জয়ের মাধ্যমে টানা তৃতীয় জয় তুলে নিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে তারা।

ধর্মশালায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তোলে ২২২ রান। ভেঙ্কটেশ আইয়ার ৪০ বলে অপরাজিত ৭৩ রান করেন। বিরাট কোহলিও খেলেন ৫৮ রানের কার্যকর ইনিংস।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাঞ্জাব। মাত্র ১৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। পরে কুপার কনলি, সূর্যাংশ শেডগে ও শশাঙ্ক সিং লড়াই করার চেষ্টা করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৯৯ রানেই থামে পাঞ্জাবের ইনিংস।
পয়েন্ট তালিকার সমীকরণ
টুর্নামেন্টের শেষদিকে এসে প্লে-অফের লড়াই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। দিল্লি, রাজস্থান ও চেন্নাইয়ের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলছে। হাতে থাকা শেষ ম্যাচগুলো এখন নির্ধারণ করবে কারা জায়গা করে নেবে শেষ চারে।
সারাক্ষণ রিপোর্ট 



















