ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত স্পেন্সার পরিবারের সদস্য আর্ল স্পেন্সার গোপনে চতুর্থবারের মতো বিয়ে করেছেন। প্রিন্সেস ডায়ানার ভাই ৬১ বছর বয়সী চার্লস স্পেন্সার সম্প্রতি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ব্যক্তিগত আয়োজনে নরওয়েজিয়ান প্রত্নতত্ত্ববিদ ড. ক্যাট জারম্যানকে বিয়ে করেন। মঙ্গলবার যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন নবদম্পতি।
বিবৃতিতে তারা জানান, সহকর্মী থেকে বন্ধুত্ব এবং পরে গভীর সম্পর্কের যাত্রাকে তারা নিজেদের জীবনের সৌভাগ্য হিসেবে দেখছেন। তাদের ভাষায়, সম্পর্কের প্রতিটি ধাপে হাসি, বোঝাপড়া এবং জীবনের প্রতি অভিন্ন ভালোবাসা কাজ করেছে।
অ্যারিজোনার সেডোনার বিখ্যাত ক্যাথেড্রাল রকের সামনে তোলা বিয়ের ছবিও প্রকাশ করেছেন তারা। বিয়ের পর ক্যাট জারম্যান এখন ‘কাউন্টেস স্পেন্সার’ উপাধি ব্যবহারের অধিকার পেয়েছেন।

পরিচয় থেকে সম্পর্ক
চার্লস স্পেন্সার ও ক্যাট জারম্যানের পরিচয় হয় ২০২১ সালে। সে সময় জারম্যানের লেখা ইতিহাসভিত্তিক বই ‘রিভার কিংস’-এর পর্যালোচনা করেছিলেন স্পেন্সার। পরে তারা একসঙ্গে ‘দ্য র্যাবিট হোল ডিটেকটিভস’ নামে একটি পডকাস্ট শুরু করেন। ধীরে ধীরে বন্ধুত্ব প্রেমে রূপ নেয়।
ড. ক্যাট জারম্যান ভাইকিং ইতিহাস নিয়ে গবেষণার জন্য পরিচিত। নরওয়েতে বেড়ে ওঠা এই প্রত্নতত্ত্ববিদ কৈশোরে এক বছর ইংল্যান্ডের বোর্ডিং স্কুলেও পড়াশোনা করেন। তিনি বিবিসির বিভিন্ন ঐতিহাসিক অনুষ্ঠানেও নিয়মিত মুখ। পাশাপাশি তিনি ‘ব্রিটিশ আর্কিওলজি’ ম্যাগাজিনের সম্পাদক হিসেবেও কাজ করছেন।
বিতর্ক ও বিচ্ছেদের প্রেক্ষাপট
এই বিয়ের খবর সামনে আসে স্পেন্সারের তৃতীয় স্ত্রী কারেন স্পেন্সারের সঙ্গে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক মাসের মধ্যেই। ১২ বছরের সংসার ভাঙার পর তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে ব্রিটিশ সংবাদমাধ্যমে আলোচনা চলছিল।
গত ডিসেম্বরেই কারেন স্পেন্সারের বিরুদ্ধে আনা একটি গোপনীয়তা লঙ্ঘনের মামলার নিষ্পত্তি হয় আদালতের বাইরে। অভিযোগ ছিল, কারেন অনুমতি ছাড়া ক্যাট জারম্যানের স্বাস্থ্যসংক্রান্ত ব্যক্তিগত তথ্য অন্যদের জানিয়েছিলেন। যদিও দায় স্বীকার না করেই বিষয়টি মীমাংসা করা হয়।
মামলার সময় স্পেন্সারের দাম্পত্য জীবনের নানা টানাপোড়েনও প্রকাশ্যে আসে। কারেন দাবি করেছিলেন, স্পেন্সার তাকে একটি বার্তার মাধ্যমে বিচ্ছেদের কথা জানান। তবে চার্লস স্পেন্সার এই অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে তিনি জারম্যানের সঙ্গে সম্পর্কের কারণে সংসার ভাঙার অভিযোগও নাকচ করেন।

এক সাক্ষাৎকারে স্পেন্সার বলেছিলেন, ক্যাট জারম্যানের সঙ্গে তিনি নিজের প্রকৃত সত্তা নিয়েই থাকতে পারেন এবং এই সম্পর্ক তার জীবনের সেরা দিকগুলোকে সামনে এনেছে।
চারটি বিয়ে, দীর্ঘ ব্যক্তিগত জীবন
চার্লস স্পেন্সারের ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। ১৯৯৭ সালে প্রথম স্ত্রী ভিক্টোরিয়া লকউডের সঙ্গে বিচ্ছেদ হয় তার। একই বছর সড়ক দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা। পরে তিনি দ্বিতীয়বার ক্যারোলিন ফ্রয়েডকে বিয়ে করেন। তৃতীয় স্ত্রী ছিলেন কারেন স্পেন্সার। বিভিন্ন সম্পর্ক থেকে তার একাধিক সন্তানও রয়েছে।
এবার ড. ক্যাট জারম্যানকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ডায়ানার ভাই।
সারাক্ষণ রিপোর্ট 



















